বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন কলম্বিয়ার জোস অ্যান্টোনিও ওকামপো। আজ শনিবার বিবিসি এই তথ্য জানিয়েছে।এর ফলে এই পদে এ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর সংখ্যা দাঁড়াল দুজনে। তাঁরা হলেন, নাইজেরিয়ার বর্তমান অর্থমন্ত্রী এনগোজি ওকোনজো ইওয়েলা ও দক্ষিণ কোরিয়ার জিম ইয়ং কিম। এর মধ্যে জিম ইয়ং কিমের প্রতি নিজের সমর্থনের কথা ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।প্রার্থিতা প্রত্যাহার করে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওকামপো বলেন, ‘এটা পরিষ্কার যে বিশ্বব্যাংকের প্রধানের পদে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিই হচ্ছে একমাত্র বিচার্য বিষয়। এখানে যোগ্যতার কোনো ব্যাপার নেই। তিনি বিশ্বব্যাংকের প্রধানের পদে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে নিজ দেশ কলম্বিয়ারও কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন।এদিকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করলেও নাইজেরিয়ান প্রার্থী ওকোনজোর প্রতি সমর্থনের কথা ব্যক্ত করেন ওকামপো। আর ওকোনজো নিঃস্বার্থ প্রার্থিতা প্রত্যাহারের জন্য ওকামপোর প্রতি নিজের ধন্যবাদ ব্যক্ত করেছেন। আগামী সোমবার বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে সফল প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিকের স্থলাভিষিক্ত হবেন। জোয়েলিক ২০০৭ সাল থেকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।সাধারণত বিশ্বব্যাংকের শীর্ষ এ পদে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রাধান্য থাকে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান হন একজন ইউরোপীয় নাগরিক।