প্রার্থীর দলীয় পরিচয় আমলে নিচ্ছেন না ভোটাররা
ভোট কোন দলের প্রার্থীকে দেবেন—এই প্রশ্নের জবাবে শ্লোক কাটার মতো করে শাহিদা বেগম বললেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।’গতকাল বুধবার কাউখালী উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের সঙ্গে কথা বলে চিরাপাড়া ইউনিয়নের পারসাতুরিয়া গ্রামের গৃহবধূ শাহিদা বেগমের বক্তব্যের প্রতিধ্বনি পাওয়া যায়।পারসাতুরিয়া ছালেকিয়া মাদ্রাসা কেন্দ্রের ভোটার শাহ আলম আখন্দের মতে, ‘দলকে ভোট দিয়ে কী হবে? এলাকার উন্নয়নের জন্য ভালো মানুষকে ভোট দিতে হবে।’গতকাল পিরোজপুর জেলার কাউখালী উপজেলার পাঁচটি ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর আগের দিন স্বরূপকাঠি উপজেলার ১০টি ইউপিতে ভোট গ্রহণ হয়। এর মধ্যে চেয়ারম্যান পদে কাউখালীতে ২৮ জন এবং স্বরূপকাঠিতে ৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বেশির ভাগ প্রার্থীরই রাজনৈতিক পরিচয় রয়েছে। স্থানীয় লোকজন জানায়, দুই উপজেলায় প্রায় অর্ধশত প্রার্থী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২৫ জনের মতো প্রার্থী বিএনপির সঙ্গে যুক্ত। বাকি প্রার্থীদেরও রাজনৈতিক পরিচয় রয়েছে।কিন্তু বিভিন্ন ইউনিয়নে ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থীর রাজনৈতিক পরিচয়কে তাঁরা আমলে নিচ্ছেন না। চিরাপাড়ার ইউপির পারসাতুরিয়া ছালেকিয়া মাদ্রাসা কেন্দ্রে ভোট দিতে আসা শাহিদা বেগম বললেন, ‘দলটল বুঝি না। ভালো বেডারা চেয়ারম্যান-মেম্বার অইলে উপগার-সাহায্য মোগোই বেশি অইবে।’কাউখালী সদর ইউনিয়নের কে জি ইউনিয়ন সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে আলাপ হয় উজিয়াল খান গ্রামের বাসিন্দা লাবলু শিকদারের সঙ্গে। তিনি বলেন, ভোটার-প্রার্থী সবাই সবাইকে চেনেন। এখানে রাজনৈতিক বিবেচনায় ভোট দেওয়ার সুযোগ নেই। এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা স্থানীয় থানা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। ভোটারদের ওপর অবৈধ প্রভাব বিস্তারের কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না। জাতীয় পরিচয়পত্র থাকায় জাল ভোটের প্রবণতাও নেই।স্থানীয় লোকজন জানান, প্রার্থীদের ভোট চাওয়ার ধরনেও অনেক পরিবর্তন লক্ষ করা গেছে। প্রার্থীরা ভোটারদের কাছে দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তিগত পরিচয় তুলে ধরছেন বেশি করে। স্বরূপকাঠি উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে নির্বাচিত আল-আমিন পারভেজ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি মানুষের কাছে দলীয় পরিচয় বাইরে রেখে ভোট চেয়েছি। মানুষ আমাকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রেখে ভোট দিয়েছে।’ কারণ হিসেবে তিনি বলেন, মানুষ আগের চেয়ে অনেক বেশি সচেতন। প্রার্থী হিসেবে তাঁরও উপলব্ধি, তৃণমূলে দলীয় পরিচয়ে নির্বাচিত হয়ে মানুষের সেবা করা যায় না।পিরোজপুর জেলা আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষস্থানীয় নেতারাও জানান, ভোটাররা দল নয়, যোগ্য প্রার্থীকেই ভোট দিচ্ছেন।পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকরাম হোসেন বলেন, ভোটাররা দল নয়, যোগ্য প্রার্থীকে ভোট দিচ্ছেন। এটা স্থানীয় উন্নয়নের জন্য ইতিবাচক।জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিরা স্থানীয় লোকদের কাছে পরিবারের সদস্যের মতো। এখানে দলীয় পরিচয় আগে এলে তা ভালো ফল বয়ে আনে না।