গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের দেখা পাচ্ছেন না ভোটাররা। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি ও স্বতন্ত্র প্রার্থী আফসারউদ্দীন আহমদ গতকাল রোববার এলাকায় আসেননি। তাঁরা দুজনই ঢাকায়।সিমিন হোসেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে এবং এই আসনের পদত্যাগী সাংসদ তানজীম আহমদ সোহেল তাজের বোন। আর আফসারউদ্দীন হলেন তাজউদ্দীনের ভাই ও রিমির চাচা। এই আসনে আরেকজন প্রার্থী হলেন সিপিবির আসাদুল্লাহ।ভোটাররা বলছেন, উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর প্রধান দুই প্রার্থীকে এলাকায় খুব একটা দেখা যায়নি। মাঝেমধ্যে তাঁরা আসছেন বলে ভোটাররা শুনেছেন। একজন ভোটার বললেন, নির্বাচনী দৌড়ে বিএনপি নেই বলে হয়তো আওয়ামী লীগ প্রার্থীর ব্যস্ততা নেই। ভোটারদের ধারণা, চাচা-ভাতিজির মধ্যে শেষ মুহূর্তে যেকোনো আপস হতে পারে। এ জন্য হয়তো দুই প্রার্থী এলাকায় সময় দেওয়ার চেয়ে ঢাকায় বসে আলাপ-আলোচনায় ব্যস্ত রয়েছেন।কাপাসিয়া বাজারে কথা হয় ইলিয়াস আলী নামের এক অটোরিকশাচালকের সঙ্গে। তিনি জানান, এখন পর্যন্ত কোনো প্রার্থীকে তিনি দেখেননি। নির্বাচন কবে জানতে চাইলে বলেন, ‘ভোটের দিন মনে হয় ঠিক হয়নি। হলে তো মিছিল-মিটিং, পোস্টার থাকত।’হোমিও-চিকিৎসক নূর মোহাম্মদ বলেন, দুই প্রধান প্রার্থী তো একই দলের, আত্মীয়। এ জন্য কোনো ব্যস্ততা নেই। তাঁরা হয়তো বাড়িতে বসে ভোটের আগেই জয়-পরাজয় ঠিক করতে চাইছেন। ঘাগটিয়া ইউনিয়নের বাসিন্দা মুদি দোকানদার আলতাফ হোসেন বললেন, ভোট নিয়ে আগ্রহ নেই। সবাই এক দলের প্রার্থী। ঘাগটিয়া ইউনিয়নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর বাড়ি। আলতাফ বললেন, ‘আমাগো নেতা (হান্নান শাহ) নির্বাচন করলে দেখায়া দিতাম ভোট কারে বলে।’গতকাল মুঠোফোনে কথা হয় আফসারউদ্দীনের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ১৩ সেপ্টেম্বরের আগে নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চান না। ১৩ তারিখের পর গণসংযোগ করবেন বলে জানান তিনি। সিমিন হোসেনের একজন ব্যক্তিগত কর্মকর্তা ফোনে বলেন, ১৩ তারিখের পর আসেন। এখন তিনি কথা বলবেন না।১৩ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ওই দিনের মধ্যে চাচা-ভাতিজির কোনো সমঝোতা না হলে প্রার্থী ও তাঁদের পক্ষের লোকেরা মাঠে নামবেন। স্থানীয় আওয়ামী লীগের নেতারাও বললেন, ১৩ সেপ্টেম্বরের জন্য অপেক্ষা করছেন তাঁরা। আপাতত দলীয় ফোরামে কেন্দ্রভিত্তিক নির্বাচনী কমিটি গঠনের কাজ চলছে। গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দলের উপনির্বাচন পরিচালনাকারী কাজী শহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, নির্বাচনী আচরণবিধির কারণে তাঁদের প্রার্থী এলাকায় অতটা আসছেন না। ১৩ তারিখের পর আওয়ামী লীগের সবাই মাঠে নামবে বলে জানান তিনি।গতকাল বিভিন্ন ইউনিয়ন ঘুরে কোথাও নির্বাচনের কোনো আমেজ খুঁজে পাওয়া যায়নি। কোনো প্রার্থীর পোস্টার বা ব্যানারও চোখে পড়েনি। প্রধান দুই প্রার্থীর বাড়িও ছিল ফাঁকা। লোকজনের কোনো আনাগোনা ছিল না। বেলা আড়াইটার দিকে রায়েদ ইউনিয়নে তাজউদ্দীন আহমদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বাড়ির তত্ত্বাবধায়ক নুরুল ইসলাম জানান, দুই দিন আগে সিমিন হোসেন এসেছিলেন।দুপুরে বাজারে দেখা পাওয়া গেল সিপিবির প্রার্থী আসাদুল্লাহর। তাঁর সঙ্গে ছিলেন জাহাঙ্গীর নামে এক ব্যক্তি। জানালেন, এখনো প্রচারণা শুরু হয়নি। সকালে কাজে গাজীপুর শহরে গিয়েছিলেন। ভোটার তালিকা জোগাড় করেছেন। নির্বাচনী আচরণবিধির অনেক ধারাও ভালোভাবে বুঝতে পারছেন না। এগুলো নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ বললেন, উপনির্বাচনে প্রার্থীদের আচরণ বিধিসম্মত। প্রার্থীদের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ তাঁদের কাছে নেই।