প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় দৈন্যদশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতায় দৈন্যদশার চিত্র ফুটে উঠেছে। এ নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিরা হতাশা ব্যক্ত করেছেন। আগামী ১৫ জুন অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র পদে পাঁচ প্রার্থীর দুজন এলএলবি, একজন এইচএসসি পাস, একজন এসএসসি ও একজন ‘স্বশিক্ষিত’। তাঁদের হলফনামায় এসব তথ্য উল্লেখ রয়েছে।অন্যদিকে ৩৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ১৫২ জন পুরুষ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৮৪ জনই মাধ্যমিকের কোঠা পার হতে পারেননি। ‘স্বাক্ষরজ্ঞানসম্পন্ন’ দুজন, ১৩ জন ‘স্বশিক্ষিত’ এবং একজন প্রার্থী ‘সুশিক্ষায় শিক্ষিত’ বলে হলফনামায় উল্লেখ করেন। মেয়র পদে প্রার্থীদের মধ্যে হলফনামায় বিদায়ী মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান তাঁর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস লিখেছেন।বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী নিজেকে ‘স্বশিক্ষিত’ বলে উল্লেখ করেছেন। নগর বিএনপির সাধারণ সম্পাদক মো. আবদুল কাইয়ুম জালালী তাঁর শিক্ষাগত যোগ্যতা ‘এসএসসি’ লিখেছেন।স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি মো. সামসুজ্জামান জামান এবং নগর জামায়াতের আমির এহসানুল মাহবুব এলএলবি পাস। সাধারণ কাউন্সিলর (পুরুষ) পদে প্রার্থীদের মধ্যে ৬০ জন মাধ্যমিকের কোঠা পার হতে পারেননি। এসব প্রার্থীর মধ্যে তিনজন পঞ্চম শ্রেণী, চারজন ষষ্ঠ শ্রেণী, তিনজন সপ্তম শ্রেণী, ২৩ জন অষ্টম শ্রেণী, ১৫ জন নবম শ্রেণী ও ১২ জন দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। এর বাইরে দুজন ‘স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, একজন সুশিক্ষায় শিক্ষিত এবং ১১ জন নিজেকে ‘স্বশিক্ষিত’ হিসেবে উল্লেখ করেছেন।এ ছাড়া ১০ নম্বর ওয়ার্ডের সেলিম আহমদ, ১৪ নম্বর ওয়ার্ডের শামসুল আলম ও ১৬ নম্বর ওয়ার্ডের আবদুল মুহিত শিক্ষাগত যোগ্যতা হলফনামায় উল্লেখ করেননি।কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে স্বাক্ষরজ্ঞানসম্পন্নরা হলেন ১৯ নম্বর ওয়ার্ডের আবদুল লতিফ ও ২৭ নম্বর ওয়ার্ডের আজমল হোসেন। ১১ নম্বর ওয়ার্ডের হেলাল আহমদ নিজেকে ‘সুশিক্ষায় শিক্ষিত’ হিসেবে হলফনামায় উল্লেখ করেন।জানতে চাইলে হেলাল আহমদ প্রথম আলোকে বলেন, ‘আমি নবম শ্রেণী পর্যন্ত পড়েছিলাম। বিদ্যালয়থেকে কাগজপত্র তুলতে ঝামেলা আছে। তাই শিক্ষাগত যোগ্যতায় ওই কথা লিখেছি।’এ ছাড়া নিজেদের ‘স্বশিক্ষায় শিক্ষিত’ হিসেবে উল্লেখ করেছেন ৭ নম্বর ওয়ার্ডের মুজিবুর রহমান ও সাদিক আহমদ, ৮ নম্বর ওয়ার্ডের সিরাজ খান, ১১ নম্বর ওয়ার্ডের শহিদ খান, ১৫ নম্বর ওয়ার্ডের ছয়ফুল আমিন, ১৬ নম্বর ওয়ার্ডের সাব্বির আহমদ চৌধুরী ও মাসিম নূর, ১৮ নম্বর ওয়ার্ডের মুহিউল ইসলাম চৌধুরী, ২৩ নম্বর ওয়ার্ডের এ এইচ এম সুহাইল, ২৫ নম্বর ওয়ার্ডের আকমল আলী এবং ২৬ নম্বর ওয়ার্ডের মুকির হোসেন চৌধুরী।সংরক্ষিত কাউন্সিলর (নারী) পদে প্রার্থীদের মধ্যে ২২ জন মাধ্যমিকের কোঠা পেরোননি। এর বাইরে সংরক্ষিত ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আইনূর বেগম নিজেকে ‘স্বশিক্ষিত’ উল্লেখ করেছেন এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী লিজা আক্তার শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেননি।মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার এমন দৈন্যদশার চিত্রে হতাশা ব্যক্ত করে সুশাসনের জন্য নাগরিক-সুজনের সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি সুনির্দিষ্ট করে আইন প্রণয়নের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়ে আসছি, কিন্তু কাজ হয়নি। ভোটারদের তাই এই প্রার্থীদের মধ্য থেকেই যোগ্য ব্যক্তি বেছে নিতে হবে।’