পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, মামলার বিবরণ, আয়ের উৎস, আয়কর রিটার্ন, ঋণের পরিমাণসহ সাত দফা হলফনামার তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে। এর বাইরে প্রার্থীদের হলফনামা-সম্পর্কিত তথ্য প্রচারপত্র (লিফলেট) আকারে ছেপে প্রচার করা হবে। এগুলো টাঙানো থাকবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এ ছাড়া স্থানীয়ভাবে সাংবাদিকদের কাছে এসব তথ্য পাঠানো হবে। ওয়েবসাইটে প্রার্থীদের সম্পর্কে তথ্য প্রকাশের ঘটনা হবে এবারই প্রথম।প্রার্থীদের এসব তথ্য ভোটারদের মধ্যে প্রচার করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে এক চিঠিতে এ নির্দেশনা পাঠানো হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, পরিপত্র-৭ নামে এ-সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।প্রার্থীরা ম্যাজিস্ট্রেট/নোটারি পাবলিকের সামনে হলফনামায় সত্য তথ্য দেওয়ার ঘোষণা করেন। হলফনামায় কোনো অসত্য তথ্য দিলে বা গোপন করলে বা তথ্যের সমর্থনে যথাযথ প্রমাণাদি দাখিল না করলে এ মনোনয়নপত্র বাতিল হবে।হলফনামার তথ্য যথার্থ নয়, এমন প্রমাণ যে কেউ পাল্টা এফিডেভিটের মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কাছে উপস্থাপন করতে পারবেন। তা বিবেচনায় নিয়ে ওই কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্ত নিতে পারবেন। মনোনয়নপত্র জমা: গতকাল রোববার সারা দেশে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হয়। দেশের ২৪৬টি পৌরসভায় সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মেয়র পদে আড়াই হাজার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর কাউন্সিলরসহ প্রার্থীর সংখ্যা ১৬ হাজারের বেশি।বাংলাদেশে পৌরসভা নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম প্রার্থীদের হলফনামার তথ্য এনজিও, সুশীল সমাজ, গণমাধ্যম ও ভোটারদের মধ্যে প্রচারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এর আগে আদালতের নির্দেশনা মেনে নবম জাতীয় সংসদ ও উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে এসব তথ্য প্রকাশ করা হয়।ইসি সচিবালয়ের উপসচিব (পৌর) সৈয়দ খুরশিদ আনোয়ারের সই করা পরিপত্রে বলা হয়, প্রার্থিতা প্রত্যাহারের পরই সম্ভব হলে জাতীয় পত্রিকায়, সম্ভব না হলে স্থানীয় পত্রিকায় প্রকাশের জন্য পত্রিকা অফিসে বা স্থানীয় প্রেসক্লাবে এসব তথ্য পাঠাতে হবে।হলফনামার মাধ্যমে সংগৃহীত তথ্যাদি প্রচারপত্র আকারে ভোটারদের মধ্যে প্রচার করতে হবে। প্রচারপত্র পৌরসভার হাটবাজার বা অন্য কোনো জনাকীর্ণ স্থানে প্রচারের ব্যবস্থা করতে হবে।মাঠপর্যায়ে রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে www.ecs.gov.bd এসব তথ্য প্রকাশ করা হবে।সুশাসনের জন্য নাগরিকও (সুজন) মেয়র পদপ্রার্থীদের তথ্য নিয়ে ভোটারদের মধ্যে প্রচার চালাবে। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, হলফনামার তথ্য ভোটারদের জানানোর যে উদ্যোগ নির্বাচন কমিশন নিয়েছে, তা ভালো। এতে ভোটাররা জেনে, শুনে ও বুঝে ভোট দিতে পারবেন।সাত তথ্য: পৌরসভায় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বর্তমানে কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত কি না, অতীতে অভিযুক্ত ছিলেন কি না, পেশা, প্রার্থী ও পরিবারের আয়ের উৎস, প্রার্থী ও পরিবারের সম্পদ, স্থাবর সম্পদ, দায় ও ঋণসংক্রান্ত তথ্যাদি হলফনামা আকারে জমা দিতে হবে।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, প্রার্থীদের সম্পর্কে যাবতীয় তথ্য প্রকাশ্যে থাকায় পৌরসভা নির্বাচনে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা কম। এ ছাড়া এমনিতেও এ নির্বাচনে হানাহানি কম হয়।পৌরসভায় এ পর্যন্ত যত প্রার্থী: পৌরসভা নির্বাচনে সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে মেয়র ও কাউন্সিলর পদে ১৬ হাজার ১৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায় মেয়র, সাধারণ আসনের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে চার হাজার ১৬৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।রংপুর ও রাজশাহী বিভাগের ৭২ পৌরসভায় পাঁচ হাজার ২১৫ জন, খুলনা ও বরিশাল বিভাগের ৫০টি পৌরসভায় দুই হাজার ৯৬২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।রোববার চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৬১ পৌরসভায় তিন হাজার ৭০০ মনোনয়নপত্র জমা পড়ে। আগামী ১২, ১৩, ১৭ ও ১৮ জানুয়ারি দেশের সাত বিভাগের আড়াই শতাধিক পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।