প্রাথমিক শিক্ষার উন্নয়নে ২২ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক শিক্ষার উন্নয়নে তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৩) নামে বিশাল কর্মসূচি হাতে নিতে যাচ্ছে সরকার। পাঁচ বছর মেয়াদি ওই কর্মসূচিতে শুধু উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২২ হাজার ১৯৬ কোটি ৬৪ লাখ টাকা। শিক্ষা খাতে এ পর্যন্ত এটিই সবচেয়ে বড় কর্মসূচি।তবে শিক্ষকদের বেতন-ভাতাসহ অনুন্নয়ন ও উন্নয়ন খাত মিলিয়ে এই কর্মসূচির মোট ব্যয় দেখানো হচ্ছে ৫৮ হাজার ৩৫৯ কোটি টাকা। এই টাকার ৮৭ শতাংশই সরকার বহন করবে। বাকি ১৩ শতাংশ দেবে নয়টি উন্নয়ন সহযোগী সংস্থা (দাতা)। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের পরিবর্তে কর্মসূচি হওয়ায় আগামী পাঁচ বছরে প্রাথমিক শিক্ষার মোট খরচ এই কর্মসূচির হিসাবে আনায় টাকার পরিমাণ বেশি মনে হচ্ছে। দাতারাও উন্নয়ন ও অনুন্নয়ন খাত মিলিয়ে সহায়তা দিচ্ছে। তবে তাঁরা জানান, উন্নয়ন খাতের টাকার বিষয়ে আলাদা একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হয়েছে।এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ গতকাল রোববার প্রথম আলোকে জানিয়েছেন, পরবর্তী জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কর্মসূচিটি চূড়ান্ত অনুমোদন হতে পারে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, আজ মঙ্গলবার একনেক সভা হওয়ার কথা ছিল, যেখানে কর্মসূচি উপস্থাপনের কথা। কিন্তু সভাটি হচ্ছে না। তাই পরবর্তী সভায় এটি উপস্থাপনের চেষ্টা চলছে।মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পিইডিপি-২ গত ৩০ জুন শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। চলতি মাস থেকে শুরু করে পরবর্তী পাঁচ বছর কর্মসূচিটি চলবে। ইতিমধ্যে দাতা সংস্থা বিশ্বব্যাংক নতুন কর্মসূচির জন্য তাদের সহায়তার বিষয়ে অনুমোদন দিয়েছে। সরকার মনে করছে, সদ্য সমাপ্ত কর্মসূচির সিংহভাগ উদ্দেশ্যই সফল হয়েছে। বেসরকারি সংস্থাগুলোও মনে করছে, মোটা দাগে পিইডিপি-২-এর লক্ষ্যগুলো পূরণ হয়েছে। তবে শিক্ষার মানের বিষয়টিতে অগ্রগতি খুব একটা হয়নি। শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাগুলোর মোর্চা গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রথম আলোকে বলেন, পিইডিপি-২-এর পরিকল্পনায় কিছু দুর্বলতা থাকলেও এই কর্মসূচি শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার গুণগত মানের ওপর জোর দেওয়ার চেষ্টা করেছে। এই কর্মসূচির আওতায় তিনটি লক্ষণীয় অর্জন হয়েছে। এগুলো হলো, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও বিদ্যালয়ের ভৌত অবকাঠামোর উন্নয়ন। তা ছাড়া এই কর্মসূচিতে দাতারা সহায়তা করলেও সরকার ছিল চালকের আসনে। নতুন কর্মসূচিতেও সরকার নেতৃত্বে থাকবে। তবে এখনো শিক্ষার মানের জায়গায় পিছিয়ে থাকার কথা উল্লেখ করেন রাশেদা কে চৌধুরী।