প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গত বছরের চেয়ে এবার দ্বিগুণেরও বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছরের এক লাখ পাঁচ হাজার ৬৭৩ জনের বিপরীতে এবার জিপিএ-৫ পেয়েছে দুই লাখ ৩৩ হাজার ১৪০ জন। এবার পাসের হার ৯৭ দশমিক ৩৫ শতাংশ। গতবার ছিল ৯৭ দশমিক ২৬। এবার পাসের হার ও জিপিএ-৫—দুই দিকেই মেয়েরা বেশি ভালো করেছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন ও প্রতিমন্ত্রী মোতাহার হোসেন গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেন। বেলা ১১টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল তুলে ধরা হয়। গত ২১ থেকে ২৯ নভেম্বর সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ২৯ লাখ ৬৯ হাজার ৩৯৩ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে অংশ নেয় ২৪ লাখ ৮১ হাজার ১১৯ জন। এতে উত্তীর্ণের সংখ্যা ২৪ লাখ ১৫ হাজার ৩৪১। জিপিএ-৫ এত বাড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, ‘কেবল সংখ্যায় নয়, বাস্তবে শিক্ষার মান বেড়েছে। বিষয়ভিত্তিক পাসের হার, জিপিএ-৫—সব দিক থেকেই ফল ভালো হয়েছে।’ প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে মন্ত্রী বলেন, ‘সাজেশন থেকে কিছু প্রশ্ন এসে থাকতে পারে।’ মোট উত্তীর্ণ ২৪ লাখ ১৫ হাজার ৩৪১ জনের মধ্যে ছাত্রী ৫৪ দশমিক ৫৪ শতাংশ এবং ছাত্র ৪৫ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে এক লাখ ২৩ হাজার ৫৪৭ জন ছাত্রী এবং এক লাখ ছয় হাজার ৭৩ জন ছাত্র। এবার পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রেও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। তবে গড় পাসের দিক থেকে ছেলেরা সামান্য এগিয়ে। ছাত্রদের পাসের হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ এবং ছাত্রীদের ৯৭ দশমিক ১৯ শতাংশ।এবার প্রাথমিকে সাত বিভাগে পাসের হারে শীর্ষে রয়েছে বরিশাল। এই বিভাগে ৯৯ দশমিক ১৯ শতাংশ পাস করেছে। এ ছাড়া খুলনায় ৯৮ দশমিক ৫৪ শতাংশ, রংপুরে ৯৮ দশমিক ১৪, ঢাকায় ৯৭ দশমিক ১০, রাজশাহীতে ৯৭ দশমিক ৬, চট্টগ্রামে ৯৭ ও সিলেটে ৯৫ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। পাস করা শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯ দশমিক ৫৩ শতাংশ। জিপিএ ৪ থেকে ৫-এর নিচে পেয়েছে ২৬ দশমিক ৭৪ শতাংশ, ৩ দশমিক ৫ থেকে ৪-এর নিচে ১৭ দশমিক ৮৪ শতাংশ, ৩ থেকে ৩ দশমিক ৫-এর নিচে ১৭ দশমিক ২৭ শতাংশ, ২ থেকে ৩-এর নিচে ২২ দশমিক ১৯ শতাংশ এবং ১ থেকে ২-এর নিচে পেয়েছে ৬ দশমিক ৪৩ শতাংশ। সারা দেশে প্রাথমিক শিক্ষা ইনস্টিটিউটসংলগ্ন (পিটিআই) পরীক্ষণ বিদ্যালয়ে পাসের হার সর্বোচ্চ—৯৯ দশমিক ৮৯ শতাংশ। ব্র্যাক পরিচালিত বিদ্যালয়ের ৯৯ দশমিক ৭৩, কিন্ডারগার্টেনের ৯৯ দশমিক ৮৩, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৮ দশমিক ৫৬, উচ্চবিদ্যালয় সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের ৯৮ দশমিক ৪৭, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৭ দশমিক ৬৯ এবং রেজিস্টার্ড বেসরকারি বিদ্যালয়ের ৯৫ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জেলাওয়ারি হিসাবে প্রাথমিকে সবচেয়ে ভালো ফল করেছে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের জেলা লালমনিরহাটের শিক্ষার্থীরা। এই জেলায় পাসের হার প্রায় শতভাগ।দেশের ৪৮২ উপজেলার মধ্যে ৩৯টি উপজেলায় পাসের হার শতভাগ। এবার সারা দেশে পাঁচ হাজার ৫০২ জন প্রতিবন্ধী শিশু পরীক্ষা দিয়েছে। তাদের পাসের হার ৯৬ দশমিক ২৮। এ ছাড়া ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিয়েছে চার হাজার ৭৫১ জন। পাসের হার ৯৯ দশমিক ৪১। সারা দেশের মোট ৯২ হাজার ৩২৮টি বিদ্যালয়ের মধ্যে ৭২ হাজার ২২৭টিতে পাসের হার শতভাগ। আর ৭১০টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনি।দেশের স্কুলগুলোর মধ্যে এবার সেরা হয়েছে রাজধানীর মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ। মতিঝিলের ন্যাশনাল আইডিয়াল দ্বিতীয় এবং ভিকারুননিসা নূন স্কুল তৃতীয় হয়েছে। দেশসেরা ২০টি স্কুলের মধ্যে ১৪টিই ঢাকার। এ ছাড়া চট্টগ্রামের তিনটি এবং কুমিল্লা, রংপুর ও খুলনার একটি করে স্কুল রয়েছে।