প্রায় অর্ধেকই থাকছেন আত্মকর্মসংস্থানের বাইরে
যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণ নেওয়া তরুণ-তরুণীদের প্রায় অর্ধেকই আত্মকর্মসংস্থানের বাইরে থাকছেন। অধিদপ্তর ও মন্ত্রণালয় বলেছে, এর কারণ মূলত অর্থ ও উদ্যোগের অভাব। তাই প্রশিক্ষণ গ্রহণকারীদের জন্য ঋণের পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর জানায়, ১৯৮১ সালে এ অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত এর অধীনে প্রশিক্ষণ নিয়েছেন ৩৪ লাখ ৬৬ হাজার ১১২ জন তরুণ-তরুণী। তাঁদের মধ্যে আত্মকর্মসংস্থান হয়েছে ১৯ লাখ ৪৪ হাজার ৫৯৫ জনের বা ৫৬ দশমিক ১০ শতাংশের। বাকি প্রায় ৪৪ শতাংশ আত্মকর্মসংস্থান করতে পারেনি। ২০০৯-১০ অর্থবছরে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে আত্মকর্মসংস্থানের হার ৩৮ দশমিক ৮৩ শতাংশ। জানা গেছে, প্রশিক্ষণ নেওয়া কেউ কেউ বিভিন্ন ধরনের চাকরি করছেন।এ অধিদপ্তরের মূল কাজ হলো, আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য বেকার যুবসমাজকে (১৮ থেকে ৩৫ বছর বয়সী নারী-পুরুষ) প্রশিক্ষণ দেওয়া। সারা দেশে ১১১টি প্রশিক্ষণকেন্দ্রসহ উপজেলা পর্যায়ে কমপক্ষে ৩৫টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব বিষয়ের মধ্যে রয়েছে গবাদিপশু, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ, কৃষি, পোশাক তৈরি ও দর্জিবিজ্ঞান, কম্পিউটার বেসিক, কম্পিউটার গ্রাফিক্স, ইলেকট্রনিক্স। বিষয়ভেদে ১৫ দিন থেকে ছয় মাস পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। বিষয়ভেদে অনাবাসিক বা আবাসিক—দুভাবেই প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণের জন্য ফির পরিমাণও কম। প্রশিক্ষণকালে প্রশিক্ষণার্থীদের কোনো ভাতা দেওয়া হয় না।অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, প্রশিক্ষণ গ্রহণকারীরা যেন প্রশিক্ষণ শেষে আত্মকর্মসংস্থান করতে পারেন, সে জন্য অধিদপ্তর সহজ শর্তে তাঁদের দুই ধরনের ঋণ দেওয়ারও ব্যবস্থা রেখেছে। এর মধ্যে পাঁচজন করে দলভিত্তিক ঋণ দেওয়া হয়। এ দলের প্রত্যেককে পর্যায়ক্রমে ১৬ হাজার টাকা আর একক কাউকে ঋণ দেওয়া হয় ৫০ হাজার টাকা পর্যন্ত।অধিদপ্তর জানায়, ২০০৯-১০ অর্থবছরে দুই লাখ ৩৪ হাজার ২৫৩ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। তবে প্রশিক্ষণ নিয়েছে দুই লাখ ২৭ হাজার ২৬৭ জন নারী-পুরুষ। তাঁদের মধ্যে আত্মকর্মসংস্থান করেছেন ৮৮ হাজার ২৬৮ জন। তাঁদের মধ্যে অধিদপ্তর থেকে ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান করেছেন ২৬ হাজার ৮৭০ জন। গত অর্থবছরে প্রশিক্ষণের সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় দুই লাখ ১১ হাজার জন।বেশি প্রশিক্ষণ কম্পিউটারে; আত্মকর্মসংস্থান বেশি মৎস্য, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে: অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অধিদপ্তরের আওতায় সবচেয়ে বেশি প্রশিক্ষণ নেন কম্পিউটার বেসিক কোর্সে। তবে আত্মকর্মসংস্থান বেশি করেছেন মৎস্য চাষ, গবাদিপশু, হাঁস-মুরগি পালন এবং কৃষি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণকারীরা। এসব ক্ষেত্রে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ঋণ নেওয়ার হারও বেশি।