প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ, আচরণবিধি মানতে বললেন সিইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রয়োগে সংশ্লিষ্ট সব বিভাগকে শক্ত অবস্থানে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ। তিনি বলেছেন, উপনির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, কাউকে ছাড় দেওয়া হবে না। গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচন উপলক্ষ গতকাল সোমবার সকালে কাপাসিয়া উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভায় সিইসি কাজী রকিব উদ্দীন এ কথা বলেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম।মতবিনিময়ে উপনির্বাচনের তিনজন প্রার্থী আওয়ামী লীগ মনোনীত সিমিন হোসেন রিমি, স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ খান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মো. আসাদুল্লাহ বাদল উপস্থিত ছিলেন। সরকারদলীয় প্রার্থী সিমিন হোসেন বলেন, এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, কিছু কর্মী হয়তো অতি উৎসাহী হয়ে কিছু করছেন। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপিকে ইঙ্গিত করে সিমিন হোসেন বলেন, একটি বিশেষ দল নির্বাচন বর্জন করেছে। তারা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিতে পারে।অপর দুই প্রার্থী আফসারউদ্দীন ও আসাদুল্লাহ সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন। তাঁরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে সরকারদলীয় প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন।আফসারউদ্দীন বলেন, তাঁর পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, প্রচারে বাধা দেওয়া হচ্ছে। রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।আসাদুল্লাহ বাদল ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিসিটিভি রাখার দাবি জানান। প্রার্থীদের অভিযোগের জবাবে সিইসি বলেন, উপনির্বাচনে আইন ও বিধিবহির্ভূত কোনো কাজ কমিশন বরদাশত করবে না। প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। নির্বাচন কমিশনের কাছে সব প্রার্থীই সমান।’ তিনি বলেন, ভোটের দিন নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা থাকবে। নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না, তা দেখার জন্য দেশি-বিদেশি ও নির্বাচন কমিশনের পর্যবেক্ষক দল থাকবে।সভায় রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাঁরা কঠোর হবেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে—এমন আশঙ্কায় সুজনের সভা বাতিল করা হয়েছে। সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক, গাজীপুরের পুলিশ সুপার আবদুল বাতেন, র‌্যাব-১-এর উপ-অধিনায়ক কাওছার মাহমুদ। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব জেসমিন টুলী, উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও উপনির্বাচনের প্রধান সমন্বয়কারী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের রক্তের ঋণ শোধ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তাঁর মেয়ের হাতে মনোনয়নপত্র তুলে দিয়েছেন। তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি দল ও আদর্শে বিশ্বাস করেন না, তাঁকে আপনারা ভোট দেবেন না। রিমি নির্বাচিত হলে তাঁর মাধ্যমে কাপাসিয়ার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’ গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া চালা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় গতকাল বিকেলে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াহাব। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ আ ক ম মোজামেঞ্চল হক, সাংসদ নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সাংসদ মেহের আফরোজ চুমকি, সাংসদ জাহিদ আহসান রাসেল, কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোমতাজ উদ্দীন আহমেদ, সাবেক সাংসদ মুহামঞ্চদ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের নেতা আমানত হোসেন খান প্রমুখ। তোফায়েল আহমেদ বলেন, শহীদ ময়েজ উদ্দিনের মেয়ে চুমকি, আহসানউল্লাহ মাস্টারের ছেলে জাহিদ আহসান রাসেলকে রক্তের ঋণ পরিশোধের জন্য দল থেকে মনোনয়ন দিয়ে সাংসদ বানানো হয়েছে। তেমনি রিমির ধমনিতে বইছে তাজউদ্দীনের রক্ত। আফসারউদ্দীন তাঁর ভাই তাজউদ্দীনকে অস্বীকার করে প্রার্থী হলেন। অথচ দল তাঁকে উপজেলা চেয়ারম্যান, সাংসদ ও মন্ত্রী বানিয়েছিল। আফসারউদ্দীন আহমদ খান গতকাল বিকেলে উপজেলার বরুন, দাইবাড়ি চৌরাস্তা, পাবুর বাজার, কোটবাজালিয়া বাজার, সুতি নদীর পাড় বাজার, অঙ্গনা গেট, সূর্য নারায়ণপুর ও দস্যু নারায়ণপুর এলাকায় গণসংযোগ করেছেন। আসাদুল্লাহ বাদল গতকাল দুর্গাপুর, চাঁদপুর, টোকসহ পাঁচটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।