এবার শেয়ার কেলেঙ্কারিতে প্রাথমিক বাজারেই অতি মূল্যায়ন করে প্রথম দফা মুনাফা তুলে নিয়েছে কিছু কোম্পানি ও উদ্যোক্তা। এই প্রক্রিয়ায় প্রাক-আইপিও প্লেসমেন্ট, প্রেফারেন্স বা অগ্রাধিকার শেয়ার ছাড়া, বুক বিল্ডিং পদ্ধতি ও সরাসরি তালিকাভুক্তি, ঋণকে শেয়ারে রূপান্তর এবং রিপিট আইপিও পদ্ধতির প্রয়োগ হয়।খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে শেয়ারবাজার বিষয়ে গঠিত তদন্ত কমিটি বলেছে, ‘প্রাক-আইপিও মূল্য-কারসাজি (ম্যানিপুলেশন) এবং ফলশ্রুতিতে আকাশচুম্বী মূল্যবৃদ্ধি না ঘটানো হলে, এবারের পুঁজিবাজার ধস ঘটত না।’তদন্ত কমিটি বলেছে, স্টক এক্সচেঞ্জের বাইরে এসইসির প্রত্যক্ষ সহায়তায়, সহযোগিতায় এবং সম্ভবত শীর্ষ নির্বাহীদের সংশ্লিষ্টতায় প্রাক-আইপিও পর্যায়ে যে মূল্য-কারসাজি ঘটেছে, তা অপ্রত্যাশিত, অনৈতিক এবং সুনির্দিষ্ট সিন্ডিকেশনের ফল। প্রকৃতপক্ষে এসইসির ছত্রচ্ছায়ায় একটি ‘বেআইনি কার্ব বাজার’ সৃষ্টি করা হয়েছিল, যেখানে ‘টোকেনের মাধ্যমে শেয়ার প্লেসমেন্ট ও প্লেসমেন্ট ক্রয়-বিক্রয় সংঘটিত হয়েছে।’তদন্ত প্রতিবেদনে বেশ কয়েকটি প্লেসমেন্ট শেয়ার বিক্রির উদাহরণ রয়েছে। এর একটি এসটিএস হোল্ডিং (বাংলাদেশে অ্যাপোলো হাসপাতালের মূল প্রতিষ্ঠান)। এই কোম্পানির শেয়ারপ্রতি আয় ১.৪৪ টাকা। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত এটা ছিল লোকসানি কোম্পানি। অথচ বুক বিল্ডিংয়ে এর নির্দেশক মূল্য হয় ১২৫ টাকা। তার আগেই মাত্র ১৫ টাকা করে অর্ধেকের বেশি শেয়ার প্লেসমেন্টের মাধ্যমে বিক্রি করে কোম্পানিটি। তবে কাদের কাছে বিক্রি করা হয়েছে, তা জানানো হয়নি। বিষয়টি এসইসি তদন্তও করেনি এবং যথার্থতাও দেখেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।বুক বিল্ডিং পদ্ধতিতে নির্দেশক মূল্য বেশি দেখানোর আরেকটি বড় উদাহরণ হিসেবে প্রতিবেদনে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড বা কেপিসিএলের নাম। ২০০৯ সাল শেষে কোম্পানির শেয়ারপ্রতি আয় যেখানে ছিল ২ দশমিক ৭৯ টাকা এবং প্রকৃত সম্পদমূল্য ছিল ১৮ দশমিক ৫৩ টাকা, সেখানে প্রতি শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ হয় ১৬২ টাকা। এই মূল্য শেয়ারপ্রতি আয়ের ৫৮ গুণের বেশি ও প্রকৃত সম্পদের নয় গুণ। আবার শেয়ারটির প্রারম্ভিক বিক্রয়মূল্য নির্ধারিত হয় ১৯৪ দশমিক ২৫ টাকা, যা একাধারে শেয়ারপ্রতি আয়ের ৬৯ গুণের বেশি, প্রকৃত সম্পদের ১০ দশমিক ৫ গুণ ও নির্দেশক মূল্যের ২০ শতাংশ বেশি। তদন্ত কমিটি বলেছে, ‘এ ধরনের দর হাঁকানো কারসাজিমূলক বা সহযোগিতাপূর্ণ মূল্য নির্ধারণকে নির্দেশ করে।’প্রাতিষ্ঠানিক ক্রেতারা ১৯৪ দশমিক ২৫ টাকা দরে প্রায় ১০১ কোটি টাকা মূল্যের ৫২ লাখ ১৪ হাজার ৮২৫টি শেয়ার কিনে নেয়। এই পরিমাণ শেয়ার কোম্পানির বিক্রীত শেয়ারের ১১ শতাংশ। তদন্ত কমিটি বলছে, অভিযোগ পাওয়া গেছে যে মাত্রাতিরিক্ত নির্দেশক মূল্য নির্ধারণে সহায়তা করার পেছনে আর্থিক প্রণোদনা কাজ করেছে। কমিটি তাদের পর্যালোচনায় আরও বলেছে, প্রকৃত সম্পদমূল্য হিসাব করার সময় প্রায় এক কোটি টাকার দায় এবং পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ারের বিপরীতে ১১ কোটি টাকার দায় হিসাবে ধরা হয়নি। এই দায় হিসাবে নিলে শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য হতো ১৮ দশমিক ৫৩ টাকার বদলে ১৩ দশমিক ২০ টাকা।