প্রার্থী দিয়ে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামী মাঠে নামার চেষ্টা করবে বলে জানা গেছে। যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা, দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদসহ বিভিন্ন ইস্যুতে চট্টগ্রামের জামায়াত কয়েক মাস ধরে আন্দোলনের চেষ্টা করছিল। কিন্তু সরকারের কঠোর অবস্থানের কারণে তারা মিছিল-সমাবেশ করতে পারছিল না। ফলে চট্টগ্রামের রাজনীতিতে তারা এক রকম কোণঠাসা হয়ে পড়ে।সূত্র জানায়, চট্টগ্রাম জামায়াত চারদলীয় জোটের বাইরে গিয়ে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা চেয়েছে। পুলিশের আশঙ্কা, নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে তাঁরা বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে কার্যক্রম চালাবে। এই ফাঁকে তারা যুদ্ধাপরাধীদের বিচারেরও বিরোধিতা শুরু করবে।জামায়াতের নগর আমির ও সাংসদ মাওলানা শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমাদের কর্মসূচির ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে সরকার অগণতান্ত্রিক আচরণ করছে। নির্বাচন উপলক্ষে আমরা স্বাভাবিক কর্মসূচি পালন করতে চাই। বাধা দিলে আমরা তীব্র প্রতিবাদ জানাব।’চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান বলেন, ‘জামায়াত তো কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয়। তাই ওদের প্রার্থী দেওয়ার অধিকার রয়েছে। তবে তাদের নির্বাচনী আচরণবিধি ও আইনের মধ্যেই প্রচার-প্রচারণা চালাতে হবে। নির্বাচনী কার্যক্রম ও আইনের বাইরে কিছু করলে আমরা ব্যবস্থা নেব।’নগর পুলিশের বিশেষ শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, ‘জামায়াত চট্টগ্রাম সিটি নির্বাচনকে অছিলা করে মাঠ গরম করার চেষ্টা করতে পারে। তাই এ ব্যাপারে আমরা পুলিশ সদর দপ্তরের নির্দেশনা চাইব।’ নগর পুলিশের কঠোর অবস্থানের কারণে প্রায় চার মাস ধরে চট্টগ্রামে জামায়াত রাজপথে আন্দোলন করতে পারছে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের ছাত্র মহিউদ্দিন খুন হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জামায়াত-শিবির চট্টগ্রামে মাঠ গরম করার চেষ্টা করেছিল। মহিউদ্দিন ১১ ফেব্রুয়ারি রাতে নগরের ষোলশহর স্টেশনে খুন হন। তাঁকে শিবিরের কর্মী দাবি করে গত ১২ ফেব্রুয়ারি জামায়াত-শিবির নগরে মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় পুলিশ জামায়াত-শিবিরের শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।এর আগে গত ১৮ জানুয়ারি আগ্রাবাদে জামায়াতের একটি মেস থেকে অস্ত্রসহ জামায়াত-শিবিরের ১২ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এসব ঘটনার প্রতিবাদে জামায়াত বিভিন্ন সময়ে মাঠে নামার চেষ্টা করে সফল হয়নি।জোটের বাইরে আলাদা নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিকে জামায়াত নিজেদের সাংগঠনিক অবস্থা যাচাই করে দেখার প্রক্রিয়া বলে প্রচার করছে। জামায়াতের কেন্দ্রীয় জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ইতিমধ্যে বলেছেন, ‘নির্বাচন ক্ষমতাসীন সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের প্রশ্ন। আর আমরা নিজেদের অবস্থান ভালো করার চেষ্টা করব।’প্রসঙ্গত, জামায়াত সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে পৃথক প্রার্থী দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে তারা মনোনয়নও অনেকটা চূড়ান্ত করেছে। মেয়র পদে সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী ও আফসার উদ্দিন চৌধুরীর নাম শোনা যাচ্ছে। এ ছাড়া ৪১টি ওয়ার্ডে প্রার্থী প্রায় চূড়ান্ত বলেও জানা গেছে।