জাতীয় শিক্ষানীতি ২০১০-এর খসড়া চূড়ান্ত আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। আবুল কালাম আজাদ বলেন, প্রস্তাবিত শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক শিক্ষাকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত করা হয়েছে। প্রাক-প্রাথমিক শিক্ষা চালু ও মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নের বিধান রাখা হয়েছে। এতে বলা হয়েছে, পঞ্চম শ্রেণী শেষে সমাপনী এবং অষ্টম শ্রেণী শেষে সার্টিফিকেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর জাতীয় শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়। ২০০৯ সালের ৮ এপ্রিল জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীকে প্রধান করে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি গঠন করা হয়। গত বছরের ২ সেপ্টেম্বর কমিটি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে শিক্ষানীতির খসড়া জমা দেয়। এটি পরে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।বার্তা সংস্থা বাসস জানায়, এই শিক্ষানীতির বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাধ্যমিক শিক্ষা চালু। প্রাথমিক শিক্ষা হবে সম্পূর্ণ অবৈতনিক সর্বজনীন ও বাধ্যতামূলক। মাধ্যমিক পর্যায়ের শিক্ষাকেও পর্যায়ক্রমে অবৈতনিক করা হবে।শিক্ষানীতিতে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষায় পাঁচ বছরের অধিক বয়স্ক শিশুদের জন্য এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষা চালু, আদিবাসী শিশুদের নিজের ভাষা শেখার জন্য আদিবাসী শিক্ষক ও পাঠ্যপুস্তক এবং পঞ্চম শ্রেণীর ফলাফলের ওপর বৃত্তির ব্যবস্থা এবং সব শিক্ষার্থীর জন্য নিজ নিজ ধর্মের ও নৈতিক শিক্ষা চালু করা।মাধ্যমিক শিক্ষার স্তর হবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। মাধ্যমিক শিক্ষার স্তরে সাধারণ, মাদ্রাসা ও বৃত্তিমূলক শিক্ষার ধারায় বাংলা, ইংরেজি, গণিত, তথ্যপ্রযুক্তির ও বাংলাদেশ স্টাডিজ শিক্ষায় অভিন্ন শিক্ষাক্রম ও পাঠ্যসূচি অনুসরণ করা হবে। এ ছাড়া দ্বাদশ শ্রেণী শেষে সমাপনী পরীক্ষা উপজেলা/পৌরসভা/থানা পর্যায়ে অভিন্ন প্রশ্নপত্রের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ব্যবস্থার কথা শিক্ষানীতিতে বলা হয়েছে।শিক্ষানীতিতে উচ্চশিক্ষা সম্পর্কে বলা হয়েছে, তিন বছর মেয়াদি ডিগ্রি কোর্সকে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠানে চার বছর মেয়াদি অনার্স কোর্সে রূপান্তরিত করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নির্বাচন এবং তাঁদের প্রশিক্ষণদানের জন্য বেসরকারি শিক্ষা কমিশন গঠন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় বিকেন্দ্রীকরণের লক্ষ্যে শিক্ষানীতিতে বিভাগীয় সদরে কেন্দ্র স্থাপনের প্রস্তাব করে বলা হয়েছে, পরে এই কেন্দ্রগুলো নিজ নিজ এলাকায় অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে।শিক্ষানীতিতে অষ্টম শ্রেণী শেষে প্রাথমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষায় প্রবেশের সুযোগ সৃষ্টির কথা বলা হয়েছে। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হবে। এ ছাড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, টেক্সটাইল ইনস্টিটিউট ও লেদার ইনস্টিটিউটের সংখ্যা বৃদ্ধির প্রস্তাবও শিক্ষানীতিতে করা হয়েছে।মাদ্রাসা শিক্ষা সম্পর্কে বলা হয়েছে, এই শিক্ষার সঙ্গে অন্যান্য ধারার সমন্বয় রেখে এবতেদায়ি পর্যায়ে ধর্ম, নৈতিক শিক্ষাসহ নির্দিষ্ট শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী নির্ধারিত বিষয়গুলো অর্থাত্ বাংলা, ইংরেজি, নৈতিক শিক্ষা, বাংলাদেশ স্টাডিজ, গণিত, সামাজিক পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ধারণাসহ প্রাকৃতিক পরিবেশ পরিচিতি, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান বাধ্যতামূলকভাবে পড়ার প্রস্তাব করা হয়েছে। একইভাবে মাধ্যমিক পর্যায়েও নির্ধারিত বিষয়গুলো বাধ্যতামূলক করার কথা বলা হয়।প্রস্তাবিত শিক্ষানীতিতে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষকতায় আগ্রহী এবং সঠিকভাবে দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করার লক্ষ্যে যথাযথ বিবেচনা করে সর্বস্তরের শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের উন্নতমানের প্রশিক্ষণ প্রদান ও সমন্বিত শিক্ষা আইন প্রবর্তন এবং স্থায়ী শিক্ষা কমিশন গঠনের পদক্ষেপ নেওয়ার কথাও শিক্ষানীতিতে বলা হয়।এ ছাড়া আজকের বৈঠকে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন আইন-২০১০ এবং ক্যাডার-বহির্ভূত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তা (শুল্ক, আবগারি ও ভ্যাট) নিয়োগ ও কর্মের শর্তাবলি আইন-২০১০, কাস্টমস আইন-১৯৬৯ এবং মূল্যসংযোজন কর ১৯৯১-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করা হয়।মন্ত্রিসভায় ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০১০’-এরও খসড়া প্রস্তাব অনুমোদন করা হয়।আজকের বৈঠকে এশীয় উন্নয়ন ব্যাংকের বোর্ড অব গভর্নরসের ৪৩তম বার্ষিক সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর জেনেভা ও সংযুক্ত আরব আমিরাত সফর এবং ডি-৮ ভুক্ত দেশগুলোর শিল্পমন্ত্রীদের বৈঠকে শিল্পমন্ত্রীর অংশ নেওয়ার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদসচিব, সংশ্লিষ্ট সচিবেরা ও প্রেসসচিব উপস্থিত ছিলেন।