প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের ঝরে পড়ার হার সম্পর্কে নতুন তথ্য দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকারি ও বেসরকারিভাবে এত দিন বলা হচ্ছিল, ৪০ ভাগের বেশি বা প্রায় অর্ধেক শিক্ষার্থী প্রাথমিক স্তর শেষ করতে পারে না। কিন্তু গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের আয়োজন করে দাবি করেছে, প্রাথমিকে ঝরে পড়ার হার এখন ২১ শতাংশ।মন্ত্রণালয় বলছে, ৩৪ হাজার প্রাথমিক বিদ্যালয়ের তথ্যের ভিত্তিতে এই ধারণা পাওয়া গেছে। দেশে বর্তমানে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৮১ হাজার ৫০৮টি।ঝরে পড়ার এই তথ্য সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন বলেন, বিদ্যালয় থেকে এসব তথ্য পাওয়া গেছে।এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার প্রথম আলোকে বলেন, ‘এটা জাতীয় গণনা নয়, আমরা ৩৪ হাজার বিদ্যালয়ের তথ্য বিশ্লেষণ করে এটা পেয়েছি।’গণসাক্ষরতা অভিযানের এডুকেশন ওয়াচ প্রতিবেদন ২০০৮ অনুযায়ী, পঞ্চম শ্রেণী শেষ করতে পারে ৫০ দশমিক ১০ শতাংশ শিশু। গণসাক্ষরতা অভিযানের কার্যক্রম ব্যবস্থাপক কে এম এনামুল হক প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় কোন পদ্ধতিতে ঝরে পড়ার নতুন এই তথ্য পেয়েছে, সেটা না জেনে মন্তব্য করা যাবে না।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের চিন্তাভাবনা করছে না সরকার। উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাংসদ মহীউদ্দীন খান আলমগীর বিভিন্ন অনুষ্ঠানে বলে আসছেন, সরকার নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন বিদ্যালয়ে গমনোপযোগী (৬ থেকে ১০ বছর) শিশুদের ভর্তির হার ৯৯ দশমিক ৪৭ শতাংশ। মন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ের বড় অর্জন এটি, আর বড় চ্যালেঞ্জ ঝরে পড়া রোধ ও নিরক্ষরতামুক্ত বাংলাদেশ গড়া।’ নিরক্ষরতা দূরীকরণের প্রকল্পে ছাত্রলীগকে সম্পৃক্ত করার বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ছাত্রলীগকে দিয়ে নিরক্ষরতা দূরীকরণের কথা কোথাও বলা হয়নি।সাংবাদিকদের প্রশ্নের জবাবে সম্মেলনে বলা হয়, রংপুরে টেন্ডারবাজি করতে গিয়ে গ্রেপ্তার হওয়া প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিবকে (এপিএস) তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হয়েছে। এ সময় আরও বক্তৃতা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ।