প্রান্তিক মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁওয়ে রিকশা চালান মোশারফ (২৫)। বাড়িতে বাবা-মা ও ছোট চার ভাইবোন রয়েছে। মাসের শেষে মুঠোফোনের মাধ্যমে টাকা বাড়িতে পাঠান তিনি। আগে কুরিয়ারের মাধ্যমে এই টাকা পাঠাতে অতিরিক্ত ৫০-৬০ টাকা খরচ করতে হতো তাঁকে। এখন তাঁর টাকা পাঠাতে খরচ হয় না, কিন্তু মোশারফের বাবাকে এই টাকা পেতে ২০-৩০ টাকা খরচ করতে হয়। কারণ, তাঁদের কোনো মুঠোফোন নেই। স্থানীয় বাজারে বাংলালিংকের আউটলেট থেকে এই টাকা তোলেন তাঁরা।বাবা-মাকে একটি মুঠোফোন কিনে দিতে পারছেন না?-প্রশ্নের জবাবে মোশারফ বলেন, ‘একটা হ্যান্ডসেট ও সংযোগ কেনার জন্য দেড় থেকে দুই হাজার টাকার কথা ভাবতে হয়। তাই মুঠোফোন আর কেনা হচ্ছে না।’ গ্রামীণ এলাকায় মুঠোফোনের ব্যবহারকারীর সংখ্যা এখনো অনেক কম। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে দেশে মোট মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা (গত এপ্রিল মাস পর্যন্ত) নয় কোটির বেশি। এই হিসাবে দেশের ৫৬ দশমিক ৬৫ শতাংশ লোকের হাতে মুঠোফোন পৌঁছেছে। কিন্তু প্রত্যন্ত এলাকায় নিজস্ব মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা অনেক কম। তাই মোবাইল অপারেটররা কিছুটা হতাশও বটে। তাদের দাবি, শুধু সংযোগ কর (সিম ট্যাক্স) না থাকলে গ্রাহক বৃদ্ধির হার জাদু দেখিয়ে দিত। সম্প্রতি সুইডেনভিত্তিক টেলিযোগাযোগ যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান এরিকসনের ‘কনজ্যুমার ল্যাব’ বিভাগের করা এক জরিপে দেখা গেছে, বাংলাদেশে নিজস্ব মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা শহুরে এলাকায় ৭৬ শতাংশ, আর প্রত্যন্ত এলাকায় তা মাত্র ২৪ শতাংশ। পাশাপাশি মুঠোফোনের সুবিধাভোগীর (ইন্টারনেট ব্রাউজিং, মুঠোফোন ব্যাংকিং, কৃষি তথ্য, স্বাস্থ্যসেবা, আবহাওয়া বার্তা) বেশির ভাগ গ্রাহক হচ্ছেন প্রত্যন্ত এলাকার। কিন্তু নিজস্ব মুঠোফোন না থাকায় সঠিক সময়ে সঠিক তথ্য পেতে তাঁদের সমস্যা হয় বলে জরিপে উল্লেখ রয়েছে।রবির কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া রিলেশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর বলেন, ‘গত বছর ২০০ টাকা সংযোগপ্রতি কর কমানোর কারণে গ্রাহকসংখ্যা যেমন বেড়েছে, তেমনি অপারেটররাও তাদের নেটওয়ার্ক সেবা অনেকটা উন্নত করতে পেরেছে। আর গ্রাহক যত বাড়বে, তত কথা বলবে, বিভিন্ন সেবা ব্যবহার করবে, ফলে জাতীয় রাজস্ব আয়ের হারটাও সেই হারে বাড়বে।’ কিন্তু দেশের প্রত্যন্ত এলাকায় মুঠোফোনের ব্যবহারকারীর সংখ্যা বাড়াতে বিনা মূল্যে সংযোগ দিতে পারছে না মোবাইল অপারেটররা। কারণ, এখনো তাদের সংযোগপ্রতি ৬০৫ টাকা কর এবং সংযোগ চালুপ্রতি খরচ ২০০ টাকা। অপারেটররা বলছে, মুঠোফোনের সংযোগপ্রতি কর উঠিয়ে না দিলে প্রান্তিক এলাকায় মুঠোফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ানো সম্ভব হবে না।গ্রামীণফোনের করপোরেট কমিউনিকেশনের প্রধান তাহমিদ আজিজুল হক বলেন, টেলিযোগাযোগ খাতের উন্নতির জন্য সংযোগ কর অন্যতম একটি বাধা।’ বাংলালিংকের করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক জাকিউল ইসলাম বলেন, ‘এই নয় কোটি গ্রাহকের হিসাবের বেশির ভাগই শহুরে এলাকায়। আমাদের সবার লক্ষ্য গ্রামীণ গ্রাহক বাড়ানো। কিন্তু সংযোগ কর বাতিল না করলে এ লক্ষ্য অর্জন সহজ হবে না।’