প্রাথমিক শিক্ষার উন্নয়নে সব সূচকের ইতিবাচক পরিবর্তন হয়েছে। তবে দেশের সব জেলায় এই চিত্র একই রকম নয়। বরিশাল, রাজশাহী, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের ১৪টি জেলা সবক্ষেত্রেই পিছিয়ে আছে। ১৪টি জেলার এই পিছিয়ে পড়ার প্রভাব পড়েছে ৬৪ জেলার গড় শিক্ষাচিত্রের ওপর। ২০০৯ সালে পরিচালিত সর্বশেষ প্রাথমিক শিক্ষা জরিপে এই চিত্র পাওয়া যায়। শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে এ ধরনের আঞ্চলিক বৈষম্য অনেক দিনের। আশা করা হয়েছিল সেটি কমবে। কিন্তু উল্লেখযোগ্য হারে তা কমছে না। এর মূল কারণ হিসেবে তাঁরা আর্থসামাজিক অবস্থার কথা বলছেন। পিছিয়ে পড়া জেলাগুলোর ওপর সরকার বিশেষ নজর দিলে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়া জরুরি বলে তাঁরা মনে করছেন।সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, দেশের প্রাথমিক শিক্ষাস্তরে সার্বিক সক্ষমতা বেড়েছে। শিক্ষার প্রাথমিক স্তর অর্থাৎ প্রথম শ্রেণীতে কতজন ভর্তি হলো, তাদের কতজন শেষ পর্যন্ত (পঞ্চম শ্রেণী) টিকে থাকল, কতজন ঝরে গেল, কতজন পুনঃ ভর্তি হলো, প্রাথমিক শিক্ষাস্তর শেষ করতে কত সময় লাগল—এসব দিক বিবেচনা করে নির্ধারণ করা হয়ে থাকে এই সার্বিক সক্ষমতা।এখন সারা দেশে সার্বিক সক্ষমতার হার গড়ে ৬১ শতাংশ। এর আগে ছিল ৫৮ শতাংশ। এবারের জরিপে দেখা গেছে, ১৪টি জেলায় সার্বিক সক্ষমতার হার ৪৯ থেকে ৫৩ শতাংশের মধ্যে। এর মধ্যে ভোলায় ৪৯ দশমিক ৮০, সুনামগঞ্জে ৪৬, সিলেটে ৫২ দশমিক ৩০, হবিগঞ্জে ৫২, মৌলভীবাজারে ৫৫ দশমিক ৮০, পঞ্চগড়ে ৫৯ দশমিক ৪০, লালমনিরহাটে ৫৬ দশমিক ২০, কুড়িগ্রামে ৫৬ দশমিক ৪০, গাইবান্ধায় ৫১ দশমিক ৬০, চুয়াডাঙ্গায় ৫৭, জামালপুরে ৫৩ দশমিক ৫০, শেরপুরে ৫৩ দশমিক ২০, ময়মনসিংহে ৫৪ দশমিক ৬০ এবং নেত্রকোনায় ৫৩ দশমিক ৫০।ঝরে পড়া: জরিপ অনুযায়ী, দেশের প্রাথমিক শিক্ষায় ঝরে পড়ার হার গত পাঁচ বছরে কমেছে পাঁচ শতাংশ। ২০০৬ সালের হিসাবে দেখা গেছে, প্রাথমিক স্তরে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অর্ধেকের বেশি ঝরে পড়ে। সর্বশেষ হিসাবে দেখা যায়, বর্তমানে প্রাথমিক স্তরে ঝরে পড়ার হার ৪৫ শতাংশ। সারা দেশের গড় চিত্র এটি হলেও কয়েকটি জেলায় এখনো অর্ধেকের বেশি শিক্ষার্থী প্রাথমিক স্তর থেকে ঝরে পড়ছে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ৬১ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে গাইবান্ধা জেলায়। দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে উত্তরবঙ্গের জেলাগুলোয় ঝরে পড়ার হার বেশি। এ অঞ্চলের নীলফামারী (৫১ দশমিক ১২), রংপুর (৫১ দশমিক ৯০), লালমনিরহাট (৫১ দশমিক ৮৪), কুড়িগ্রাম (৫৪ দশমিক ৪৫) জেলায় অর্ধেকের বেশি শিক্ষার্থী প্রাথমিক