উত্পাদন অংশীদারি চুক্তির (পিএসসি) অধীনে দেশের তেল-গ্যাস ক্ষেত্রে কর্মরত মার্কিন কোম্পানি শেভরনের আন্তর্জাতিক আদালতে দায়ের করা একটি সালিসি মামলায় পেট্রোবাংলা জয়ী হয়েছে। ফলে পেট্রোবাংলার প্রায় চার হাজার কোটি টাকা উপার্জন নিশ্চিত হলো।আন্তর্জাতিক আদালতে এ ধরনের মামলায় এটিই বাংলাদেশের প্রথম জয়। কয়েকজন বিদেশি বিশেষজ্ঞের সহায়তা নিয়ে পেট্রোবাংলার পক্ষে এই মামলা পরিচালনা করে কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস।এই মামলায় বিরোধের বিষয়টি ছিল, জাতীয় সঞ্চালন লাইনে শেভরনের ক্ষেত্র থেকে তোলা গ্যাস সঞ্চালনের জন্য পেট্রোবাংলা টাকা (৪ শতাংশ হইলিং চার্জ) পাবে কি না। শেভরন জালালাবাদ ক্ষেত্র থেকে গ্যাস তুলে যখন সঞ্চালন লাইনে দিতে শুরু করে, তখন থেকে পেট্রোবাংলা ৪ শতাংশ হারে ‘হুইলিং চার্জ’ কাটতে থাকে।শেভরন বিষয়টিতে আপত্তি জানালে দুই পক্ষের মধ্যে একাধিক বৈঠক ও আলাপ-আলোচনা হয়। কিন্তু তাতে কোনো মীমাংসা না হওয়ায় শেভরন ওয়াশিংটন-ভিত্তিক সালিসি আদালত ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটে (আইসিএসআইডি) ২০০৬ সালের ১৭ মার্চ মামলা (রিকোয়েস্ট ফর আরবিট্রেশন) দায়ের করে। এরপর শেভরনের পরিচালিত বিবিয়ানা ও মৌলভীবাজার ক্ষেত্রের গ্যাস সঞ্চালনের ব্যাপারেও একই বিরোধ এই মামলার অন্তর্ভুক্ত হয়েছে।মামলায় শেভরনের মূল বক্তব্য ছিল, তারা তাদের পরিচালিত ক্ষেত্র থেকে জাতীয় গ্রিড পর্যন্ত (এ ক্ষেত্রে জালালাবাদ থেকে কৈলাসটিলা পর্যন্ত) পাইপলাইন করে গ্যাস পৌঁছে দিচ্ছে। এরপর জাতীয় গ্রিড ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে গ্যাস সঞ্চালনের দায়িত্ব পেট্রোবাংলার, শেভরনের নয়। তাই এ জন্য শেভরনের ওপর ‘হুইলিং চার্জ’ আরোপ করা যায় না।আর পেট্রোবাংলার মূল বক্তব্য ছিল, জালালাবাদ ক্ষেত্রের জন্য স্বাক্ষরিত পিএসসির ১৪ ধারায় বলা হয়েছে, গ্যাস রপ্তানির ক্ষেত্রে জাতীয় গ্রিড ব্যবহারের জন্য শেভরন ৪ শতাংশ হারে হুইলিং চার্জ দেবে। একইভাবে ১৪ দশমিক ৭ দশমিক ৩ ধারায় বলা হয়েছে, অভ্যন্তরীণ বাজারের গ্যাস সঞ্চালনের জন্য ক্ষেত্রে একই হারে হুইলিং চার্জ দেওয়ার কথা।দুই পক্ষের এই বক্তব্যের ভিত্তিতে ওই আদালতে প্রথম শুনানি হয় ২০০৭ সালের ১৪ এপ্রিল নেদারল্যান্ডসের হেগ শহরে। এরপর শুনানি (মেরিট পর্যায়ে) অনুষ্ঠিত হয় ২০০৮ সালের সাত জুলাই ওয়াশিংটনে। চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হয় এখন থেকে ঠিক এক বছর আগে, ২০০৯ সালের ১৭ ও ১৮ মে।আজ মঙ্গলবার মামলার ফলাফল পেট্রোবাংলাকে জানায় কামাল হোসেন অ্যান্ড অ্যাসোসিয়েটস। সহায়তা করেন আইনবিদ টোবি ল্যান্ডউ, লরেন্স বাইসন, পেস্ট্রভন মায়ার্স, জেরেমি কার্ভার প্রমুখ।পেট্রোবাংলা জানায়, তারা ৪ শতাংশ হারে হুইলিং চার্জ আদায় করায় চলতি বছরের মার্চ মাস পর্যন্ত প্রায় ৪৯০ কোটি টাকা পেয়েছে। আগামী ২০ বছরে এই খাত থেকে মোট আয় হবে প্রায় দুই হাজার ১৫০ কোটি টাকা।তবে কয়েকজন জ্বালানি-বিশেষজ্ঞ প্রথম আলোকে বলেন, বর্তমানে শেভরন পরিচালিত তিনটি ক্ষেত্রেই (বিবিয়ানা, মীেলভীবাজার ও জালালাবাদ) গ্যাসের মজুদ নিশ্চিতভাবে বাড়ছে। বিবিয়ানায় দুই ট্রিলিয়ন ঘনফুটেরও (টিসিএফ) বেশি বৃদ্ধির বিষয়টি তো স্বীকৃতই। অন্য দুটি ক্ষেত্রেও পুনর্মূল্যায়নে মজুদ বাড়বে। তাই হুইলিং চার্জ থেকে পেট্রোবাংলার আয়ও বাড়বে। প্রাথমিক হিসাবে তা চার হাজার কোটি টাকার কম হবে না।