প্রাথমিকে দেশসেরা মণিপুর উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসের হার শতভাগ। সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫ প্রাপ্তির হার প্রায় ৭৪ শতাংশ। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এই ঈর্ষণীয় ফলাফল রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের। আর নজরকাড়া এই ফল নিয়ে দেশসেরা হয়েছে রাজধানীর মিরপুরের এই বিদ্যালয়টি।শিক্ষার্থীদের ভালো ফল, একই সঙ্গে দেশসেরার তকমা—তাই শিক্ষার্থীদের উল্লাসও যেন বাঁধভাঙা। শুধু যারা ভালো করেছে তারা নয়, বিদ্যালয়ের সব ক্লাসের শিক্ষার্থীরা নেমে এসেছিলে নিজেদের বিদ্যালয়ের অর্জন উদযাপন করতে। বাদ্যের তালে তালে নাচ, নিজেদের মতো করে গান, বিদ্যালয়ের গৌরবগাথা জানান দেওয়া স্লোগান, শিক্ষার্থীদের হই-হুল্লোড়ে আজ সোমবার বিদ্যালয়ের মূল ক্যাম্পাস দিনভর ছিল উত্সবমুখর।কর্তৃপক্ষ জানায়, বিদ্যালয়ের মোট পাঁচটি ক্যাম্পাস থেকে এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেয় এক হাজার ৯৬৭ জন শিক্ষার্থী। এদের সবাই পাস করেছে। জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে এক হাজার ৪৫৪ জন। ‘এ’ গ্রেড পেয়েছে ৪৬৮ জন আর বাকি ৪৫ জন ‘এ মাইনাস’ পেয়েছে।প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফরহাদ হোসেন বলেন, অব্যাহত অনুশীলন ও নিবিড় পর্যবেক্ষণের ফসল এই ফলাফল। তিনি বলেন, তাঁর প্রতিষ্ঠানে এক বছরে ছয় ধরনের পরীক্ষা নেওয়া হয় শিক্ষার্থীদের, যাতে শিক্ষার্থীরা ভালো করতে পারে এবং ঝরে না পড়ে। এ ছাড়া নিয়মিত ক্লাসের বাইরে বিশেষ ক্লাসও নেওয়া হয়। বিদ্যালয়ের এই সাফল্যকে শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সমন্বিত প্রচেষ্টার ফল বলেও তিনি মন্তব্য করেন। তিনি জানান, তাঁর বিদ্যালয় গত বছর দ্বিতীয় হয়েছিল। এবার সারা দেশে প্রথম হয়েছে। এটিকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা থাকবে।