কেপিসিএলের শেয়ারটির লেনদেনের প্রথম দিনের (১৮ এপ্রিল ২০১০) সমাপনী দর ছিল ২৭৩ দশমিক ৬ টাকা। আর ২৫ মে অবিশ্বাস্য পরিমাণে অর্থাৎ ২১৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ারের লেনদেন হয়েছে। ২৪ মে ৩৮ লাখ ৮৪ হাজার ৫০০টি শেয়ার ২৭টি ব্লক বাণিজ্যে ২০০ টাকা করে ৭৭ কোটি ৬৯ লাখ টাকায় লেনদেন হয়। শেয়ারটির উদ্যোক্তা পক্ষ লেনদেনের প্রথম ৩০ দিনে নিজেদের অংশের ২৫ শতাংশ শেয়ার বিক্রির জন্য সম্মত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিন্তু এর শেষ সাত দিনে বিক্রি হয় দুই কোটি ৮৯ লাখ ৩৯ হাজার ১২৫টি শেয়ার, যা তাদের মোট প্রস্তাবিত শেয়ার বিক্রির ৬১ দশমিক ৬৫ শতাংশ। প্রতিবেদন অনুসারে, কিছুসংখ্যক ক্রেতা সম্মিলিত প্রচেষ্টায় এই শেয়ারগুলোর একটি অংশ কিনে নেয়। আবার ডিএসইর ব্রোকারেজ প্রতিষ্ঠান সাব-ভ্যালি সিকিউরিটিজের মাধ্যমে শেয়ার বিক্রি হয়েছে। অথচ সাব-ভ্যালি প্রথমে নির্ধারিত পাঁচ ব্রোকারের একটি ছিল না। আর ৩০ দিন শেষে শেয়ারের দাম ১৭০ টাকায় নেমে যায়, আর বাড়েনি।যোগাযোগ করা হলে কেপিসিএলের মালিকপক্ষ সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান প্রথম আলোকে বলেন, তদন্ত প্রতিবেদনে যে বিধিবিধানগুলোর কথা বলা হয়েছে, তা সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তিনি বলেন, নির্দেশক মূল্য নির্ধারণের দায়িত্ব ছিল বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের ওপর। আর কেপিসিএলের নিরীক্ষার কাজ করানো হয়েছে রহমান রহমান হক ও আন্তর্জাতিকভাবে খ্যাত কেপিএমজিকে দিয়ে।আজিজ খান আরও বলেন, শর্ত ছিল ৩০ দিনের মধ্যে প্রত্যেকের কমপক্ষে ২৫ শতাংশ শেয়ার বাজারে বিক্রি করতে হবে। প্রথম দিকে দাম বেশি ছিল। কারণ তখন সরবরাহ কম ছিল। তিনি বলেন, ‘আমরা কিন্তু পারতাম সে সময় সব শেয়ার বিক্রি করতে। আমরা তা করিনি বিনিয়োগকারীদের প্রতি আমাদের ভালো মানসিকতার কারণে।’ তিনি আরও বলেন, শেষের সাত দিনে ব্লক ট্রেড হয়েছে। এ সময় শেয়ার সাধারণ বিনিয়োগকারী কেনেনি। আবার পরে দাম কমে গেছে। তাই যারা ব্লক ট্রেড করেছে, তারা কিন্তু লাভবান হয়নি। ফলে তদন্ত কমিটি যা বলতে চেয়েছে, তা ঠিক নয়।আজিজ খান আরও বলেন, খুলনা পাওয়ারের ১১৫ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিট এবং খানজাহান আলী পাওয়ার কোম্পানির ৪৪ মেগাওয়াট ক্ষমতার কেন্দ্র দুটি বর্তমানে পরীক্ষামূলক উৎপাদনে রয়েছে। শেয়ারবাজার থেকে তোলা টাকা এসব প্রকল্পে বিনিয়োগ করা হয়েছে।তদন্ত প্রতিবেদনে সাতটি কোম্পানির অগ্রাধিকার বা প্রেফারেন্স শেয়ার ছাড়ার তথ্য দেওয়া হয়েছে। বলা হয়েছে, বাংলাদেশের পুঁজিবাজারে অধিকাংশ ক্ষেত্রেই মাত্র দু-তিন মাসের জন্য অগ্রাধিকার শেয়ার ছাড়া হয়েছে। সামিট পাওয়ার ও পিপলস লিজিং মাত্র এক মাসের জন্য অগ্রাধিকার শেয়ার ছেড়ে বাজার থেকে অর্থ সংগ্রহ করেছে।