নরসিংদী পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন লোকমান হোসেনের পরিবারের সদস্য কামরুজ্জামান। তিনি লোকমানের ছোট ভাই ও হত্যা মামলার বাদী।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বাসাইল এলাকায় মেয়র লোকমান হোসেনের বাড়িতে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লোকমানের মা মজিদা বেগম পরিবারের প্রার্থী হিসেবে কামরুজ্জামানের নাম ঘোষণা করেন।গত সোমবার নরসিংদী পৌরসভার মেয়র পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১৯ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।গত ১ নভেম্বর সদর সড়কের আওয়ামী লীগের কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন নিহত হন। লোকমানের হঠাত্ মৃত্যুতে শোকে ভেঙে পড়ে পরিবারের লোকজন। শোকের পাশাপাশি হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলন চলছে।লোকমান হোসেনের স্ত্রী তামান্না নুসরাত সাংবাদিকদের বলেন, ‘পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে কামরুজ্জামান নির্বাচন করবেন। মা আমার সমর্থন চাইলে আমি তাঁকে সমর্থন দিয়েছি। আপনারা আমাদের সহযোগিতা করবেন। লোকমান যে কাজগুলো অসম্পূর্ণ রেখে গেছেন, মেয়র নির্বাচিত হয়ে কামরুজ্জামান সেগুলো সমাপ্ত করবেন। তিনি লোকমান হোসেনের আদর্শে কাজ করে যাবেন।’মেয়রের ছোট ভাই কামরুজ্জামান বলেন, ‘আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যাতে আমার পিতৃসমতুল্য বড় ভাই লোকমান হোসেনের মতো আপনাদের জন্য কাজ করে যেতে পারি।’গত রোববার রাতে ঢাকার খিলগাঁও থেকে নাজমুল হোসেন শরীফ নামে গ্রেপ্তার হওয়া এক যুবকের স্বীকারোক্তি থেকে জানা যায়, রাজনৈতিক ও অপরাধ জগতের প্রতিপক্ষরা মিলে লোকমান হোসেনকে হত্যার পরিকল্পনা করেছিল। আর পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে ছিলেন লোকমানের একসময়ের ঘনিষ্ঠ বন্ধু এবং শহর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মোবারক হোসেন ওরফে মোবা। পুলিশ সদর দপ্তরের বিশেষ গোয়েন্দা দল মামলার তদন্ত সংশ্লিষ্ট ব্যক্তিদের দাবি অনুযায়ী, শরীফই গুলি করে লোকমানকে হত্যা করেছেন।মোট গ্রেপ্তার: লোকমান হত্যা মামলায় এ পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পাঁচজন ১৬৪ ধারায় লিখিত জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন এজাহারভুক্ত আসামি আশরাফ হোসেন সরকার, সন্দেহভাজন আসামি হাজি সেলিম মিয়া, মাহফুজ মিয়া, হাজি ফারুক, কাজী আলম।