ভালোভাবে না শিখেই ওপরের শ্রেণীতে উঠছে বেশির ভাগ শিশু
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন পদক্ষেপ
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর অনেক শিশুই ভালোভাবে পড়াশোনা না শিখেই ওপরের শ্রেণীতে উঠছে। সরকারি কর্মকর্তারাই এ কথা জানিয়ে বলেছেন, এ কারণে পাঠদানের মানোন্নয়নের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এ জন্য সারা দেশে প্রচলনের উদ্দেশ্যে একটি নতুন শিক্ষাদান পদ্ধতি নিয়ে গবেষণা কার্যক্রম চলছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিখন কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে তাঁরা উদ্বেগজনক তথ্য পেয়েছেন। যেমন, তৃতীয় শ্রেণীতে পড়ে এমন অনেক শিক্ষার্থী আছে, যারা সাবলীলভাবে বাংলা পড়া বা সাধারণ যোগ-বিয়োগ জানে না। অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, এ কারণে শ্রেণীকক্ষে পড়ানোর মানোন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় শিখন কার্যক্রমের ওপর জোর দেওয়া হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে রাজধানীর তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গবেষণামূলক কর্মসূচি শুরু করা হয়েছে। আরও ১৩টি উপজেলায় এ কর্মসূচি শুরু করা হচ্ছে। পরে এর ভিত্তিতে একটি জাতীয় মডেল তৈরি করা হবে। প্রস্তাবিত পিইডিপি-৩ নামে পাঁচ বছর মেয়াদি বিশাল এই কর্মসূচিতে শুধু উন্নয়ন খাতেই ব্যয় ধরা হয়েছে ২২ হাজার ১৯৬ কোটি ৬৪ লাখ টাকা। শিগগিরই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কর্মসূচিটি চূড়ান্ত অনুমোদন হওয়ার কথা রয়েছে।এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই সব শিশু যাতে ভালোভাবে শিখতে পারে। এ লক্ষ্যেই শিখনপদ্ধতি উন্নয়নে পরীক্ষামূলক কাজ করা হচ্ছে।’অধিদপ্তর ও সদ্য শেষ হওয়া দ্বিতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-২) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তাঁরা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মূল্যায়ন করতে গিয়ে জানতে পারেন, বেশির ভাগ শিক্ষার্থীই ভালোভাবে না শিখে ওপরের শ্রেণীতে উঠছে। শিক্ষকেরা সিলেবাস মাথায় রেখে গতানুগতিক ধারায় পড়ান। এই প্রক্রিয়ায় সব শিশু শ্রেণীকক্ষে শিখন কার্যক্রমে সক্রিয় বা মনোযোগী থাকে না। ফলে, কোনোভাবে পরীক্ষায় উতরে গেলেও কার্যত বেশির ভাগ শিশু ভালোভাবে শিখছে না। ঝরে পড়ার এটা একটা বড় কারণ। কর্মকর্তারা জানান, এসব বিষয় মাথায় রেখে পিইডিপি-৩ নামে প্রস্তাবিত ‘শিখবে প্রতিটি শিশু’ কর্মসূচির আওতায় শিখন কার্যক্রমের মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই পদ্ধতিতে শ্রেণীকক্ষে সব শিশুকে সক্রিয় করে শিখন কার্যক্রম চালানোর জন্য শিক্ষকদের দক্ষ করে তোলা, প্রত্যেক শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ও শিখন প্রক্রিয়ায় সবার সক্রিয়ভাবে অংশগ্রহণের ব্যবস্থা করা হবে। শিশুদের সৃজনশীলতার ওপর জোর দেওয়া হবে।রাজধানীর যে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন মডেলের গবেষণা চলছে সেগুলো হলো, ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধামালকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিরপুরের ন্যাশনাল (সকাল) সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর বাংলা ও গণিত বিষয়ে এই গবেষণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। একটি প্রশিক্ষক দল এই কাজটি করছে। কর্মকর্তারা বলেছেন, গত কয়েক মাসে এই তিনটি বিদ্যালয়ে শেখানোর মান উন্নত হয়েছে।নতুন পদ্ধতিতে যেভাবে ক্লাস: নতুন এই পদ্ধতির শিখন কার্যক্রম দেখার জন্য এ প্রতিবেদক সম্প্রতি একদিন ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে দেখা যায়, শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে পড়ছে। শিক্ষক সামনে চেয়ারে না বসে শিশুদের কাছে বসে পড়াচ্ছেন। এ সময় উপস্থিত একজন প্রশিক্ষক জানান, কেউ কেউ বাংলায় সাবলীল, কারও কারও শিক্ষকের আংশিক সাহায্য এবং কোনো কোনো ক্ষেত্রে শিক্ষকের সম্পূর্ণ সাহায্য প্রয়োজন—এমন তিন ধরনের শিক্ষার্থী নিয়ে এই দলগুলো করা হয়েছে। ‘ফ্রেন্ডস গ্রুপ’ নামের একটি মিশ্র দলও রয়েছে, যেখানে সব শিশু একসঙ্গে পড়বে।শিক্ষক বদরুন্নেসা খান এ সময় বলেন, নতুন ব্যবস্থায় শিক্ষার্থীরা আরও বেশি শিখছে। গণিতের ক্লাসেও কয়েকটি দলে পড়ানো হচ্ছে। এই ক্লাসের শিক্ষক মাজেদা বেগম বললেন, আগে সিলেবাসের ওপর বেশি জোর দেওয়া হতো।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, মূল্যায়ন করতে গিয়ে দেখা যায়, এই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর বাংলা ক্লাসে শতাধিক শিক্ষার্থীর মধ্যে মাত্র ২০ জনের মতো সাবলীলভাবে পড়তে পারে। বাকি প্রায় ৪০ জনের মতো শিক্ষার্থীর শিক্ষকের আংশিক সাহায্য লাগে। বাকিদের লাগে সম্পূর্ণ সাহায্য। দ্বিতীয় শ্রেণীতে উঠলেও ওই শিক্ষার্থীদের মধ্যে ২০ জনের বেশি শিশু ঠিকমতো বর্ণমালা পর্যন্ত চেনে না।উপস্থিত একজন প্রশিক্ষক জানান, তৃতীয় শ্রেণীর বাংলা ক্লাসে মূল্যায়ন করতে গিয়ে দেখা যায়, মাত্র ২০ শতাংশের মতো শিক্ষার্থী সাবলীলভাবে বাংলা পড়তে পারে। এই শ্রেণীতেও অনেকে বর্ণমালা চেনে না।এই বিদ্যালয়ে গবেষণাকাজের সঙ্গে সংশ্লিষ্ট রাশদ-ই-মাথিনা বলেন, গবেষণা চলছে যে বিদ্যালয়গুলোতে সেখানে শেখার মানের উন্নতি হচ্ছে।