কর্মসূচির প্রধান লক্ষ্য: নতুন কর্মসূচিতে শ্রেণীকক্ষের শিক্ষার (পাঠদান) মানোন্নয়নে নতুন কর্মসূচিতে জোর দেওয়া হবে। কর্মসূচির মূল কার্যক্রমের মধ্যে থাকবে ৪৭ হাজার ৬৭২ জন সহকারী শিক্ষক নিয়োগ (এর মধ্যে প্রাক-প্রাথমিকের জন্য প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন করে শিক্ষক থাকবে), চাহিদাভিত্তিক ৩১ হাজার ৬৮৫টি অতিরিক্ত শ্রেণীকক্ষ তৈরি, দুই হাজার ৭০৯টি বিদ্যালয় স্থাপন, এক লাখ ২৮ হাজার ৯৫৫টি টয়লেট নির্মাণ, ৩৯ হাজার ৩০০ নলকূপ স্থাপন, মাঠপর্যায়ের ৬৬৮টি কার্যালয় মেরামত, অধিদপ্তরের নতুন ভবন, সাতটি বিভাগীয় কার্যালয়ে বিশ্রামাগার (রেস্ট হাউস) স্থাপন, ৬০টি জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সম্প্রসারণ এবং সবগুলো বিদ্যালয়ে ল্যাপটপ দেওয়া।এ ছাড়া ১৫ হাজার বিদ্যালয়ে আসবাব দেওয়া, পাঁচ বছরে বিনা মূল্যের বইয়ের খরচ, প্রাক-প্রাথমিকের জন্য ২১ লাখ বই মুদ্রণ, শিশুদের মধ্যে খাবার বিতরণ, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষা উপকরণ ও সামগ্রী সরবরাহ, জনবলের বেতন-ভাতা, ঝরে পড়া শিক্ষার্থীদের উপানুষ্ঠানিক শিক্ষাসহ প্রাথমিক শিক্ষার বিভিন্ন ধরনের কাজ করা হবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন কর্মসূচিটি হবে পিইডিপি-২-এর তুলনায় বেশ বড়। পিইডিপি-২ প্রকল্পে উন্নয়ন খাতে ব্যয় হয় সাত হাজার ৪৯২ কোটি টাকা, নতুন কর্মসূচিতে উন্নয়ন খাতেই ব্যয় ধরা হয়েছে ২২ হাজার ১৯৬ কোটি ৬৪ লাখ টাকা। এই কর্মসূচিতে পিইডিপি-২ প্রকল্পে চালুকৃত সফল কার্যক্রমগুলো অব্যাহত রাখা হবে।মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কর্মসূচির মোট ব্যয়ের মধ্যে সাত হাজার ৫৯৮ কোটি টাকা দেবে নয়টি উন্নয়ন সহযোগী সংস্থা। বাকি সব টাকা বহন করবে বাংলাদেশ সরকার। দাতারা অনুন্নয়ন ও উন্নয়ন উভয় খাতের ব্যয়ে সহায়তা করবে। তাদের টাকার মধ্যে ৪৩ শতাংশ উন্নয়ন খাতে ও ৫৭ শতাংশ অনুন্নয়ন খাতে ব্যয় করা হবে। উন্নয়ন সহযোগীদের মধ্যে রয়েছে: এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি), বিশ্বব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন, কানাডীয় সিডা, ডিএফআইডি, সুইডিশ সিডা, জাইকা, অস-এইড ও ইউনিসেফ।পিইডিপি-২-এর অগ্রগতি: পিইডিপি-২ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দাবি করেছেন, সদ্য শেষ হওয়া এই কর্মসূচি সফলভাবে শেষ হয়েছে। উদাহরণ হিসেবে তাঁরা বলেন, এই কর্মসূচির সার্বিক (গ্রস) ভর্তির লক্ষ্যমাত্রা ছিল ৯৮ শতাংশ। কর্মসূচি বাস্তবায়ন শুরুর সময় ২০০৫ সালে এই হার ছিল ৯৩ শতাংশ, যা ২০১০ সালেই হয়েছে ১০৭ শতাংশ। পিইডিপি-২-এর একজন কর্মকর্তা জানান, গ্রস ভর্তি বলতে বিদ্যালয়ে গমনোপযোগী ছয় থেকে ১০ বছরের শিশুসহ ভর্তি হওয়া কম-বেশি বয়সী সব শিশুর ভর্তিকে বোঝানো হয়।বিদ্যালয়ে গমনোপযোগী শিশুদের ভর্তির লক্ষ্যমাত্রাও অর্জিত হয়েছে। ২০০৫ সালে নিট ভর্তির হার ছিল ৮৭ দশমিক শূন্য ২ শতাংশ। গত বছরই এই হার ৯৫ দশমিক ৬ শতাংশ হয়েছে। ঝরে পড়ার হার কমানো, উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়নসহ প্রায় বেশির ভাগ ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। তবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা শিক্ষার্থীর সংখ্যা কমানোর লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।