প্রার্থীদের প্রচারে জমজমাট মাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনের মাঠ জমজমাট হয়ে উঠেছে প্রার্থীদের পরস্পরবিরোধী প্রচারে। সমাবেশ ও পথসভায় তিন প্রার্থীই পরস্পরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন।১৮ নভেম্বর অনুষ্ঠেয় এই উপনির্বাচনে তিন প্রতিদ্বন্দ্বী হলেন: আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম, একই দলের বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খান ও জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ।শহিদুল ইসলাম গত বুধবার পাকুটিয়ার জনসমাবেশে ও গতকাল বৃহস্পতিবার কয়েকটি পথসভায় অভিযোগ করেন, আমানুর টাঙ্গাইলের আতঙ্ক, ঘাটাইলে এসে ত্রাণকর্তার ভূমিকায় অভিনয় করছেন। তিনি জানান, জেলাবাসী সবাই জানে, আমানুরের নামে যে ৪৬টি মামলা ছিল, তার চারটি হত্যা মামলা। এই ব্যক্তিকে ভোটের মাধ্যমেই প্রত্যাখ্যান করবে ঘাটাইলের মানুষ।নৌকা প্রতীকের প্রার্থী শহিদুল এক পথসভায় বলেন, ‘জ্ঞানত আমি কোনো দুর্নীতি করিনি। আমার অজ্ঞতাবশে কেউ যদি দুঃখ পেয়ে থাকেন, তবে আমি তাঁদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’টি-জংশন এলাকার পথসভায় আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা আমানুর তাঁর বিরুদ্ধে অপপ্রচারে কান না দেওয়ার আবেদন জানান। তিনি বলেন, ‘আমি ঘাটাইলের সন্তান। ঘাটাইলের মানুষ জানে শহিদুলের দুর্নীতির ফিরিস্তি। টিআর, কাবিখার কোনো চাল-গম তাঁকে টাকা না দিয়ে ছাড় করানো যায়নি। ঘাটাইলে শহিদুলের সুরম্য বাড়ি, ঢাকায় কথিত ফ্ল্যাট ও দামি গাড়ি কীভাবে হয়েছে, তা ঘাটাইলের মানুষ জানে।’নৌকা ও আনারসের প্রার্থী বাড়ি বাড়ি গণসংযোগও করেন।জাতীয় পার্টির প্রার্থী প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর বিরুদ্ধেই বলেছেন গতকাল ঘাটাইল গণ-উচ্চবিদ্যালয় খেলার মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।শহিদুলের দাবি: সমর্থকদের হয়রানির পাশাপাশি ভোট কারচুপির আশঙ্কা পুনর্ব্যক্ত করেছেন আমানুর রহমান খান।সরেজমিনে নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, বিদ্রোহী প্রার্থী আমানুরের সঙ্গে রয়েছেন আওয়ামী লীগের উপজেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মী। এসব বিষয় মাথায় রেখে দ্রুত আমানুরকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন শহিদুল ও তাঁর অনুসারীরা। বহিষ্কার নিয়ে বিলম্বে শহিদুল ও তাঁর অনুসারীদের মধ্যে রয়েছে প্রবল অসন্তোষ।তবে আমানুর বলেছেন, তিনি ও শহিদুল দুজনই আওয়ামী লীগের প্রার্থী। দল থেকে বহিষ্কার প্রসঙ্গে তিনি জানান, এটা দলীয় সিদ্ধান্তের বিষয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যা ভালো মনে করবেন, তা-ই করবেন। দলীয় সিদ্ধান্তের আগে তিনি এ বিষয়ে মন্তব্য করতে চান না।এ বিষয়ে জানতে চাইলে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘অপেক্ষা করুন এবং দেখুন।’লাঙ্গলের সমাবেশ: গতকাল জাপার নির্বাচনী সমাবেশে এরশাদ নির্বাচনে কারচুপি না করার আহ্বান জানিয়ে জানান, কারচুপি করলে আরেকটি মাগুরার জন্ম হবে। ঘাটাইলের নির্বাচনকে তিনি দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে কি না, তার পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেন।সমাবেশে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রার্থী সৈয়দ আবু ইউসুফসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।আওয়ামী লীগদলীয় সাংসদ মতিউর রহমানের মৃত্যুতে টাঙ্গাইল-৩ আসনটি শূন্য হয়।