প্রার্থী নির্বাচনে স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিয়েছে সভাপতি : ডা. শাহদাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী নির্বাচন প্রক্রিয়াকে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেন। তিনি বলেছেন, ‘প্রার্থী নির্বাচনে দলের নগর সভাপতি (আমির খসরু মাহমুদ চৌধুরী) স্বৈরাচারী ও স্বেচ্ছাচারী মনোভাবের পরিচয় দিয়েছেন। খসরু ভাই মিসগাইড করেছেন।’আজ মঙ্গলবার সকালে নগরের পাঁচলাইশে শাহদাতের ব্যক্তিগত চেম্বারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বিএনপির সহসভাপতি দস্তগীর চৌধুরীও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, এ দুজনই আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী ছিলেন। কিন্তু গতকাল সোমবার বিএনপির প্রার্থী হিসেবে সাবেক ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলমের নাম প্রায় নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে। এতে ক্ষুব্ধ হন শাহদাত ও দস্তগীর চৌধুরী। সংবাদ সম্মেলন শেষে শাহদাত হোসেন আজ মঙ্গলবার মেয়র পদে মনোনয়নপত্রও সংগ্রহ করেন। তার পক্ষে ডা. টিপু নামে একজন ফরম সংগ্রহ করেন।সংবাদ সম্মেলনে শাহদাত বলেন, মনজুর আলম বিএনপির কেউ নন। তিনি চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির ব্যানারে প্রার্থী হয়েছেন। যেহেতু বিএনপি নির্বাচনমুখী দল, তাই তাঁকে সমর্থন দেওয়া হয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরীর সমালোচনা করে তিনি বলেন, ‘দলীয় ফোরামে মনজুর নাম আলোচনা না করেই প্রার্থী ঘোষণা করা হয়। প্রার্থী নির্বাচন নিয়ে ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত বৈঠকে মনজুর নাম আলোচনায় আসেনি। সেখানে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে খসরু ভাই, দস্তগীর ও আমার নাম এসেছিল। যদি দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে মনজুর নাম ঘোষণা করা হতো তাহলে দল উপকৃত হতো।’ সংবাদ সম্মেলনে বলা হয়, দলে মনজুর আলমের প্রাথমিক সদস্যপদও নেই। দলে গণতন্ত্রের চর্চা থাকা উচিত ছিল বলে তাঁরা মন্তব্য করেন। দল যেহেতু সমর্থন দিয়েছে, সেহেতু তাঁরাও মনজুকে সমর্থন দেবেন বলে জানান। তৃণমূল পর্যায় থেকে মনজুর মেয়র প্রার্থিতা নিয়ে বার বার প্রশ্ন তোলার কারণে প্রকৃত ঘটনা—তাঁদের আশ্বস্ত করার জন্য এ সংবাদ সম্মেলন করা হয় বলে জানানো হয়।সংবাদ সম্মেলনের পরে কয়েকটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে দস্তগীর চৌধুরী বলেন, ‘তৃণমূল নেতাদের সঙ্গে কথা বলে এবং হাইকমান্ডের অনুমতি নিয়ে প্রার্থী হব।’ সাধারণ সম্পাদক ডা. শাহদাত হোসেনের অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।’