প্রাধ্যক্ষ পরিষদের সভায় হল বন্ধের সুপারিশ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রাধ্যক্ষ পরিষদের এক সভায় ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে আবাসিক হল বন্ধে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে সুপারিশ করা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রাধ্যক্ষের কক্ষে এ সভা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন। ২২ অক্টোবর থেকে দুর্গাপূজা ও ঈদুল আজহার ছুটি শুরু হবে। এতে প্রায় ১৫ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে অতি দ্রুত হল বন্ধের ব্যাপারে সুপারিশ করার সিদ্ধান্ত হয় সভায়।মিজানুর রহমান এ ব্যাপারে প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন জানান, আগামী দু-একদিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা হতে পারে। ওই সভায় হল বন্ধের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।গত ৮ সেপ্টেম্বর কর্মকর্তা-কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ৩১ দিন ধরে বিশ্ববিদ্যালয় অঘোষিতভাবে বন্ধ রয়েছে।