সরকারের হিসাব অনুযায়ী, বিদ্যালয়ে গমন উপযোগী সব শিশুকে ভর্তির লক্ষ্য পূরণের দ্বারপ্রান্তে পৌঁছেছে দেশ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিতব্য জরিপ বলছে, গত ২১ মার্চ পর্যন্ত অতিমাত্রায় প্রতিবন্ধী শিশু বাদে বিদ্যালয়ে গমন উপযোগী দেশের প্রায় ৯৯ দশমিক ৪০ শতাংশেরও কিছু বেশি শিশু শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। এর মধ্যে ১৭টি জেলায় শতভাগ শিশুর ভর্তি হওয়ার কথা বলা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রাথমিকে ভর্তি হওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা এক কোটি ৯০ লাখ ২৬ হাজার। বিদ্যালয়ে গমন উপযোগী হলেও এক লাখ ১৩ হাজার ৪৭১টি শিশু ভর্তি হয়নি। এর বাইরে অতিমাত্রায় প্রতিবন্ধী শিশু ১২ হাজার ৬৩৪ এবং তারা ভর্তিযোগ্য নয় বলে মনে করছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। জরিপের এই তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে যাচাই-বাছাই চলছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) অনুযায়ী বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার হলো, চলতি বছরের (২০১১) মধ্যে বিদ্যালয়ে গমন উপযোগী সব শিশুকে (শতভাগ) বিদ্যালয়ে ভর্তি করা। এ জন্য সরকারের পক্ষ থেকে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়। ভর্তির চিত্র দেখার জন্য চলতি বছর সারা দেশে জরিপ চালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। মাঠপর্যায় থেকে প্রাথমিক শিক্ষকেরা এসব তথ্য সংগ্রহ করেন। জরিপের আওতায় ছিল এক কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৪৮৭টি শিশু। প্রথমে গত ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কতজন শিশু আনুষ্ঠানিকভাবে ভর্তি হয়েছে, তা দেখা হয়। এর পরও যারা ভর্তি হয়েছে, তাদের এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়। অধিদপ্তরের একজন পরিচালক জানান, ২১ মার্চের পরও কিছু শিক্ষার্থী ভর্তি হয়েছে। তাদের পরে গণনায় ধরা হবে।ভর্তির ক্ষেত্রে এই অগ্রগতির কারণ জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষাসচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার প্রথম আলোকে বলেন, সবার চেষ্টা, তদারকিসহ সরকারের নানামুখী পদক্ষেপের কারণেই ভর্তির হার বেড়েছে। তিনি বলেন, এখনো যারা ভর্তি হয়নি, তাদের একটি অংশ ভাসমান। তাদেরও শিক্ষার আওতায় আনতে উদ্বুদ্ধ করা হচ্ছে। তা ছাড়া কিছু প্রতিবন্ধী শিশুকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষার আওতায় আনার চেষ্টা চলছে।তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ভর্তির বিষয়ে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানালেও জরিপের তথ্য নিয়ে কিছুটা সন্দেহ প্রকাশ করছেন। তিনি বলেন, ‘আমরা শুনেছি, অনগ্রসর এলাকায় ভর্তির হার অনেক কম হয়েছে। তাই জরিপের তথ্য গ্রহণযোগ্য করার জন্য নমুনা জরিপ করা উচিত। অন্তত বেশি ভর্তি এবং কম ভর্তির এলাকায় নমুনা জরিপ চালানো যেতে পারে। তা ছাড়া শুধু ভর্তির খাতায় নাম লেখালেই হবে না। এসব শিশু যাতে ঝরে না যায়, সে জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে।’শতভাগ ভর্তি ১৭ জেলায়: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ১৭টি জেলায় বিদ্যালয়ে গমন উপযোগী শতভাগ শিশু ভর্তি হয়েছে। জেলাগুলো হলো: নাটোর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নীলফামারী, শেরপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, মাগুরা, কুষ্টিয়া, নড়াইল, কক্সবাজার ও চাঁদপুর।৩৬ জেলায় ভর্তির হার ৯৯ শতাংশেরও বেশি: জরিপে দেখা গেছে, ৩৬টি জেলায় ৯৯ শতাংশেরও বেশি শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে কোনো কোনো জেলায় প্রায় শতভাগ (৯৯ দশমিক ৯৯ শতাংশ) শিশু ভর্তি হয়েছে। এসব জেলার মধ্যে রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মাদারীপুর, ফরিদপুর, নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, লক্ষ্মীপুর, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কুমিল্লা, রাঙামাটি, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালী।সিলেট অঞ্চলে ভর্তির হার কম: দেশের অন্যান্য জেলার তুলনায় সিলেট অঞ্চলের চারটি জেলায় ভর্তির হার কম। এর মধ্যে সবচেয়ে কম মৌলভীবাজার জেলায়, ৯৭ দশমিক ২১ শতাংশ। হবিগঞ্জে ৯৭ দশমিক ৪০, সুনামগঞ্জে ৯৭ দশমিক ৭২ এবং সিলেট জেলায় ভর্তির হার ৯৮ দশমিক ৬৮ শতাংশ। জরিপের তথ্য অনুযায়ী, তুলনামূলকভাবে কম ভর্তির হার বগুড়া জেলায়, ৯৮ দশমিক ৯৬ শতাংশ, লালমনিরহাটে ৯৮ দশমিক ১৮, শরীয়তপুরে ৯৮ দশমিক ৪৯, নোয়াখালীতে ৯৮ দশমিক ৫৭, বান্দরবানে ৯৭ দশমিক ৬৪, খাগড়াছড়িতে ৯৮ দশমিক ৮৮ এবং ভোলায় ৯৮ দশমিক ২৩ শতাংশ।ঢাকায় ভর্তির হার: ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, মহানগরসহ ঢাকা জেলায় ভর্তির হার ৯৯ দশমিক শূন্য ৮ শতাংশ। মহানগরের ১২টি থানা ও জেলার পাঁচটি উপজেলায় মোট ভর্তিযোগ্য ১০ লাখ ১২ হাজার ৬৯৪টি শিশুর মধ্যে ভর্তি হয়েছে ১০ লাখ তিন হাজার ৩৯০। আর প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রয়েছে দুই হাজার ৬৪১টি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ প্রথম আলোকে বলেন, ‘আমরা শতভাগ ভর্তির কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছেছি। বিভিন্ন জেলা থেকে যেসব প্রতিবেদন পাচ্ছি, তাতে শতভাগের কাছাকাছি ভর্তি হয়েছে। কয়েকটি জেলায় শতভাগ শিক্ষার্থীই ভর্তি হয়েছে। তবে প্রাপ্ত তথ্য যাচাই করে দেখা হচ্ছে।’ উদাহরণ হিসেবে মহাপরিচালক জানান, শতভাগ ভর্তির তালিকায় থাকা সিরাজগঞ্জ জেলায় প্রাথমিক অধিদপ্তরের পাঁচজন কর্মকর্তার মাধ্যমে যাচাই হয়েছে। এতে প্রাপ্ত তথ্যের সত্যতা পাওয়া গেছে। তবে যারা নদীভাঙনের ফলে ঢাকায় চলে এসেছে, তাদের খোঁজ করা সম্ভব হয়নি।