বহিরাগতদের বের করে দেওয়া হবে
প্রার্থীর পাহারায় ম্যাজিস্ট্রেট, পুলিশ ও ভিডিও ক্যামেরা
ভোলা-৩ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর জন্য নির্বাচন কমিশন একজন করে ম্যাজিস্ট্রেট, পাঁচজন পুলিশ ও ভিডিও ক্যামেরাসহ একজন করে চিত্রগ্রাহক রাখার ব্যবস্থা করেছে। আজ সোমবার থেকে দুই প্রার্থীই নির্বাচনের দিন পর্যন্ত সার্বক্ষণিক এ বিশেষ নিরাপত্তার মধ্যে চলাফেরা করবেন।এর বাইরে নির্বাচনী এলাকায় ১২টি ভিডিও ক্যামেরা পাঠিয়েছে নির্বাচন কমিশন। কারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, কারা সহিংস ঘটনা ঘটাচ্ছে, তা ধারণ করতে সার্বক্ষণিকভাবে ভিডিও ক্যমেরাগুলো কাজ করবে।লালমোহন আর তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত ভোলা-৩ উপনির্বাচনের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গতকাল রোববার বিকেলে এ-সংক্রান্ত নির্দেশনা ফ্যাক্সযোগে ভোলার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। পাল্টাপাল্টি অভিযোগ আর একাধিক সংঘর্ষের ঘটনার পর উদ্বিগ্ন কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রার্থীদের জন্য এ বিশেষ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।দুই প্রার্থীকে সতর্ক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সহিংস ঘটনার জন্য সরকারি দল আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরী ও বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদকে সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন। এর পরও কোনো প্রার্থী এ ধরনের ঘটনার সঙ্গে সম্পৃক্ত হলে নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নেবে। ইতিমধ্যে নির্বাচনী সহিংসতা এড়াতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত র্যাবের টহল শুরু হয়েছে। পুলিশ ছাড়াও ২০০ র্যাব সদস্য উপনির্বাচনে দায়িত্ব পালন করছেন।পরিস্থিতি সরেজমিনে দেখতে প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদা আজ ভোলায় যাচ্ছেন। এর আগে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন ৯ এপ্রিল এবং ছহুল হোসাইন ১৫ এপ্রিল ভোলা যান।বহিরাগত ব্যক্তিরা থাকতে পারবে না: উপনির্বাচনী এলাকায় বহিরাগত ব্যক্তিদের ঠেকাতে এ দুই উপজেলার লঞ্চঘাট ও বাস টার্মিনালে তল্লাশি চৌকি বসানো হয়েছে। যৌক্তিক কারণ ছাড়া বহিরাগত ব্যক্তিদের ২৪ এপ্রিল ভোট গ্রহণের দিন পর্যন্ত ঢুকতে দেওয়া হবে না। ইতিমধ্যে যেসব সন্দেহভাজন বহিরাগত নির্বাচনী এলাকায় ঢুকে পড়েছে, তাদের বের করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল থেকে কাজ শুরু করেছে। নির্বাচন কমিশন গতকাল এ ব্যাপারে র্যাব ও পুলিশকে বিশেষ নির্দেশনা পাঠিয়েছে। নির্বাচন কমিশনের কাছে তথ্য আছে, গত কয়েক দিনে অনেক বহিরাগত নির্বাচনী কাজে যুক্ত হয়েছে। এ সপ্তাহে আরও অনেকে দুই প্রার্থীর পক্ষে কাজ করতে সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।কমিশনের বক্তব্য: জানতে চাইলে নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, দুই দলের কিছু নেতা-কর্মীর অতি উৎসাহের কারণে পরিস্থিতি কিছুটা অশান্ত হয়ে উঠেছে। প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে। এসব পরিস্থিতি পর্যালোচনা করে কমিশন দুই প্রার্থীকে কঠোরভাবে সতর্ক করে দিয়েছে। আর সহিংসতা ও পরস্পরের প্রতি অভিযোগ এড়াতে নির্বাচন কমিশন দুই প্রার্থীর নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। তাঁদের সঙ্গে সার্বক্ষণিক ভিডিও ক্যামেরা, ম্যাজিস্ট্রেট ও পুলিশের একটি দল থাকবে। তারা প্রার্থীর নিরাপত্তার পাশাপাশি তাঁর কর্মকাণ্ড পর্যবেক্ষণ ও ধারণ করে রাখবে। কেউ কারও প্রচারে বাধা দিলে তাত্ক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ ব্যবস্থা নেবে।সাখাওয়াত হোসেন বলেন, পাল্টাপাল্টি অনেক অভিযোগের পরও কমিশন মনে করে, ভোলায় একটি ভালো নির্বাচন হবে। তবে এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে দুই প্রার্থীকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। তবে মাত্রার বাইরে চলে গেলে নির্বাচন বন্ধ করে দেওয়া হতে পারে।তদন্ত কমিটির প্রতিবেদন: ১৫ এপ্রিল ভোলার উপনির্বাচনী এলাকায় বিএনপির সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলমের ওপর হামলার অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন গতকাল নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান ভোলার যুগ্ম জেলা জজ জুয়েল রানা স্বাক্ষরিত এ প্রতিবেদনে ওই ঘটনার জন্য আওয়ামী লীগ-বিএনপি দুই পক্ষকেই অভিযুক্ত করা হয়েছে। প্রশাসনকে আগে না জানিয়ে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সমাবেশস্থলে গিয়ে নাজিমউদ্দিন আলমের সভা করার চেষ্টা থেকে ঘটনার সূত্রপাত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।কমিটির সুপারিশে বলা হয়, ‘নির্বাচনী প্রচারের ক্ষেত্রে উভয়পক্ষকে আচরণবিধি আরও কঠোরভাবে পালনের জন্য আবার নির্দেশ দেওয়া যেতে পারে। এ ধরনের যেকোনো বিধি লঙ্ঘনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়া যেতে পারে।সেনা মোতায়েনে ‘না’ভোলা-৩ আসনের উপনির্বাচনে জনগণের ভোটাধিকার রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আবারও সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। তবে নির্বাচন কমিশন বলেছে, সেনা মোতায়েনের প্রয়োজন নেই। গতকাল রোববার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত্ করে এই দাবি পুনর্ব্যক্ত করে। এর আগে তিন দফা কমিশনের সঙ্গে দেখা করে সেনা মোতায়েনের দাবি জানিয়েছিল বিএনপি। দুই সদস্যের বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। অপর সদস্য হলেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন, ভোলা-৩ আসনে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিএনপির নির্বাচন সমন্বয়কারী নাজিমউদ্দিন আলমের ওপর হামলা হয়েছে। দলীয় প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের গাড়িতে হামলা হয়েছে। এ অবস্থায় সেখানে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, সেনা মোতায়েন করার মতো খারাপ পরিস্থিতি সেখানে হয়নি। নির্বাচনী এলাকায় ২০০ র্যাব সদস্য দায়িত্ব পালন করছেন। র্যাবের কর্মকাণ্ডের ওপর ভোটারদের আস্থা আছে।