পটুয়াখালীতে আসন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে সম্ভাব্য দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের জন্য ডাকা সভায় গত বুধবার বিকেলে ওই সংঘর্ষ হয়। পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাংসদ গোলাম মাওলার উপস্থিতিতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম ইউসুফ হাওলাদার (২৮)। তিনি আউলিয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ছিলেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৯ জন আহত হন। তাঁদের মধ্যে নয়জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, নির্বাচন কমিশন গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে প্রথম পর্যায়ের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। প্রথম পর্যায়ে উপকূলীয় ১২ জেলার ৭২টি উপজেলার ৫৯৬টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাংসদ গোলাম মাওলার নির্দেশে আউলিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইয়ের জন্য গত বুধবার বিকেলে সভা আহ্বান করা হয়। সম্ভাব্য প্রার্থী তালিকায় রয়েছেন বর্তমান চেয়ারম্যান ও সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও আউলিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী ইউসুফ জানান, সাংসদের নির্দেশে ডাকা সভায় সাংসদ গোলাম মাওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছিলেন জেলা ও গলাচিপার দলীয় নেতা-কর্মীরা।সভা শুরুর আগে প্রথমে হুমায়ুন কবির ও তাঁর সমর্থকেরা ঢোলবাদ্য নিয়ে স্লোগান দিতে দিতে সভাস্থলে পৌঁছান। একপর্যায়ে দুই প্রার্থীর সমর্থকেরা পরস্পরের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দিতে থাকেন। পরে তা হাতাহাতি, সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়। এ সময় উভয় পক্ষের সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। গুরুতর আহত ইউসুফসহ ১০ জনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ইউসুফকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের পরামর্শে রাতেই বরিশাল থেকে ঢাকায় নেওয়ার পথে রাত তিনটার দিকে ইউসুফ মারা যান।ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষের সময় সাংসদসহ অতিথিরা ইউপি ভবনে আটকা পড়েন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন মো. সাখাওয়াত, আবুল ঘরামী, জলিল মোল্লা, জহির খান, জাহিদ খান, কামাল হোসেন, কবির খান, আমির তালুকদার ও সুজন।এদিকে ইউসুফ হাওলাদারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।সংঘর্ষের ঘটনায় হুমায়ুন কবীর ও শাহ আলম পরস্পরকে দায়ী করেন। হুমায়ুন কবির অভিযোগ করেন, কাউন্সিলররা ভোট দিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত হয়। প্রতিপক্ষ ভোটাভুটিতে জিতবে না ভেবে ভাড়া করা সন্ত্রাসী এনে হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়। পাল্টা অভিযোগে শাহ আলম বলেন, বর্তমান চেয়ারম্যানের সমর্থকেরা ভয়ভীতি দেখিয়ে তাঁদের পক্ষের সমর্থন আদায়ের চেষ্টায় ব্যর্থ হয়ে এই হামলা চালায়। তিনি ইউসুফ হাওলাদারকে তাঁর পক্ষের লোক বলে দাবি করেন।সভায় উপস্থিত সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান সিকদার জানান, সম্ভাব্য দুই প্রার্থীর সমর্থকদের উসকানিমূলক পাল্টাপাল্টি স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ ব্যাপারে জানতে সাংসদ গোলাম মাওলার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, এ ঘটনায় চেয়ারম্যান হুমায়ুন কবিরসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।গোলাম মাওলাকে দায়ী করেছে আওয়ামী লীগইউসুফ হাওলাদার নিহত হওয়ার ঘটনায় দলীয় সাংসদ গোলাম মাওলাকে দায়ী করেছে গলাচিপা উপজেলা আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন-অর-রশিদের বাসভবনে এক সংবাদ সম্মেলন করে নেতারা বলেন, একক সিদ্ধান্তে পছন্দের লোকজনকে দলীয় সমর্থন দিতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটেছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাজি শাহজাহান মিয়া, সহসভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর প্যাদা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সংঘর্ষের ঘটনায় সাংসদ গোলাম মাওলাকে দায়ী করে বেলা ১১টার দিকে গলাচিপা ডিগ্রি কলেজে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়।