চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের দেওয়া ব্যক্তিগত তথ্যের মধ্যে অসামঞ্জস্য খুঁজে পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সুশাসনের জন্য নাগরিক (সুজন)। প্রতিষ্ঠানটি প্রার্থীদের দেওয়া তথ্যের সত্যতা যাচাইয়ে তদন্ত করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আজ শুক্রবার ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য বিশ্লেষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে সুজন এ দাবি জানায়।চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র পদে আটজন, ৪১টি কাউন্সিলর পদে ২৪৭ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদের জন্য ৫৯ জন নির্বাচন করছেন। নির্বাচনী বিধি অনুযায়ী প্রার্থীরা হলফনামার মাধ্যমে ব্যক্তিগত সাতটি তথ্য দিয়েছেন। প্রার্থীদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে সুজন বলছে, বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মঞ্জুর আলমের মোট সম্পদের পরিমাণ প্রায় ১৯ কোটি টাকা। তাঁর ঋণ আছে ১৬৩ কোটি টাকার। অথচ তিনি এই অর্থবছরে মোট কর দিয়েছেন প্রায় ১৩ লাখ টাকা। আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মোট সম্পদের পরিমাণ এক কোটি ২৭ লাখ টাকা। তিনি কর দিয়েছেন মাত্র ১১ হাজার টাকা। মহিউদ্দিন চৌধুরী হলফনামায় বলেছেন, তাঁর পরিবারের মাসিক খরচ মাত্র ১২ হাজার টাকা।সংবাদ সম্মেলনের মূল প্রবন্ধে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, তথ্য অনুযায়ী মেয়র প্রার্থীর পাঁচজনের ও কাউন্সিলরদের মধ্যে ১৮৯ জনের পেশা ব্যবসা। আর সংরক্ষিত নারী আসনের ৫৯ প্রার্থীর মধ্যে ৩২ জনই গৃহিণী। তিনি বলেন, মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ১৪টি মামলা আছে। মোট ১০২ জন প্রার্থীর বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁদের মধ্যে ১৩ জনের নামে হত্যা মামলা আছে।