প্রাথমিক স্তরেও সৃজনশীল পদ্ধতি চালুর চিন্তা করছে সরকার
আগামী বছর থেকে প্রাথমিক স্তরেও সৃজনশীল পদ্ধতি চালু করার চিন্তা-ভাবনা করছে সরকার। আগামী বছর জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত হলে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সৃজনশীল পদ্ধতি চালু করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন আজ বুধবার শিক্ষার মানোন্নয়ন নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।অভিভাবক সমন্বয় পরিষদ নামের একটি সংগঠন জাতীয় প্রেসক্লাবে ‘শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাব্যবস্থার সমস্যা নিরসনে করণীয়’ শীর্ষক ওই মতবিনিময় সভার আয়োজন করে।অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার মুখস্থবিদ্যা বন্ধ করতে চাইছে। মুখস্থ পদ্ধতিতে প্রকৃত মেধাবী তৈরি করা যায় না। এ জন্য মাধ্যমিক স্তরে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছে। এর মধ্য দিয়ে জাতিকে মেধাবী প্রজন্ম উপহার দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।অনুষ্ঠানে অধ্যাপক মোজাফফর আহমদ, শিক্ষামন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ শাহ আলম, বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম, নায়েমের মহাপরিচালক অধ্যাপক শামসুর রহমান, বুয়েটের অধ্যাপক আমিনুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক সালমা আখতার প্রমুখ আলোচনায় অংশ নেন।