প্রাথমিক শিক্ষা সমাপনীর ফল কাল মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীর ফল কাল মঙ্গলবার প্রকাশিত হবে। এ ছাড়া অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশিত হবে ৩১ ডিসেম্বর।ওয়েবসাইট ও মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও জানা যাবে এসব ফল। সারা দেশ থেকে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী ওই দুটি পাবলিক পরীক্ষায় অংশ নেয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে পাসের হার গতবারের চেয়ে কিছুটা বেড়েছে। গতবার পাসের হার ছিল ৮৮ শতাংশ। কাল দুপুর ১২টায় এবারের ফল প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রথম আলোকে জানান, জেলা ও উপজেলা পর্যায়ে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে। এ ছাড়া অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) ও মুঠোফেনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও ফল জানা যাবে।প্রসঙ্গত, গত ২৩ নভেম্বর সারা দেশে ছয় হাজার কেন্দ্রে একযোগে শুরু হয়েছিল প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। পরীক্ষায় প্রায় ২৫ লাখ শিক্ষার্থী অংশ নেয়। দেশের বিভিন্ন বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর মোট ২১ লাখ ৫৭ হাজার ১৫ পরীক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী আর সমমানের তিন লাখ ৩১ হাজার ১৩৩ জন মাদরাসা শিক্ষার্থী ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিল। এর মধ্যে দুই লাখ ৮১ হাজার ১২১ জন পরীক্ষায় অংশ নেয়নি। বিভিন্ন অভিযোগে বহিষ্কার হয়েছে ৬৬১ জন।জেএসসি: অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জেএসসি ও সমমানের মাদরাসা শিক্ষার্থীদের জেডিসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি জানান, ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেওয়ার পর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হবে। মাধ্যমিক (এসএসসি) ও উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলের মতো জেএসসি, জেডিসির ফলাফলও নিজ নিজ প্রতিষ্ঠান ছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, ই-মেইল ও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানা যাবে।আটটি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে গত ৪ নভেম্ববর জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়ে ২২ নভেম্বর শেষ হয়। পরীক্ষায় ১৫ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৩৩ হাজার ৩৯১ জন জেএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুই লাখ ৭২ হাজার শিক্ষার্থী জেডিসি পরীক্ষা দেয়।