সংগীতব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই আহমেদ মিরাজের লাশের প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর কোনো কারণ উল্লেখ করা হয়নি। এই প্রতিবেদন ১২ মার্চ ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পাঠানো হয়।মিরাজ হত্যা মামলার তদন্ত তদারক কর্মকর্তা ও পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, প্রাথমিক ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মিরাজের ঠোঁটের নিচে কালচে দাগ ও ডান কানের ওপর ছিলা জখম রয়েছে। প্রতিবেদনে মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। পড়ে গিয়েও কারও ছিলা জখম হতে পারে। তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখন ভিসেরা পরীক্ষার প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।রাজধানীর নিকুঞ্জ-১ সংলগ্ন কুড়িল উড়ালসড়কের নিচে রেললাইনের পাশ থেকে ৯ মার্চ দিবাগত রাত একটার পর মিরাজের রক্তাক্ত লাশ উদ্ধার করে খিলক্ষেত থানার পুলিশ। ১০ মার্চ ঢাকা মেডিকেল কলেজ মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত হয়। হত্যার ঘটনায় আহমেদ ইমতিয়াজ মঙ্গলবার সকালে খিলক্ষেত থানায় হত্যা মামলা করেন।পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তকারী কর্মকর্তা ১০ মার্চ মিরাজের পাকস্থলী, লিভার ও কিডনির অংশবিশেষ সংগ্রহ করে সেসব পরীক্ষার জন্য মহাখালীর রাসায়নিক পরীক্ষাগারে পাঠিয়েছেন। নিহত ব্যক্তিকে মৃত্যুর আগে কিছু খাওয়ানো হয়েছিল কি না বা তিনি কিছু খেয়েছিলেন কি না এবং এ কারণে মৃত্যু হয়েছে কি না, তা নির্ণয়ের জন্য ভিসেরা পরীক্ষা করানো হয়। মিরাজের ভিসেরা পরীক্ষার প্রতিবেদন গতকাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ মর্গে পৌঁছায়নি।মিরাজের লাশের ময়নাতদন্তকারী ও ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক সোহেল মাহমুদ ১০ মার্চ সাংবাদিকদের বলেছিলেন, মিরাজের মাথার পেছনে আঘাতের চিহ্ন ও নাকের হাড় ভাঙা ছিল। নাক-মুখ চেপে ধরে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।গতকাল সন্ধ্যায় এ ব্যাপারে জানতে চাইলে সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, প্রাথমিক মতামতের ভিত্তিতে ময়নাতদন্তের এই প্রতিবেদন দেওয়া হয়েছে। ভিসেরা প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত মতামত দিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করে আবার থানায় পাঠানো হবে।তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর কারণ উল্লেখ না থাকায় তদন্ত করতে গিয়ে পুলিশকে বিপাকে পড়তে হচ্ছে।মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) কে এম আশরাফউদ্দিন বলেন, তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। থানার পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র্যাবও এই মামলার তদন্ত করছে। তিনি বলেন, মিরাজের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ ছিল এমন কয়েকজনের সঙ্গে তাঁরা কথা বলেছেন।অবশ্য তদন্ত তদারক কর্মকর্তা লুৎফুল কবির বলেন, অতি গুরুত্বসহ এই মামলার তদন্ত চলছে। হত্যার বিষয়ে এ পর্যন্ত পাওয়া তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।