প্রার্থী হতে চাইলে পদত্যাগ করতে হবে মহিউদ্দিনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে প্রার্থী হতে হলে মনোনয়নপত্র দাখিলের আগে পদ ছাড়তে হবে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর ৯(২) ধারায় প্রার্থী হওয়ার যোগ্যতার শর্তে এ কথা বলা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) আজকালের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি পাঠাবে।এদিকে মনোনয়নপত্র বাছাইয়ের কাজে জটিলতা কমিয়ে আনতে কমিশন ঋণ ও করখেলাপিদের তালিকা চেয়ে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে।সিটি করপোরেশন নির্বাচনী আইনের ৯(২) ধারায় মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার যোগ্যতার শর্তে বলা হয়েছে, প্রজাতন্ত্রের বা সিটি করপোরেশনের বা কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষের লাভজনক পদে অধিষ্ঠিত থাকলে প্রার্থী হওয়া যাবে না। আদালতের নির্দেশনা অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের পদটি লাভজনক। যে কারণে ঘোষিত তফসিল অনুযায়ী ২০ মের মধ্যে মনোনয়নপত্র দাখিলের আগে মেয়র মহিউদ্দিন চৌধুরীকে পদত্যাগ করতে হবে।আইনের ২১ ধারায় বলা আছে, পদত্যাগ, অপসারণ বা মৃত্যুজনিত কারণে মেয়রের পদ শূন্য হলে নতুন নির্বাচিত মেয়র কার্যভার গ্রহণ না করা পর্যন্ত জ্যেষ্ঠতার ক্রমানুসারে মেয়র প্যানেলের অন্য কোনো সদস্য এ দায়িত্ব পালন করবেন।এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা এ সংক্রান্ত আদালতের রায় পর্যালোচনা করেছি। তাতে মেয়রের পদটিকে লাভজনক বলা হয়েছে। তাই প্রার্থী হতে হলে মেয়র মহিউদ্দিনকে পদত্যাগ করতে হবে। আমরা দু-এক দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি অবহিত করব।’মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে গতকাল সন্ধ্যায় ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কমিশন থেকে কোনো নির্দেশনা পাইনি। কমিশন বা রিটার্নিং কর্মকর্তা যদি এ বিষয়ে আমাকে কিছু জানান, তখন বিবেচনা করে দেখব।’মেয়রের পদ লাভজনক কি না, এ বিতর্কের শুরু হয়েছিল ২০০৮ সালের নভেম্বরে নবম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর। গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ ধারার বিধান অনুযায়ী প্রজাতন্ত্র, সংবিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠান এবং সিটি করপোরেশনের লাভজনক পদে অধিষ্ঠিত থেকে কেউ সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নির্বাচনের আগে কমিশন থেকে সিটি করপোরেশনের মেয়রের পদকে লাভজনক বলে আখ্যায়িত করা হয়েছিল। এই ব্যাখ্যার আওতায় রিটার্নিং কর্মকর্তা ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ও ঢাকার মেয়র সাদেক হোসেনের মনোনয়নপত্র বাতিল করেন। সাদেক হোসেন কমিশনের এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত তাৎক্ষণিক তাঁর মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন। নির্বাচনের পর ২০০৯ সালের জুলাই মাসে হাইকোর্ট এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। রায়ে সিটি করপোরেশনের মেয়রের পদকে লাভজনক ঘোষণা করে সাদেক হোসেনের মনোনয়নপত্রকে অবৈধ ঘোষণা করেন।খেলাপিদের তালিকা চেয়েছে কমিশনচট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কেউ ঋণ বা করখেলাপি কি না, তা জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে অতিসত্বর ঋণখেলাপি ও করখেলাপিদের তালিকা তৈরি করে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে পাঠাতে বলা হয়েছে।বিধান অনুযায়ী ঋণ ও করখেলাপিরা নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য হবেন। সিটি করপোরেশন নির্বাচনী আইনের ৯ ধারার বিধান অনুযায়ী কেউ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধে খেলাপি হয়ে থাকলে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। নিরীক্ষকের প্রতিবেদন অনুযায়ী দায়যোগ্য অর্থ পরিশোধে ব্যর্থ হলেও নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না।এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা তফসিল ঘোষণার সময়ে জানিয়েছিলেন। এবার রিটার্নিং কর্মকর্তার কাছে আগে থেকেই হালনাগাদ তথ্য সরবরাহ করা হবে। এসব তথ্য আগাম পাওয়া গেলে মনোনয়নপত্র বাছাইয়ের কাজে জটিলতা কম হবে।এ ছাড়া কমিশন স্থানীয় সরকার মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং রেড ক্রিসেন্টকে চিঠি দিয়ে কাবিখা ও ভিজিএফ কার্ড বিতরণ, ত্রাণ তৎপরতা ইত্যাদি বন্ধ রাখার পরামর্শ দিয়েছে। নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার আগে কমিশনের পরামর্শ ছাড়া সরকারি কোনো পদস্থ কর্মকর্তাকে বদলি না করার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংস্থাপন মন্ত্রণালয়কে। বলা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণার পর এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে তা নির্বাচনে বিরূপ প্রভাব ফেলবে।