প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের নিয়ে একই সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকেন্দ্রিক সহিংস ঘটনা এড়ানোর জন্য এ মতবিনিময় সভা করা হবে। আগামী ৬ জুন চট্টগ্রামের অভিজাত কোনো হোটেল অথবা সম্মেলনকেন্দ্রে এ সভা হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে এসব জানা গেছে।সূত্রে আরও জানা গেছে, মেয়র পদপ্রার্থীদের প্রচারণার জন্য প্রজেকশন সভার বিকল্প হিসেবে নির্বাচন কমিশন বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি বিশেষ অনুষ্ঠানে সব প্রার্থীকে একত্র করার সিদ্ধান্ত নিয়েছে। ওই অনুষ্ঠানে প্রার্থীরা নিজেদের কথা বলবেন এবং একই সঙ্গে সাধারণ জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।এ বিষয়ে গতকাল শনিবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘মেয়রদের জন্য প্রজেকশন সভার আয়োজন করে সব প্রার্থীকে একই মঞ্চে আনার পরিকল্পনা থাকলেও প্রার্থী সংখ্যা বেশি হওয়ায় পরিকল্পনাটি বাদ দিতে হচ্ছে। তবে প্রার্থীদের টেলিভিশনে কথা বলার সুযোগ দেওয়া হবে। এ ছাড়া কমিশন সব প্রার্থীকে নিয়ে একটি মতবিনিময় সভা করবে। প্রার্থী তালিকা চূড়ান্ত করে প্রতীক বরাদ্দের পরপরই এই সভার আয়োজন করা হবে। সূত্র জানায়, মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভা ৬ জুন করার ব্যাপারে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা অথবা নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন সভাপতিত্ব করতে পারেন। সভায় নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রার্থীদের আচরণবিধি, পুলিশ, র্যাব, বিডিআর ও সেনাবাহিনীর ভূমিকা এবং বিচারিক হাকিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভূমিকাসহ সার্বিক বিষয়ে আলোচনা হবে। সেই সঙ্গে কমিশন থেকে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানানো হবে।রেওয়াজ অনুযায়ী প্রচারণার জন্য প্রার্থীদের ২০ থেকে ২১ দিন দেওয়ার কথা থাকলেও এবারের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীরা প্রচারণার সময় পাচ্ছেন ১৩ দিনের কিছু বেশি। আগামী ১ জুন প্রার্থিতা প্রত্যাহার শেষে ২ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। মূলত প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারে নামবেন। বিধি অনুযায়ী ১৫ জুন রাত ১২টা পর্যন্ত প্রচার চালানো যাবে। সূত্র জানায়, নির্বাচন কমিশন মূলত জাতীয় সংসদের ভোলা-৩ আসনের উপনির্বাচনের সহিংস ঘটনা আমলে নিয়েই এ নির্বাচনে প্রার্থীদের প্রচারণার সময় কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কমিশন মনে করে, প্রচারের সময় কমালে সহিংস ঘটনাও কম হবে। তবে সিইসি ইতিমধ্যে জানিয়েছেন, প্রার্থীরা ইচ্ছা করলে এখন থেকেই ঘরে ঘরে প্রচার চালাতে পারবেন। প্রতীক বরাদ্দ হওয়ার পর তাঁরা প্রকাশ্যে জনসংযোগ করতে পারবেন। তবে কোনো জনসভা বা মিছিল করা যাবে না। শুধু পথসভা করা যাবে। এ ছাড়া প্রার্থীরা ব্যক্তিগত উদ্যোগে টেলিভিশন চ্যানেলে প্রচার চালাতে পারবেন।