২০ বছরের মধ্যে এবারের উপনির্বাচনেই প্রথম হবিগঞ্জ-১ আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হলো। প্রার্থী মনোনয়নে ভুল, দলে অনৈক্য, ভোটব্যাংক হিসেবে পরিচিত অঞ্চলগুলোতে ভোট কম পড়াই এর কারণ বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিও আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে। ১৯৯১ সালের নির্বাচনে এই আসনে হেরেছিলেন আওয়ামী লীগের প্রার্থী। তারপর দলের প্রবীণ নেতা দেওয়ান ফরিদ গাজী আসনটি এক অর্থে নিজের করেই নিয়েছিলেন। ’৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করে তিনি সাংসদ নির্বাচিত হন। ২০০৮ সালে তিনি বিএনপির প্রার্থী শেখ সুজাত মিয়াকে ৭২ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন। সেই সুজাত মিয়ার কাছেই এবার আওয়ামী লীগের প্রার্থী মুশফিক হুসেন চৌধুরী হেরেছেন এক হাজার ২৯৫ ভোটে।স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও আওয়ামী লীগের নেতারা বলেন, মুশফিক চৌধুরীকে প্রার্থী করায় দলের অনেক কর্মী-সমর্থকই মানতে পারেননি। দেওয়ান ফরিদ গাজীর ছেলে দেওয়ান শাহ নেওয়াজ গাজী ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া মনোনয়ন চেয়েছিলেন। তাঁদের একজন মনোনয়ন পেলে আওয়ামী লীগ সহজেই জিতে যেত। বিএনপির অনেক নেতাও প্রথম আলোর কাছে এই মত প্রকাশ করেছেন।উপনির্বাচনের প্রাক্কালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত হবিগঞ্জে দলের সব পর্যায়ের নেতাদের সঙ্গে বসে বিরোধ মেটানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কাজ হয়নি।জানা গেছে, এ রকম একটি বৈঠকে বাহুবল উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা আবদুল কাদির বলেছিলেন, ‘মুশফিক হুসেন চৌধুরীকে তিনি অযোগ্য বলেছেন। এখন কোন মুখে তিনি তাঁকে যোগ্য বলে ভোটারদের কাছে ভোট চাইবেন?’নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমিসহ নয়জন দলের মনোনয়ন চেয়েছিলাম। এঁদের মধ্যে আমরা তিনজন প্রচারে নামি। বাকিরা নির্বাচনী মাঠে ছিলেন না।’বিএনপির সাংসদ নজরুল ইসলাম ভোটের আগে প্রথম আলোকে বলেছিলেন, ‘রেজা কিবরিয়া বা দেওয়ান শাহ নেওয়াজ গাজী মনোনয়ন না পাওয়ায় আমাদের জন্য সুবিধা হয়েছে।’নজরুল ইসলামের এই দাবি যে সঠিক, তা প্রমাণ হয়েছে নির্বাচনের পর। দেওয়ান ফরিদ গাজী ও শাহ এ এম এস কিবরিয়ার নিজস্ব এলাকা দিনারপুর আওয়ামী লীগের ভোটব্যাংক হিসেবে পরিচিত। চারটি ইউনিয়নজুড়ে বিস্তৃত ওই অঞ্চলে অতীতের নির্বাচনগুলোতে বিএনপি অল্পসংখ্যক ভোট পেয়েছে। কিন্তু এবার সেখানকার ১৮টি কেন্দ্রের মধ্যে ১১টিতে বিএনপি ও একটিতে জাতীয় পার্টি জিতেছে।নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান বলেন, ‘দলের ভেতরে অনেকে আত্মঘাতী কাজ করেছে। নইলে এমনটা হওয়ার কথা নয়।’এই অঞ্চলে রাবার ও চা-শ্রমিকদের ভোট আওয়ামী লীগের বাক্সেই বেশি পড়ে। কিন্তু চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় তাঁরা ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভোটের কয়েক দিন আগে এ ব্যাপারে সমঝোতা হলেও অনেকে কেন্দ্রে যাননি।সাধারণভাবে চা-বাগানগুলোতে ভোট পড়ে ৯০ শতাংশের বেশি। কিন্তু এবার বৃন্দাবন চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ৭৫ শতাংশ, রামপুর চা-বাগান অফিস-কেন্দ্রে ৬৫ শতাংশ, ফয়জাবাদ উচ্চবিদ্যালয়কেন্দ্রে ৫৪ শতাংশ, আমতলী চা-বাগান রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ৬৫ শতাংশ, কামাইছড়া চা-বাগানে ৭৬ শতাংশ ও রুপাইছড়া রাবার বাগান অফিস-কেন্দ্রে ৫৬ শতাংশ ভোট পড়েছে।চা-শ্রমিকদের সংগঠন বালিশিরা ভ্যালির সম্পাদক দেবেন্দ্র বারাইক বলেন, প্রথমে আমরা ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে জটিলতার আপাত নিরসন হলেও অনেকে ভোট দিতে যাননি।বাহুবল উপজেলার সংখ্যালঘু-অধ্যুষিত রউয়াইল গ্রামে ভোট চাইতেই যাননি আওয়ামী লীগের প্রার্থী। একই অবস্থা উপজেলার গাংদার গ্রামেরও। এখানকার বাসিন্দা পরেশ শীল বলেন, ‘আমাদের গ্রামের মানুষ আজ পর্যন্ত মুসফিক সাহেবকে চোখে দেখেনি। কিন্তু সুজাত সাহেব প্রায়ই এখানে আসেন।’নবীগঞ্জের সংখ্যালঘু-অধ্যুষিত এলাকাগুলোর একটিতে আওয়ামী লীগের প্রার্থী পেয়েছেন ৩৪৩ ভোট। আর বিএনপির প্রার্থী পেয়েছেন এক হাজার ৮৮ ভোট। বিএনপির নেতা সাখাওয়াত হাসান বলেন, ‘সংখ্যালঘু-অধ্যুষিত এলাকাগুলোতে আমরা এবার ১৮ থেকে ২০ শতাংশ ভোট পেয়েছি।’উপনির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টির প্রার্থী আবদুল মুনিম চৌধুরী ২২ হাজার ২২০ ভোট পেয়েছেন। আর আওয়ামী লীগ হেরেছে এক হাজার ২৯৫ ভোটে। স্বভাবতই অনেকে মনে করেন, একজোট হয়ে নির্বাচন করলে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হতেন। তবে বিএনপির নেতা সাখাওয়াত হাসান মনে করেন, জাতীয় পার্টির প্রার্থী না থাকলে তাঁরা আরও বেশি ভোটে জিততেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক চৌধুরী অবশ্য মনে করেন, জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন দিলে তাঁরাই জিততেন।