প্রাথমিক বৃত্তি ১০ শতাংশ বাড়ল
প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের বৃত্তির সংখ্যা ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক সমাপনী পরীক্ষার ভিত্তিতে ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) ও সাধারণ বৃত্তি কোটায় এ সংখ্যা বাড়ানো হবে। ফলে প্রাথমিক বিদ্যালয়ের ৫০ হাজারের পরিবর্তে ৫৫ হাজার শিক্ষার্থী এ সুবিধার আওতায় আসবে।আজ বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১০ শতাংশ বাড়ানো হয়েছে। মন্ত্রণালয় এ সংখ্যা দ্বিগুণ করার জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব করেছিল।জানা গেছে, ২০০৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও এ সুবিধার আওতায় আসবে। ১০ শতাংশ বৃত্তি বাড়ানোর কারণে অতিরিক্ত এক কোটি নয় লাখ ৫০ হাজার টাকা ব্যয় হবে। চলতি বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা অধিদপ্তরের অনুকূলে এ অর্থ বরাদ্দও দিয়েছে অর্থ মন্ত্রণালয়।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি কোটায় ২০১০ সালে ৫০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষা অধিদপ্তরের জন্য বরাদ্দ করা চলতি বাজেটের অর্থ থেকেই এ টাকা ব্যয় করার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ১০ শতাংশ বৃদ্ধির কারণে ট্যালেন্টপুলে ২২ হাজার ও সাধারণ কোটায় ৩৩ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। আগে এ সংখ্যা ছিল যথাক্রমে ২০ হাজার ও ৩০ হাজার। ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া একজন শিক্ষার্থী প্রতিবছর দুই হাজার ৫৫০ টাকা ও সাধারণ কোটায় এক হাজার ৯৫০ টাকা পেয়ে থাকে।