প্রার্থী-সমর্থন নিয়ে জট পাকিয়েছে আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী-সমর্থন নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে সরকারি দল আওয়ামী লীগ। আইনগতভাবে নির্দলীয় এ স্থানীয় সরকার নির্বাচনে কৌশলে একজন প্রার্থীকে দলীয় সমর্থন দেওয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞরা এটাকে অনৈতিক বলে মন্তব্য করেছেন। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘আইনগতভাবে আওয়ামী লীগের তিন নেতাকে আমাদের বলার কিছু নেই। তবে তিন নেতা যে কাজটি করেছেন, তা যে নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়, সেটি তাঁরা নিজেরাও জানেন। এ ধরনের কাজ নির্বাচনকে প্রভাবিত করতে পারে এবং সহিংসতার দিকেও নিয়ে যেতে পারে। সুতরাং যেকোনো দল বা নেতার এ ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত।’মেয়র পদে আওয়ামী লীগের দুজন প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও শামীম ওসমান দলীয় সমর্থন চেয়েছিলেন। নির্বাচনী আইনের কারণে কাউকেই আনুষ্ঠানিক সমর্থন দেওয়া হবে না—এমন কথা প্রকাশ্যে বলা হচ্ছে। কিন্তু গত বৃহস্পতিবার আওয়ামী লীগের তিন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ ও খালিদ মাহমুদ চৌধুরী নারায়ণগঞ্জে শামীম ওসমানের উপস্থিতিতে তাঁকে দলীয় সমর্থন দেওয়ার বিষয়টি প্রকাশ করেন।শামীম ওসমানের পক্ষে তিন সাংগঠনিক সম্পাদকের প্রকাশ্য সমর্থনে দলে প্রতিক্রিয়া হয়। দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, নারায়ণগঞ্জের মেয়র পদে কাউকে দলীয় সমর্থন দেওয়া হয়নি। যাঁরা শামীমের সমর্থনে বক্তব্য দিয়েছেন, তাঁরা ব্যক্তিগতভাবে সেখানে গেছেন। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।এ বিষয়ে জানতে চাইলে সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘শামীম ওসমানের নির্বাচনী সভায় তিন সাংগঠনিক সম্পাদকের উপস্থিতি দলীয় অবস্থান খোলাসা করেছে।’ দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেছেন, তিনজন নেতার এই উপস্থিতি ব্যক্তিগত, দলের সিদ্ধান্ত নয়—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে খালিদ মাহমুদ বলেন, কাউকে ব্যক্তিগত সমর্থন দেওয়ার সুযোগ নেই।আওয়ামী লীগের সূত্রগুলো জানায়, দলের উচ্চপর্যায়ের নির্দেশেই বৃহস্পতিবার তিন সাংগঠনিক সম্পাদক শামীম ওসমানের পক্ষে ওই সভায় বক্তব্য দেন। তাঁরা শামীমকে দলীয় সমর্থন দেওয়ার কথাও জানান। উচ্চপর্যায়ের নির্দেশে সভাপতিমণ্ডলীর একজন সদস্য তাঁদের নারায়ণগঞ্জে পাঠান। সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, পরিস্থিতি বুঝে আরও কিছু কেন্দ্রীয় নেতাকে শামীম ওসমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় পাঠানো হতে পারে।জানতে চাইলে দলের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ওবায়দুল কাদের প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন নির্দলীয় নির্বাচন হলেও দলীয় কেন্দ্রীয় কোনো নেতার নির্বাচনী প্রচারে যেতে বাধা নেই। তবে দলীয়ভাবে আমরা কোনো প্রার্থীকে সমর্থন করছি না।’