স্তর থেকে ঝরে পড়েছে। ২০০৯ সালের হিসাবে গাইবান্ধার পর সবচেয়ে বেশি ৬০ দশমিক ২৩ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে ভোলা জেলায়। এ ছাড়া ঢাকা বিভাগের জামালপুরে ৫৩ দশমিক ৮২ শতাংশ, শেরপুরে ৫৬ দশমিক ৮৬ শতাংশ, ময়মনসিংহে ৫৩ দশমিক ৩৮ শতাংশ এবং নেত্রকোনায় ৫২ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে। এ ছাড়া সিলেটের সুনামগঞ্জে ঝরে পড়ার হার ৫৭ দশকি ২৮ শতাংশ এবং হবিগঞ্জে এ হার ৫২ দশমিক ৭৩ শতাংশ।জরিপে দেখা যায়, বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে নিরবচ্ছিন্নভাবে পড়ালেখা চালিয়ে যাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ওই সব জেলায় তুলনামূলকভাবে কম। বিশেষ করে কুড়িগ্রাম, গাইবান্ধা, ভোলা ও সুনামগঞ্জে এই হার ৪০ শতাংশের নিচে। অথচ সারা দেশে গড়ে এই হার ৫৯ দশমিক ৭০ শতাংশ। পুনঃ ভর্তি: একবার ফেল করা বা কোনো কারণে পড়ালেখা থেকে একবার বিচ্ছিন্ন হয়ে পড়া শিক্ষার্থীদের বড় অংশই আর বিদ্যালয়ে ফিরে আসে না। সর্বশেষ হিসাবে দেখা যায়, সেই সংখ্যা কমেছে। বেড়েছে পুনঃ ভর্তির হার। সারা দেশে এই হার ১২ শতাংশের কিছু বেশি হলেও তা উত্তরবঙ্গে খুবই কম। ওই অঞ্চলের বেশির ভাগ জেলায় পুনঃ ভর্তির হার শতকরা নয় শতাংশের নিচে। এই তালিকায় আছে ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া ও নওগাঁ জেলা। শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন, শিক্ষার প্রাথমিক স্তরে এই আঞ্চলিক বৈষম্যের প্রধান কারণ আর্থ-সামাজিক। এসব এলাকার বেশির ভাগই অর্থনৈতিকভাবে পিছিয়ে। তিনি বলেন, ‘আমার মনে হয় না শিক্ষাগত কারণে পিছিয়ে আছে। তাদের পিছিয়ে পড়ার কারণ বৈশ্বিক ও অর্থনৈতিক। এ পিছিয়ে পড়ার সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করে সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে।’তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, আশা করা হয়েছিল অঞ্চলভিত্তিক বৈষম্য কমে আসবে। কিন্তু তা হয়নি। সাধারণ পরিকল্পনা দিয়ে তা হবেও না। এ জন্য বিশেষ পরিকল্পনা নিতে হবে। তিনি আরও বলেন, আর্থ-সামাজিক কারণে নির্দিষ্ট কিছু অঞ্চল পিছিয়ে পড়ছে। কোন কোন অঞ্চল পিছিয়ে, সে তথ্য পাওয়া গেছে। এখন দেখতে হবে কেন তারা পিছিয়ে। সে অনুযায়ী সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। দেখা যাবে, কোথাও বিদ্যালয়ে খাবার দিতে হবে, কোথাও বিদ্যালয়ের সময়সূচি কিছুটা নমনীয় করতে হবে আবার কোথাও পরিচালনা কমিটির স্থবিরতা দূর করতে হবে। তিনি এ জন্য স্থানীয় প্রশাসনকে উজ্জীবিত করা ও কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তাঁরা মাঠের মানুষ। তাঁরা জানেন বা জানতে পারেন কেন সমস্যা হচ্ছে এবং এর সমাধানই বা কী।