এতে আরও বলা হয়েছে, অগ্রাধিকার শেয়ারগুলো সাধারণ শেয়ারে রূপান্তরের সময় বাজারমূল্যের গড়ের চেয়ে ২৫ থেকে ৪৫ ভাগ ছাড় দেওয়া হয়েছে। কিন্তু রূপান্তরের আনুপাতিক হার এমনভাবে করা হয়েছে, যাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কোম্পানি বেশ কিছু প্রিমিয়াম (উপরি মূল্য) পায়। যেমন: ১০ টাকার অগ্রাধিকার শেয়ার মেয়াদ শেষে তিনটি সাধারণ শেয়ারে রূপান্তরিত হয়েছে অর্থাৎ ১০: ৩ অনুপাত। অগ্রাধিকার শেয়ার ছেড়ে অর্থ সংগ্রহকারী কোম্পানিগুলোর মধ্যে আছে: এস আলম কোল্ডরোল স্টিল, বাংলাদেশ-থাই, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, পিপলস লিজিং ও বিডি কম।ব্যক্তি খাতে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রিমিয়াম বা উপরি মূল্যে শেয়ার বিক্রির মাধ্যমে পাঁচটি কোম্পানি বড় অঙ্কের মুনাফা তুলে নিয়েছে। এগুলো হলো—আরএকে সিরামিকস, এমজেএল লিমিটেড (প্রস্তাবিত), এমআই সিমেন্ট (প্রস্তাবিত), কেপিসিএল ও ওশান কনটেইনার। তদন্ত কমিটি বলেছে, এমজেএল ও এমআই সিমেন্ট অতি উচ্চ প্রিমিয়ামে অর্থ সংগ্রহ করেছে। সে তুলনায় আরএকে সংযতভাবে গ্রহণযোগ্য প্রিমিয়ামে পুঁজি সংগ্রহ করেছে। তাই আরএকের বাজারমূল্য সেভাবে হ্রাস না পাওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হননি।প্রতিবাদ: প্রথম আলোতে গতকাল প্রকাশিত ‘লোভের ফাঁদ তৈরি করে শেয়ার কারসাজি’ শীর্ষক প্রতিবেদনে মোসাদ্দেক আলীর ফালুর একান্ত সচিব হাসিব হাসান খান প্রতিবাদ পাঠিয়েছেন। তিনি বলেছেন, শেয়ারের মূল্য বাড়ানো বা কমানোর কোনো কৌশলের সঙ্গেই মোসাদ্দেক আলী জড়িত ছিলেন না। পুঁজিবাজারের মূল্যসূচক যখন ৮৩০০-তে পৌঁছায়, তখন মোসাদ্দেক আলী কোনো শেয়ার তাঁর হিসাব থেকে বিক্রি করেননি। তিনি মোসাদ্দেক আলীর সাউথইস্ট মার্চেন্ট ব্যাংকের মতিঝিল শাখায় নিজ নামে খোলা হিসাবের প্রমাণাদি পাঠিয়েছেন। বলেছেন, এই হিসাবে তিনি এক লাখ ৫১ হাজার ৬০৫টি আইএফআইসি ব্যাংকের শেয়ার ক্রয় করেন, যার প্রতিটির মূল্য ছিল এক হাজার ১৪১ দশমিক ৬৪ টাকা। আর ডিসেম্বরে ৮৩০০ সূচকের সময় এই শেয়ারের বাজারদর ছিল এক হাজার ৬০০ টাকার ওপরে। কিন্তু তার পরও এই শেয়ার বিক্রি করা হয়নি। সুতরাং অস্বাভাবিক দরপতনের সঙ্গে মোসাদ্দেক আলীর জড়িত থাকার অভিযোগটি অবাস্তব, ভিত্তিহীন ও মিথ্যা।এসইসির সাবেক সদস্য এ কে এম সাহাবুব আলম গতকালের এবং ৯ এপ্রিল প্রকাশিত ‘কারসাজিতে জড়িত ৬০ ব্যক্তি’ শীর্ষক প্রতিবেদনে তাঁর নাম উল্লেখ থাকায় এর প্রতিবাদ করেছেন। বলেছেন, ‘তদন্ত প্রতিবেদনে কারসাজির সঙ্গে আমাকে সম্পৃক্ত করা হয়নি। তথাপি উক্ত প্রতিবেদনে আমার নাম উল্লেখ করে আমাকে হেয় করা হয়েছে ও সুনাম ক্ষুণ্ন করা হয়েছে।’ ৯ এপ্রিলের প্রতিবেদন সম্পর্কে তিনি বলেছেন, ‘আমি অর্থের বিনিময়ে বিভিন্ন ধরনের প্রস্তাব অনুমোদন করানোর ব্যবস্থা করি বলা হয়েছিল, যা তদন্ত প্রতিবেদনে উল্লেখ নেই।’প্রতিবেদকের বক্তব্য: তদন্ত প্রতিবেদন এবং গণমাধ্যমে ইব্রাহিম খালেদের দেওয়া বক্তব্যের ওপর ভিত্তি করেই প্রথম আলোর প্রতিবেদনগুলো প্রস্তুত করা হয়েছে।