প্রাপ্ত নম্বর থেকে ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য নম্বর কাটার ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ রোববার সকালে নতুন সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী এখন বিষয়ভিত্তিকের পরিবর্তে মোট প্রাপ্ত নম্বর থেকে ভুল উত্তরের জন্য নম্বর কাটা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে আজ সকালে উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, সব অনুষদ ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত, গতকাল শনিবার সকালে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল রাতেই ফলাফল ঘোষণা করার কথা ছিল। কিন্তু ৬৭৮ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় ৪০০-এর কম শিক্ষার্থী উত্তীর্ণ হয়। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল রাতে ফলাফল ঘোষণা করেনি। বিশ্ববিদ্যালয় সূত্র আরও জানায়, ভর্তি পরীক্ষায় ১০০-এর মধ্যে পাস নম্বর ৪০। উত্তীর্ণ একজন ভর্তিচ্ছু প্রার্থীকে বাংলায় ১০ নম্বরের মধ্যে ন্যূনতম চার এবং ইংরেজিতে ১৫ নম্বরের মধ্যে ন্যূনতম ছয় পাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। বাংলা, ইংরেজি কিংবা উভয় বিষয়ে কেউ ন্যূনতম নম্বরের কম পেয়ে পাস নম্বর ৪০-এর বেশি পেলে তাঁকে অনুত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। আইন অনুষদের ডিন অধ্যাপক জাকির হোসেন প্রথম আলো অনলাইনকে বলেন, উপাচার্য মহোদয়ের সঙ্গে আজ সকালে বৈঠক করে আমরা সব জটিলতা দূর করেছি। ভর্তি পরীক্ষার ফলাফল তৈরি ও ঘোষণা করতে সব বাধা দূর হয়েছে। চলতি শিক্ষাবর্ষ থেকে প্রতি চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য এক নম্বর কাটার সিদ্ধান্ত হয়। আর এ পদ্ধতি বিষয়ভিত্তিকের ওপর প্রয়োগ করায় ‘এ’ ইউনিটে ফলাফল বিপর্যয় ঘটে বলে সংশ্লিষ্ট শিক্ষকেরা জানান। আজ সকালে এ সিদ্ধান্ত পরিবর্তন করে মোট প্রাপ্ত নম্বর থেকে ভুল উত্তরের জন্য নম্বর কাটার সিদ্ধান্ত হয়। বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবুল কালাম আজাদ এ প্রসঙ্গে প্রথম আলো অনলাইনকে বলেন, মোট প্রাপ্ত নম্বর থেকে ভুল উত্তরের জন্য নম্বর কাটার সিদ্ধান্তে আরও বিপুলসংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হবে। আজ দুপুরের মধ্যে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা যাবে বলে আশা করা যাচ্ছে।