মেয়র পদে আসীন থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না। প্রার্থী হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে মনোনয়নপত্র দাখিলের আগেই পদত্যাগ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আজ বৃহস্পতিবার রিটার্নিং অফিসারকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।সে ক্ষেত্রে সিসিসির বর্তমান মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে প্রার্থী হতে হলে মেয়র পদ থেকে পদত্যাগ করতে হবে।এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, লাভজনক পদে থেকে কেউ মেয়র পদে প্রার্থী হতে পারেন না। ২০০৮ সালে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত বছরের ২৫ মে বিষয়টি স্পষ্ট করেন যে মেয়র পদ একটি লাভজনক পদ। তিনি বলেন, মেয়র খোকার রিটে মেয়র মহিউদ্দিন চৌধুরীও পক্ষ হয়েছিলেন।এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, প্রার্থী হতে বর্তমান মেয়রকে মনোনয়নপত্র দাখিলের আগেই পদত্যাগ করতে হবে।স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ৯ ধারায় মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা বর্ণনা করতে গিয়ে উপধারা ২(ঙ)-তে বলা হয়েছে, ‘প্রজাতন্ত্রের বা সিটি করপোরেশনের বা কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষের কোনো লাভজনক পদে সার্বক্ষণিক অধিষ্ঠিত ব্যক্তি মেয়র বা কাউন্সিলর পদে প্রার্থী হতে পারবেন না।’ অর্থাত্ মেয়র বা কাউন্সিলর পদে প্রার্থী হতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগ করতে হবে।সাখাওয়াত হোসেন বলেন, আদালতের নির্দেশনায় কাউন্সিলর পদকে যেহেতু লাভজনক পদ হিসেবে উল্লেখ করা হয়নি, অতএব কাউন্সিলর পদের ক্ষেত্রে এই আইনটি কার্যকর হবে না। অর্থাত্ কাউন্সিলররা নিজ পদে অধিষ্ঠিত থেকে নির্বাচনে অংশ নিতে পারবেন।