শরীয়তপুরে ইউপি নির্বাচন
প্রার্থীর সমর্থকদের সঙ্গে র্যাব-পুলিশের সংঘর্ষ, গুলিবিদ্ধ দুজনের মৃত্যু
শরীয়তপুুরে গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট গণনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে এক প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। এ সময় হামলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) আটজন ও পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার গয়ঘর গ্রামের সায়েদ বেপারি (২০) ও সালামত হোসেন (৪৫)।র্যাব, পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর গ্রাম চিকন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। ভোটগণনার শেষ পর্যায়ে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হায়দার বেপারি এগিয়ে রয়েছেন—এমন খবর পেয়ে আরেক সদস্য প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থকেরা ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করেন। তখন নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা বাধা দিলে দেলোয়ারের লোকজন তাঁদের অবরোধ করে ফেলেন। কর্মকর্তাদের উদ্ধার করতে গেলে দেলোয়ার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। খবর পেয়ে শরীয়তপুর থেকে র্যাব-৮-এর সদস্যরা এবং আরও পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে ইসমাইল হোসেন খান, আলাউদ্দিন মিয়া, হারুন বেপারি, সায়েদ বেপারি ও সালামত খান গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে সালামত খানের মৃতদেহ গ্রাম চিকন্দি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পড়ে ছিল বলে গ্রামবাসী জানান। সায়েদ বেপারি (২০) মারা যান জাজিরা উপজেলা কমপ্লেক্সে। অন্যদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সংঘর্ষের সময় প্রার্থীর সমর্থকদের হামলায় ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের ভূঁইয়াসহ পুলিশের পাঁচজন এবং র্যাবের আট সদস্য আহত হয়েছেন। তবে তিনি আহত অন্য পুলিশ সদস্যদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। আহত র্যাব সদস্যরা হলেন মনিরুজ্জামান, মঞ্জুরুল ইসলাম, নাফিউল ইসলাম, আবদুল মতিন, মোকারম হোসেন, মোফাজ্জেল হোসেন, ওবায়দুল হক ও মো. রোকন। তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবি আবদুল্লাহ রাত ১১টার দিকে ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন বলে খবর পেয়েছি।’জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম শহিদুল্লাহ বলেন, ‘সায়েদ বেপারি নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। পুলিশ তার সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।’পাশের ঢোল বোয়ালিয়া গ্রামের আলমাছ হোসেন ঢালী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গ্রাম চিকন্দি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের কাছে সালামতের গুলিবিদ্ধ মৃতদেহ পড়ে রয়েছে। ভয়ে এলাকার মানুষ ও তাঁর স্বজনেরা মৃতদেহ উদ্ধার করতে পারেনি।’র্যাব-৮-এর সহকারী পরিচালক আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রার্থীর সমর্থকদের অতর্কিত হামলায় র্যাব ও পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। আমাদের গাড়িও ভাঙচুর করা হয়েছে। জনসাধারণের হতাহতের খবর আমাদের জানা নেই।’তবে এ বিষয়ে সদস্য প্রার্থী দেলোয়ার হোসেনের সঙ্গে রাতে যোগাযোগ করা সম্ভব হয়নি।