নিয়ম অনুযায়ী, কেউ ঋণ নিতে চাইলে তাঁকে প্রশিক্ষণ শেষ করার তিন বছরের মধ্যে ঋণের জন্য আবেদন করতে হবে। প্রশিক্ষণ গ্রহণকারীদের অনেকে মনে করেন, ঋণ পাওয়ার ক্ষেত্রে সময়ের এ বাধ্যবাধকতা শিথিল করা প্রয়োজন। কারণ অনেকে প্রশিক্ষণ নেওয়ার পর তিন বছর পড়াশোনায় ফিরতে পারেন বা অন্য কোনো কাজ করতে পারেন। পরে তিনি আত্মকর্মসংস্থানে আগ্রহী হতে পারেন। কিন্তু ঋণ দেওয়ার এ নিয়মের কারণে তাঁরা সেই সুযোগ পাচ্ছেন না।এ রকম মত পোষণকারীদের একজন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সোহেল মিয়া। তিনি মাধ্যমিক পরীক্ষা পাসের পর ২০০৬ সালে প্রশিক্ষণ নেন। তিনি বলেন, এখন তিনি ওই প্রশিক্ষণ কাজে লাগিয়ে বাড়িতে মৎস্য খামার করতে চাইছেন। কিন্তু টাকা নেই। কিছু দিন আগে ঋণের আশায় অধিদপ্তরের উপজেলা কার্যালয়ে গিয়ে জানতে পারেন, প্রশিক্ষণ সনদের মেয়াদ তিন বছর উত্তীর্ণ হওয়ায় তিনি ঋণ পাবেন না।সোহেল মিয়া বলেন, প্রশিক্ষণ শেষে তিনি আবার পড়াশোনা শুরু করেছিলেন। ঋণ নেওয়ার এ সময়সীমা যথেষ্ট নয়।সফলও হয়েছেন অনেকে: অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রশিক্ষণ নিয়ে সফল হয়েছেন, এমন মানুষের সংখ্যাও কম নয়। সফল ব্যক্তিরা জাতীয় যুব পুরস্কারও পেয়ে থাকেন। জাতীয় যুব পুরস্কার-২০১০ পেয়েছেন ১২ জন। তাঁদের একজন ঢাকার পোস্তগোলার নিয়ামতউল্লাহ।কর্মকর্তারা জানান, আর্থিক সচ্ছলতা না থাকলেও অনেক কষ্টে স্নাতকোত্তর পাস করেন নিয়ামতউল্লাহ। কিন্তু চাকরি না পেয়ে তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে প্রশিক্ষণ শেষে ২৫ হাজার টাকা ঋণ নিয়ে পোশাক তৈরি ও ব্লক-বাটিকের কাজ শুরু করেন। পরে বন্ধুদের কাছ থেকে কিছু টাকা ঋণ নিয়ে কাজের পরিধি বাড়ান। বর্তমানে হলি ক্র্যাফটস অ্যান্ড ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানের মালিক তিনি। বিভিন্ন ক্ষেত্রে এমন অনেকেই সফল হয়েছেন।অধিদপ্তরের একজন কর্মকর্তা বলেন, প্রশিক্ষণ গ্রহণকারীর উদ্যোগ ও চেষ্টা থাকলে সফলতার হার আরও বাড়বে। অধিদপ্তর এ লক্ষ্যেই কাজ করছে।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক সচিব আকবর আলি খান বলেন, ‘আমাদের দেশে চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয় না। তাই চাহিদাভিত্তিক উন্নতমানের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তাহলে প্রশিক্ষণ বেশি কাজে আসবে।’যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের লক্ষ্য প্রশিক্ষণ নেওয়া সবারই যেন আত্মকর্মসংস্থান হয়। হয়তো প্রশিক্ষণ নেওয়ার পর তাৎক্ষণিকভাবে সবাই আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন না। কিন্তু একটা পর্যায়ে সবাই কোনো না কোনো কিছু করছেন। অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেওয়ার পর তাঁরা সমাজের কোন স্তরে আছেন, তা জানার পরিকল্পনা করা হচ্ছে।’জানতে চাইলে যুব ও ক্রীড়াসচিব মাহবুব আহমেদ প্রথম আলোকে বলেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের অনেকে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আবার অনেকে অন্যান্য চাকরি পেয়েছেন বা বিদেশে গেছেন। তবে অনেকের কর্মসংস্থান না হওয়ার একটা বড় কারণ হলো অর্থ এবং উদ্যোগের অভাব। আমরা চাই যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁরা সবাই স্বাবলম্বী হোন। এ জন্য আমাদের দেওয়া ঋণের পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’