শামীমের সমর্থনে তিনজন নেতার বক্তব্য সম্পর্কে উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আইন ও সংবিধান অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয়। সরকারি দল হিসেবে আওয়ামী লীগকে আইনের সুরক্ষা দিতে হবে। তবে তিন সাংগঠনিক সম্পাদক শামীমের সমর্থনে বক্তব্য দিলেও যেহেতু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কোনো প্রার্থীকে সমর্থন না দেওয়ার কথা বলছেন, তাই তাঁদের কথার আর কোনো গুরুত্ব নেই।আওয়ামী লীগের এ কৌশলী অবস্থান অনৈতিক বলে মনে করেন নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নির্বাচনী আইন অনুযায়ী কোনো প্রার্থীর পক্ষে আনুষ্ঠানিক সমর্থন দেওয়ার সুযোগ নেই।স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগের তিনজন নেতা পরোক্ষভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন। দলীয়ভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। কিন্তু এটা জানার পরও তাঁরা একজন প্রার্থীর প্রতি দলের সমর্থনের কথা জানিয়েছেন। আবার বিষয়টি নিয়ে যাতে প্রশ্ন না ওঠে, সে জন্য দলের শীর্ষপর্যায় থেকে বলা হয়েছে, দলীয় নয়, তিন সাংগঠনিক সম্পাদক ব্যক্তিগত সমর্থন জানিয়েছেন। নির্বাচনে এ ধরনের কর্মকাণ্ড নৈতিকভাবে গ্রহণযোগ্য নয়।আ.লীগের কৌশলী অবস্থান: দলীয় সূত্রগুলো জানায়, আওয়ামী লীগ দলগতভাবে শামীমের পক্ষে অবস্থান নিয়েছে। কিন্তু অপর সম্ভাবনাময় প্রার্থী আইভীকে বিরোধী দল বিএনপি যাতে সমর্থন দিতে না পারে, সে জন্য প্রকাশ্যে কাউকে সমর্থনের কথা বলা হচ্ছে না। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে আইভীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে—এমন আলোচনা আওয়ামী লীগে রয়েছে। তাই আইভীকে দূরে ঠেলে না দেওয়ার কৌশলী অবস্থান নিয়েছে আওয়ামী লীগ।দলের উচ্চপর্যায়ের দুজন নেতা জানান, দুজন প্রার্থীর জনপ্রিয়তা পর্যবেক্ষণ করা হচ্ছে। আইভীর জনপ্রিয়তা অটুট থাকলে ভবিষ্যতে আর কোনো কেন্দ্রীয় নেতাকে শামীমের সমর্থনে পাঠানো না-ও হতে পারে। এ ক্ষেত্রে আইভী নির্বাচিত হলে আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই তাঁকে মেনে নেওয়া হবে।বিএনপির যোগাযোগ, সাড়া দেননি আইভী: বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় কয়েকজন নেতা সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। তাঁরা পরোক্ষভাবে আইভীকে জানিয়েছেন, মেয়র নির্বাচনে বিএনপি তাঁকে সমর্থন দিতে চায়। তবে আইভী এখনো কোনো সাড়া দেননি। বিএনপির নেতারা এ তথ্য জানিয়েছেন।নেতারা জানান, নির্বাচনে আওয়ামী লীগ শামীম ওসমানকে সমর্থন জানালে বিএনপি আইভীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ ক্ষেত্রে তৈমুর আলম খন্দকার নির্বাচন বর্জন বা নির্বাচন-প্রক্রিয়া থেকে সরে দাঁড়াবেন বলে জানা গেছে।তবে আইভীকে সমর্থন দেওয়ার ব্যাপারে বিএনপির তৎপরতার কথা কেন্দ্রীয় নেতারা প্রকাশ্যে স্বীকার করেননি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, পুরো বিষয়টি স্থানীয় বিএনপি দেখছে। এ নিয়ে কেন্দ্রের কোনো ভূমিকা নেই। আইভীর সঙ্গে বিএনপি যোগাযোগ করছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার জ্ঞাতসারে এমন কোনো ঘটনা ঘটেনি।’নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থানীয় নেতারা বলেন, শামীম ওসমান জিতলে বিএনপিরই সমস্যা। তাঁদের সেখানে শান্তিপূর্ণভাবে রাজনীতি করাটা কঠিন হয়ে যাবে। এ জন্য স্থানীয় বিএনপি আইভীকে সমর্থন দিয়ে জিতিয়ে আনতে চায়। আর এ কারণেই তৈমুর আলম খন্দকারের পক্ষে কেন্দ্র থেকে কোনো নেতা নারায়ণগঞ্জে আসেননি।