প্রার্থী ‘বসাতে’ ১৫ লাখ টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামী লীগের কেন্দ্র-সমর্থিত মেয়র পদপ্রার্থী নিজেকে নির্বাচন থেকে সরিয়ে নেবেন। তবে এর জন্য দলের বিদ্রোহী প্রার্থীকে টাকা দিতে হবে। কয়েক দফা আলাপ-আলোচনার পর শেষমেশ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে তিনি ১৫ লাখ টাকায় বিক্রিও হলেন। দল সংবাদ সম্মেলন করে বিদ্রোহী প্রার্থীর সমর্থনে মূল প্রার্থীর সরে দাঁড়ানোর খবরও প্রচার করল। কিন্তু বেচাবিক্রির তথ্য ফাঁস হয়ে যাওয়ায় মূল প্রার্থী আবার মাঠে নেমে পড়েছেন।ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের কেন্দ্র-সমর্থিত প্রার্থী আবদুর রহমান। দলের বিদ্রোহী প্রার্থী মোফাজ্জল হোসেন খান। দুই প্রার্থীই টাকা নিয়ে আলোচনা ও লেনদেনের বিষয়টি প্রথম আলোর কাছে স্বীকার করেছেন। তবে ঘটনা প্রকাশের জন্য তাঁরা দুষছেন একে অন্যকে। ১৮ জানুয়ারি এই পৌরসভায় নির্বাচন হবে।দলীয় সূত্র জানায়, ফরিদগঞ্জের পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুরা উপজেলার একটি মিলনায়তনে দুই প্রার্থীর পক্ষের লোকজনের সমঝোতা বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য সুজিত রায় নন্দী, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল বাশার পাটোয়ারী, সাধারণ সম্পাদক আবু সাইদ সরকার, সহসভাপতি আবুল খায়ের পাটোয়ারী, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মোতাহের হোসেন প্রমুখ।ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, নির্বাচন করার জন্য অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুর রহমান ও পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন খান। তবে পৌর নির্বাচনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা মোফাজ্জল হোসেনের পক্ষে তাঁদের সমর্থন জানান। কিন্তু কেন্দ্র থেকে দলীয় সমর্থন নিয়ে আসেন আবদুর রহমান। দলের মধ্যে আলোচনা আছে, এর জন্য তাঁকে পাঁচ লাখ টাকা খরচ করতে হয়েছে। স্থানীয় নেতা-কর্মীরা তাঁর পক্ষে খুব বেশি সক্রিয় হননি। এর মধ্যে চার বিভাগের নির্বাচনে দলের হতাশাজনক ফলাফলের কারণে দেশের অন্য এলাকার মতো ফরিদগঞ্জেও বিদ্রোহী প্রার্থীর সঙ্গে সমঝোতার উদ্যোগ নেওয়া হয়।পৌর আওয়ামী লীগের একজন নেতা প্রথম আলোকে জানান, একাধিক সমঝোতা বৈঠকের পর আবদুর রহমান ১৫ লাখ টাকা দিলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য রাজি হন। বিষয়টি মোফাজ্জল হোসেন খানকে জানানো হয়। আলাপ-আলোচনার পর সর্বশেষ গত শুক্রবার রাতে পাশের রায়পুরা উপজেলায় গিয়ে বৈঠক করে চূড়ান্ত সমঝোতা করা হয়।বৈঠকে উপস্থিত একাধিক সূত্র প্রথম আলোকে জানায়, আলোচনার একপর্যায়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে কত টাকা লাগবে—জানতে চান বিদ্রোহী প্রার্থী মোফাজ্জল হোসেন খান। মূল প্রার্থী আবদুর রহমানের পক্ষে তাঁর ভাই মোস্তফা ১৫ লাখ টাকা দাবি করেন। আলোচনার পর নগদ পাঁচ লাখ টাকা দিয়ে দেন মোফাজ্জল হোসেন। বাকি টাকা রোববার ব্যাংক খুললে দেবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি। কিন্তু আবদুর রহমান তখনই পুরো টাকা চান। মোফাজ্জল হোসেন তাঁর ১২ লাখ টাকা দামের ব্যক্তিগত গাড়িটি জিম্মা হিসেবে রাখার প্রস্তাব করেন। কিন্তু আবদুর রহমান নগদ টাকা চান। পরে রোববার (আজ) বাকি টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়।রাতের সমঝোতার পর গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল খায়েরের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে লিখিত বক্তব্যে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মোতাহার হোসেন জানান, আবদুর রহমান আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে নির্বাচন থেকে সরে দাঁড়াতে রাজি হয়েছেন। কাজেই এখন মোফাজ্জল হোসেনই দলের সমর্থিত প্রার্থী।কিন্তু সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর আবদুর রহমানের পক্ষে শহরে প্রচারণা শুরু হয়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মোতাহার হোসেন বলেন, প্রচারণা চালালেও আবদুর রহমান এখন আর দলীয় প্রার্থী নন।আবদুর রহমানের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, টাকা লেনদেনের বিষয়টি প্রকাশ্য হয়ে পড়ায় আবদুর রহমান সমঝোতা ভেঙে প্রচারণায় নামেন।জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটোয়ারী প্রথম আলোকে বলেন, আবদুর রহমান বেঈমান, বিশ্বাসঘাতক। তিনি সবার সামনে বলেছিলেন, নির্বাচন করবেন না। কিন্তু এখন আবার প্রচারণা শুরু করেছেন। টাকা লেনদেনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছু বলব না।’পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, পাঁচ লাখ টাকা তাঁকে (আবদুর রহমান) নগদ এবং ১০ লাখ টাকার চেক দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি চেক নিতে রাজি হননি।তবে প্রার্থী আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাকে কেন টাকা দেবে? আমি তো উল্টো তাঁকে সাত লাখ টাকা দিতে চেয়েছিলাম নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য। তিনি রাজিও হয়েছিলেন। পরে আমাদের দলীয় নেতা-কর্মীরা এটিকে ভিন্ন খাতে প্রবাহিত করেছেন।’এই অভিযোগ অস্বীকার করে মোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, ‘১৫ লাখ টাকার বিনিময়ে আবদুর রহমান সরে যাবেন বলে আশ্বাস দিয়েছিলেন। সেখানে কেন্দ্রীয় নেতাসহ উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। সমঝোতার পর আমি তাঁকে পাঁচ লাখ টাকা নগদ এবং ১০ লাখ টাকার চেক দিয়েছি। কিন্তু তিনি এখন বেঈমানি করছেন।’আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বৈঠকে উপস্থিত থাকার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ফরিদগঞ্জের দুই পক্ষকে নিয়ে বসে সমঝোতা করে দিয়েছি।’ কিন্তু আবদুর রহমান আবার প্রচারণা চালাচ্ছেন জানালে তিনি বলেন, এমন তো হওয়ার কথা নয়। সমঝোতা বৈঠকে টাকা লেনদেনের বিষয়ে জানতে চাইলে আহমেদ হোসেন বলেন, ‘এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না।’আহমেদ হোসেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। এ বিভাগে পৌর নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তিনি কেন্দ্রকে সম্ভাব্য প্রার্থী বা প্রার্থীদের অবস্থা সম্পর্কে প্রতিবেদন দিয়েছেন এবং সুপারিশ করেছেন। ওই প্রতিবেদনকে ভিত্তি করেই কেন্দ্র প্রার্থী বাছাই করেছে বলে দলীয় সূত্র জানায়। তবে এখন একাধিক জায়গায় মূল প্রার্থীকে বসিয়ে বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিচ্ছে দল।