প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষার ফল ২৭ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৭ ডিসেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফেকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবারই প্রথমবারের মতো বড় এই দুই পরীক্ষার ফল একই দিনে প্রকাশ করা হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এম এম নিয়াজউদ্দিন ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন আজ শনিবার প্রথম আলো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর আলাদাভাবে এই দুই ধরনের পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।গত ২১ নভেম্বর শুরু হয়েছিল প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৯ লাখ ৬৯ হাজার ৩৯৩ জন। এর আগে গত ৪ নভেম্বর শুরু হয়েছিল জেএসসি ও জেডিসি পরীক্ষা। এই দুই পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১৯ লাখ আট হাজার ৩৬৫ জন।