প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। তিনি আজ বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে বেসরকারি প্রাথমিক স্কুল শিক্ষক সমিতির প্রতিনিধি সমাবেশে এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, শিক্ষা দেশকে দারিদ্র্যমুক্ত করার প্রধান হাতিয়ার। তাই স্বনির্ভর দেশ গড়তে এর কোনো বিকল্প নেই।তিনি আরো বলেন, তাঁর সরকার শিক্ষা বিস্তারে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, বৃত্তি প্রদান ও শিক্ষকদের বেতন জাতীয় বেতন কাঠামোর অন্তর্ভুক্ত করাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তির হার ৯৯.০৩ শতাংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী ২০১৪ সালের মধ্যে নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার্থী ভর্তির এ হার ধরে রাখা এবং ভবিষ্যতে স্কুল থেকে ছাত্র-ছাত্রী ঝরে পড়া রোধে সর্বাত্মক প্রয়াস চালাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী এ ব্যাপারে শুধুমাত্র সরকারের ওপর নির্ভর না করার পরামর্শ দেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকবৃন্দ, স্কুল ব্যবস্থাপনা কমিটি, অভিভাবকবৃন্দ ও স্থানীয় ধনার্ঢ্য ব্যক্তিদের যৌথ প্রচেষ্টায় ছাত্র-ছাত্রীদের টিফিনের ব্যবস্থা করার পরামর্শ দেন। বাসস