প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ছয় হাজার কেন্দ্রে আজ মঙ্গলবার থেকে একযোগে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে। প্রথম দিন অনুষ্ঠিত হবে বাংলা পরীক্ষা। আগামী ২৯ নভেম্বর পরীক্ষা শেষ হবে। প্রতিদিন বেলা ১১টায় পরীক্ষা শুরু হবে, চলবে দুই ঘণ্টা।খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে সবচেয়ে বড় এ পাবলিক পরীক্ষায় ২৪ লাখ ৮৮ হাজার ১৪৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে অর্ধেকের বেশি পরীক্ষার্থী মেয়ে। এবারের পরীক্ষার্থীদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর সংখ্যা এক হাজার ৮৭৮ জন।দেশের বিভিন্ন বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর মোট ২১ লাখ ৫৭ হাজার ১৫ পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী আর সমমানের তিন লাখ ৩১ হাজার ১৩৩ জন মাদ্রাসা শিক্ষার্থী ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। ছাত্রীর সংখ্যা বেশি: এবার প্রাথমিক ও ইবতেদায়ি দুই দিকেই ছাত্রীর সংখ্যা বেশি। প্রাথমিক শিক্ষা সমাপনীতে ১১ লাখ ৪৯ হাজার ৯৬০ জন ছাত্রী অংশ নিচ্ছে, যা মোট পরীক্ষার্থীর অর্ধেকের বেশি। আর ছাত্র ১০ লাখ সাত হাজার ১০৮ জন। ইবতেদায়ি পরীক্ষায়ও মোট পরীক্ষার্থীর অর্ধেকের বেশি ছাত্রী (এক লাখ ৭৬ হাজার ৩৮২ জন)। আর ছাত্র এক লাখ ৫৪ হাজার ৭৫১ জন।পরীক্ষাকেন্দ্র: বিদ্যালয় ও মাদ্রাসা মিলিয়ে এবার মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছয় হাজার। এর মধ্যে দুর্গম কেন্দ্রের সংখ্যা ১৬৬টি। আর দেশের বাইরে সাতটি কেন্দ্রে ৩৬৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ছাত্র ১৭০ ও ছাত্রী ১৯৬ জন। দেশের বাইরে রিয়াদ, জেদ্দা, আবুধাবি, কাতার, ত্রিপোলি, সিঙ্গাপুর ও বার্লিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সমাপনী পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠান করতে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষা চলাকালে এ সিদ্ধান্ত বলবৎ থাকবে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।এদিকে গতকাল সোমবার অষ্টম শ্রেণীর স্থগিতকৃত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ নভেম্বর পরীক্ষা দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।