প্রান্তিক মানুষের সেবায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের গোসাইরহাটে প্রান্তিক মানুষদের স্বাস্থ্যসেবা দিতে যাচ্ছে জাপান-বাংলাদেশ ফেন্ডশিপ হসপিটাল। ১৬ মার্চ শুক্রবার দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে।শরীয়তপুরের গোসাইরহাট উপজেলাধীন শামসুর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠেয় এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে ব্যথা, নাক, কান ও গলা, দন্ত, গাইনি, শিশু, হূদরোগ, মেডিসিন, বক্ষব্যাধি, ইউরোলজি এবং সার্জারি নিয়ে গঠিত ৫০ জনের একটি মেডিকেল টিম যাচ্ছে। এ স্বাস্থ্যসেবার অধীনে রোগীদের বিনা মূল্যে চিকিত্সাপত্র প্রদানসহ ব্লাড গ্রুপ, ব্লাড সুগার, ব্লাড প্রেসার, ইসিজি, হাইট ওয়েট, বিএমআই নির্ধারণ, নেবুলাইজিং ও সীমিত পরিমাণ ওষুধ প্রদান করা হবে। এই স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাংসদ নাহীম রাজ্জাক, বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স ও ফোবানার প্রেসিডেন্ট ও কনভেনর আতিকুর রহমান। চিকিত্সাসেবা নিতে আগ্রহীদের চলতি মাসের ১৩ থেকে ১৫ তারিখ সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত গোসাইরহাট উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ থেকে টোকেন সংগ্রহ করতে বলা হয়েছে।উল্লেখ্য, গত ছয় বছর ধরে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল দেশের প্রান্তিক মানুষকে এ ধরনের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। প্রেস বিজ্ঞপ্তি।