প্রাথমিক বিদ্যালয়ে ২০ হাজার খণ্ডকালীন শিক্ষক নিয়োগ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় ২০ হাজার খণ্ডকালীন শিক্ষক ও ৩৭ হাজার ৬৭২ জন স্থায়ী নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগের প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় জানানো হয়, ছুটিজনিত ও অন্যান্য কারণে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য সরকার খণ্ডকালীন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী সময়ে যোগ্যতার ভিত্তিতে এসব খণ্ডকালীন শিক্ষকদের মধ্য থেকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া যেসব প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে সেসব বিদ্যালয়ে জরুরিভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। সভায় বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট (সংশোধন) বিল, ২০১০ চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য আতিউর রহমান আতিক সাংবাদিকদের বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোয় শিক্ষক সংকট রয়েছে। অনেক স্কুলে কোনো শিক্ষক অসুস্থ হলে ক্লাস বন্ধ হয়ে যায়। এ জন্য কমিটি গত বছরই প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত শিক্ষকদের পাশাপাশি খণ্ডকালীন শিক্ষক নিয়োগের সুপারিশ করেছিল।