কুমিল্লা সিটি কর-পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থীদের ছাপিয়ে আওয়ামী লীগের স্থানীয় পাঁচ সাংসদ হয়ে উঠেছেন আলোচিত চরিত্র। একে অপরের সঙ্গে পুরোনো দ্বন্দ্ব এবং নির্বাচনী প্রচারে উপস্থিতির কারণেই তাঁদের নিয়ে এত আলোচনা।এখন পর্যন্ত সরাসরি প্রচারণায় নেমেছেন কুমিল্লা সদরের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, নাঙ্গলকোট ও সদর দক্ষিণের একাংশের সাংসদ আ হ ম মুস্তফা কামাল, বরুড়া ও সদর দক্ষিণের একাংশের সাংসদ নাছিমুল আলম চৌধুরী এবং বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার সাংসদ আবদুল মতিন খসরু। নির্বাচনী আচরণবিধির কারণে চৌদ্দগ্রামের সাংসদ হুইপ মুজিবুল হক সরাসরি না নামলেও আলোচনায় আছেন তিনিও। ইতিমধ্যে সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী মনিরুল হক অভিযোগ করেছেন, মুস্তফা কামাল অর্থ ও ক্ষমতার প্রভাব খাটাচ্ছেন।কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় সমর্থন দিয়েছে আফজল খানকে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনী প্রচারণায় তাঁর ওপর আলোটা কম। তাঁর উঠান বৈঠকগুলোতে সাংসদ বাহাউদ্দিনের ওপরই আলোটা বেশি পড়ছে।অন্যদিকে মনিরুল হক সম্মিলিত নাগরিক কমিটির প্রার্থী হলেও তিনি বিএনপির নেতা। কিন্তু বিএনপি এই নির্বাচনে প্রকাশ্যে সমর্থন দেয়নি তাঁকে। তিনি দলের কেন্দ্রীয় কমিটি থেকে ইস্তফাও দিয়েছেন।সাবেক ছাত্রলীগ নেতা নূর-উর রহমান মাহমুদ আলোচনায় আছেন সাংসদ বাহাউদ্দিনের সঙ্গে দ্বন্দ্বের কারণে। আর আনিসুর রহমান ও এয়ার আহমদ সেলিম নির্বাচনী মাঠে থাকলেও ভোটার মহলে জোরালো আলোচনা তৈরি করতে পারেননি।সাংসদের নিয়ে যত আলোচনা: গত শুক্রবার রাতে ১০ নম্বর ওয়ার্ডের বাগিচাগাঁও এলাকায় আফজল খানের উঠান বৈঠক হয়। আ ক ম বাহাউদ্দিন এতে দীর্ঘক্ষণ বক্তব্য দেন। তিনি নিজের রাজনৈতিক জীবন নিয়েই বেশি কথা বলেন। শুধু একবার আফজল খানের জন্য ভোট চেয়ে বক্তব্য শেষ করেই চলে যান। এরপর আফজল খান বক্তব্য দেন। বলেন, মেয়র নির্বাচিত হলে সদরের সাংসদ যেভাবে বলবেন, সেভাবেই তিনি কাজ করবেন। সাংসদের পরামর্শেই তিনি সব সিদ্ধান্ত নেবেন।বাহাউদ্দিনের ঘনিষ্ঠ সূত্র বলছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নূর-উর রহমান মাহমুদকে ঠেকানোই তাঁর প্রধান উদ্দেশ্য। কারণ, মাহমুদ এক বছর আগেও বাহাউদ্দিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত থাকলেও এখন নানা কারণে এই দুজন বৈরী অবস্থানে আছেন।আফজল খানের সঙ্গেও বাহাউদ্দিনের দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। আফজলকে সমর্থন দেওয়ার কথাটি প্রধানমন্ত্রী প্রথম জানান আবদুল মতিন খসরুকে। এ ব্যাপারে সাংসদ আ ক ম বাহাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘ভোট কাকে দেবে, সে সিদ্ধান্ত ইতিমধ্যে ভোটাররা নিয়ে ফেলেছে। আমরা দল-সমর্থিত মেয়র পদপ্রার্থী আফজল খানের পক্ষে প্রচারণায় নেমেছি।’আ হ ম মুস্তফা কামাল আলোচনায় এসেছেন নাগরিক কমিটির প্রার্থী মনিরুল হক তাঁর বিরুদ্ধে ভোটারদের মধ্যে টাকা ছড়ানোর অভিযোগের কারণে। এ ছাড়া আলোচনা আছে, মুস্তফা কামাল আফজলের পক্ষে মাঠে নামলেও নূর-উর রহমান মাহমুদকে তিনি দাঁড় করিয়েছেন।এ বিষয়ে গতকাল শনিবার সংবাদ সম্মেলন করে মুস্তফা কামাল বলেন, ‘নূর-উর রহমান আমার প্রার্থী নন। আমার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’হুইপ মুজিব প্রতিমন্ত্রীর পদমর্যাদার হওয়ায় তিনি নির্বাচনী মাঠে সরাসরি নামেননি। তবে তিনি আফজল খানের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বিদ্রোহী প্রার্থী আনিসুর রহমানকে তিনি দাঁড় করিয়েছেন। আনিস প্রথম দিকে হুইপ মুজিবুল হকের কার্যালয় ব্যবহার করেছেন নির্বাচনী কাজে।নাছিমুল আলম চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, নগরের সদর দক্ষিণ এলাকায় তিনি আশানুরূপ উন্নয়নকাজ করেননি। যে কারণে ওই এলাকার ভোটাররা তাঁর ওপর ক্ষুব্ধ। মুস্তফা কামালের সঙ্গে তিনি বিভিন্ন জায়গায় আফজল খানের সঙ্গে প্রচারণায় ও গণসংযোগে যান। এককভাবে তিনি কোনো গণসংযোগ করেননি। ভোটাররা ওই বিষয়টিকেও আলোচনায় এনেছেন। তা ছাড়া আ ক ম বাহাউদ্দিনের সঙ্গে তাঁর রয়েছে দ্বন্দ্ব। এসব জটিল হিসাব-নিকাশ ভোটারদের কাছে দারুণভাবে আলোচিত হচ্ছে।তবে মুস্তফা কামাল ও মুজিবুল হক বলেন, দলের সব সাংসদ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সব নেতা-কর্মী এককাট্টা হয়ে আফজল খানের জন্য মাঠে নেমেছেন। এখানে আফজল খান ছাড়া আর কোনো প্রার্থী নেই।৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ।