প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, পৌর নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে দুর্বলতা ছিল। এ কারণেই এত বেশিসংখ্যক বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন এবং বিজয়ী হয়েছেন বলে মনে করছেন তিনি।গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সিইসি এই অভিমত প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন ‘স্থানীয় সরকার নির্বাচন: গণপ্রত্যাশা ও গণমাধ্যম’ শীর্ষক ওই সভার আয়োজন করে।প্রধান অতিথির বক্তব্যে শামসুল হুদা বলেন, নির্বাচন কমিশন সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ে আইনি সংস্কার এনেছে। রাজনৈতিক দলগুলোকেও তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী বাছাই করতে হবে।এ পর্যন্ত অনুষ্ঠিত ১২১টি পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ১২ জন এবং বিএনপির সাতজন বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন। সেদিকে ইঙ্গিত দিয়ে সিইসি বলেন, জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে সঠিক প্রার্থী নির্বাচনে ভুল করেন না। চার বিভাগে নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। এ পর্যন্ত পৌর নির্বাচনের সার্বিক পরিবেশ সন্তোষজনক। তবে সব পৌরসভার নির্বাচন শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের মতামত জানাবে বলে তিনি জানান।নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সংস্কৃতি বাদ দিয়ে প্রশাসন ও পুলিশসহ বিভিন্ন বিভাগকে উজ্জীবিত করার আহ্বান জানিয়ে সিইসি বলেন, ‘নির্বাচনে আমরা সেনাবাহিনী দিতে চাই না। সেনাবাহিনী আমাদের শেষ আশ্রয়স্থল (লাস্ট রিসোর্ট)। কারণে-অকারণে এ বাহিনীকে চাওয়া ঠিক নয়। এবার আমরা বিরক্ত হয়ে সেনাবাহিনী নিয়োগ করেছি।’ শামসুল হুদা আরও বলেন, নির্বাচন কমিশনার, রাজনৈতিক দল ও সংবাদমাধ্যম একসঙ্গে কাজ করলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে বাধ্য।গণমাধ্যমে ইতিবাচক সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, গত ৩০ বছরে পৌরসভা নির্বাচনের মতো কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। নির্বাচন নিয়ে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা শুধু রাজনৈতিক কারণেই করা হয়েছে বলে তিনি দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, তথ্য কমিশনার সাদেকা হালিম, সাংবাদিকতা বিভাগের শিক্ষক গোলাম রহমান ও শেখ আবদুস সালাম, কবি ও সাংবাদিক সোহরাব হাসান, লোকপ্রশাসন বিভাগের শিক্ষক জারিনা রহমান খান, সাংবাদিক প্রণব সাহা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য সুভাষ সিংহ রায় প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস।