প্রান্ত থেকে কেন্দ্র একই অবস্থায় ছাত্রলীগ
ইডেন কলেজে ভর্তি-বাণিজ্য, যশোর জেলা সম্মেলনে গুলি-বোমা, হবিগঞ্জে পাল্টাপাল্টি কমিটি গঠন, ঢাকা কলেজে সংঘর্ষ—সব মিলিয়ে আবারও উল্টো পথে ছাত্রলীগ। প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত ছাত্রলীগের সবখানেই একই চিত্র।ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল, কমিটি গঠন ও ভর্তি-বাণিজ্যসহ নানা কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এসব ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান বলেন, সারা দেশে নতুন কমিটির মাধ্যমে সংগঠনকে গোছানোর চেষ্টা চলছে। এ ছাড়া খুব শিগগিরই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি হবে।কেন্দ্রীয় কমিটিতে বিরোধ: ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে দুই বছর আগে। দীর্ঘদিনেও কমিটি না হওয়ায় ক্ষুব্ধ নেতা-কর্মীরা। এ ছাড়া সভাপতির একক আধিপত্য বিস্তারের চেষ্টার বিষয়টি মেনে নিতে পারছেন না অনেকেই। এ নিয়ে গত সোমবার টিএসসিতে কেন্দ্রীয় নেতাদের তোপের মুখে পড়েন তিনি। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দেশে না থাকায় এককভাবে বিভিন্ন জেলা কমিটি গঠন করেন সভাপতি। ফলে পাল্টাপাল্টি কমিটি গঠনের ঘটনাও ঘটেছে।চট্টগ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানে অন্তঃকোন্দল: চাঁদাবাজি ও ছাত্রলীগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক বছরে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটছে। গত এক বছরে ছাত্রলীগের ১৭ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব ঘটনা ঘটেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ, কমার্স কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও মহানগরের বিভিন্ন কলেজেও একই অবস্থা। যশোরে কোন্দল: মাইকেল মধুসূদন কলেজে ছাত্রলীগের একাংশের নেতৃত্বে রয়েছেন সাংসদ সমর্থিত মাহমুদুল হাসান ও অপর অংশের নেতৃত্বে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার সমর্থিত আহসানুল করিম। গত দুই মাসে কলেজ ক্যাম্পাসে উভয় গ্রুপের মধ্যে অন্তত পাঁচটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের দুজন ছুরিকাহত ও অন্তত ১০ জন আহত হয়। শক্তির মহড়া হিসেবে সাংসদ সমর্থিত মিলু-মুক্তির নেতৃত্বের একাংশ সম্প্রতি কলেজে অনার্স ভর্তির সময় কোটার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেয়। অন্তর্দ্বন্দ্ব রাজশাহীতে: ছাত্রলীগের দুই গ্রুপের বিরোধের জের ধরে গত বছর ২৩ মার্চ রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি আহত হন। এ ঘটনার পর সংগঠনের সভাপতি নিজাম উদ্দিনের পক্ষের নেতা-কর্মীরা বিক্ষোভ করে ও কক্ষ ভাঙচুরের চেষ্টা চালায়। পুলিশ তাদের শান্ত করে। আগের দিন দুই গ্রুপের মধ্যে এক দফা সংঘর্ষ হয়। ময়মনসিংহে মারমুখী ছাত্রলীগ: গত ছয় মাসে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার, হল দখল ও ভর্তি-বাণিজ্য নিয়ে ময়মনসিংহের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে সহিংস মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হল দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষে নয় শিক্ষার্থী আহত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনা ঘটিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সরকারি আনন্দ মোহন কলেজে ১৩ মার্চ রাতে জয়নুল আবেদীন হলে সিট দখলকে কেন্দ্র করে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রংপুর মেডিকেল: রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গত ছয় মাসে উভয় পক্ষের মধ্যে ছয় দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। কলেজে আধিপত্য বিস্তার করার ঘটনাকে কেন্দ্র করেই এসব সংঘর্ষের সূত্রপাত। এসব ঘটনায় মামলাও হয়েছে। বরিশাল: এই জেলায় গত ছয় মাসে ছাত্রলীগ ভর্তি-বাণিজ্য, প্রেসক্লাবে হামলা, নিজেদের মধ্যে সংঘর্ষ, খুন ও বিভিন্ন জনকে লাঞ্ছিত করেছে। ছাত্রলীগ বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবে হামলা চালিয়ে সাংবাদিকদের মারধর ও মোটরসাইকেল আগুন ধরিয়ে দেয়। বরিশাল বিএম কলেজ, বরিশাল কলেজসহ অনেক কলেজে ছাত্রলীগ ভর্তি-বাণিজ্যে জড়িয়ে পড়ে। বিএম কলেজের ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ফজলুল হক অর্থের বিনিময় ছাত্রভর্তি করা হচ্ছে বলে জানান। সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাসন-লালন লোকজ উৎসবের উদ্বোধন পর্ব শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের একজন নেতা ও সরকারদলীয় সাংসদকে বসার জায়গা দেওয়া হয়নি দাবি করে আয়োজকদের ওপর চড়াও হয় ছাত্রলীগের একদল কর্মী। একপর্যায়ে মঞ্চ ভাঙচুর করে অনুষ্ঠান পণ্ড করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটি না থাকায় ছয়টি পক্ষে বিবদমান পাল্টাপাল্টি তৎপরতায় মহাজোট ক্ষমতাসীন হওয়ার পর অন্তত পাঁচটি সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় ভাঙচুর ও সড়ক অবরোধ করে ছাত্রলীগ।খুলনা: সরকারি আযম খান কমার্স কলেজের ছাত্রাবাস ও ক্যাম্পাসের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১০ মার্চ দুপুরে ছাত্রলীগের একপক্ষ অপর পক্ষের চার নেতা-কর্মীকে ইট ও লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। কুমিল্লা: গত ছয় মাসে কুমিল্লা জেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধিপত্য বিস্তার, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, ভর্তি প্রক্রিয়ায় বাধা, শিক্ষকদের কাজে বাধা, অভ্যন্তরীণ কোন্দল আর প্রতিপক্ষের ওপর হামলায় ছাত্রলীগ নেতা-কর্মীরা জড়িয়ে পড়ে। এতে ক্যাম্পাস বন্ধ হওয়ার পাশাপাশি ছাত্ররাও আহত হয়েছে।আধিপত্য বিস্তার নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া সরকারি কলেজ, মেডিকেল কলেজ, সরকারি কলেজে এসব ঘটনা ঘটে।{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চট্টগ্রাম, যশোর, বরিশাল ও ময়মনসিংহ অফিস এবং নিজস্ব প্রতিবেদক কুমিল্লা, রাজশাহী, খুলনা, রংপুর ও সিলেট}