প্রায় তিন লাখ রোহিঙ্গাকে শরণার্থীর মর্যাদা দিতে দাতাদের চাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে শরণার্থী শিবিরের বাইরে থাকা মিয়ানমারের প্রায় তিন লাখ নাগরিককে (রোহিঙ্গা) শরণার্থীর মর্যাদা দিতে বাংলাদেশের ওপর চাপ অব্যাহত রেখেছে দাতা দেশ ও সংস্থা। এর অংশ হিসেবে ওই এলাকায় এমডিজির মোড়কে বিশেষ উন্নয়ন প্রকল্প নেওয়ার অনুরোধ জানিয়ে সম্প্রতি জাতিসংঘের দুই সংস্থা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। তবে গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে, শিবিরের বাইরে থাকা রোহিঙ্গাদের শরণার্থীর মর্যাদা দিলে আগামী এক বছরে এই সংখ্যা দ্বিগুণ হবে।বর্তমানে কক্সবাজারের কুতুপালং ও নোয়াপাড়ার দুটি শিবিরে থাকা প্রায় ২৮ হাজার রোহিঙ্গার শরণার্থী মর্যাদা রয়েছে। এ দুই শিবিরের বাইরে কক্সবাজারে আরও প্রায় তিন লাখ রোহিঙ্গা রয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, দাতারা চাইছে, শিবিরের বাইরে থাকা মিয়ানমারের নাগরিকেরাও শরণার্থীর মতো একই সুবিধা নিয়ে বাংলাদেশে অবস্থান করুক। বিষয়টি নিয়ে তারা বেশ স্পষ্ট মতামত প্রকাশের পাশাপাশি বিশেষ উন্নয়ন প্রকল্প নেওয়ারও তাগিদ দিচ্ছে। গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি যৌথ চিঠিতে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক কমিশনের (ইউএনএইচসিআর) প্রধানেরা ওই প্রকল্প গ্রহণের অনুরোধ জানান।জানা গেছে, ওই প্রস্তাবে বলা হয়েছে, এমডিজি অর্জনে সবচেয়ে পিছিয়ে থাকা উপজেলার তালিকায় আছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ। তাই কক্সবাজার জেলার জন্য ইউএনজেআই (জাতিসংঘের যৌথ উদ্যোগ) নামের এ উন্নয়ন প্রকল্প নেওয়া উচিত। জানতে চাইলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া গতকাল বুধবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রস্তাবিত ওই প্রকল্পের বিষয়ে সেভাবে আলোচনা শুরু হয়নি। এখন পর্যন্ত ইউএনজেআই প্রস্তাব হিসেবেই আছে। এ ব্যাপারে করণীয় ঠিক করতে আগামীকাল (আজ বৃহস্পতিবার) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় বৈঠক হবে।জানা যায়, রোহিঙ্গাদের জন্য বিশেষ উন্নয়ন প্রকল্প নিতে প্রায় দুই বছর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পক্ষ থেকে প্রায় ৩০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দেওয়া হয়। এতে সাড়া না পেয়ে গত বছরের মাঝামাঝি একই ধরনের প্রস্তাব দেয় জাতিসংঘ। কিন্তু গত ২৭ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সভাপতিত্বে আন্তমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, সরকার এ মুহূর্তে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারকে রাজি করানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে প্রায় ২৮ হাজার রোহিঙ্গার প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে নয় হাজার রোহিঙ্গাকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও গত এক বছরে তা বাস্তবায়ন করেনি মিয়ানমার। তাই কোনো উন্নয়ন প্রকল্প নিলে মিয়ানমারের নাগরিকেরা এ দেশে প্রবেশে উৎসাহিত হবে, যা সরকার চায় না। ফলে ওই প্রস্তাবে অগ্রগতি হয়নি।সূত্র জানায়, এমন অবস্থায় গত সপ্তাহে প্রধানমন্ত্রীকে চিঠি দেন ইউনিসেফের নির্বাহী পরিচালক অ্যান্টনি লেক ও ইউএনএইচসিআরের হাইকমিশনার অ্যান্তোনিও গুতেরেস। চিঠিতে তাঁরা বলেন, ‘এমডিজি অর্জনে আপনার ভূমিকা বিশ্বজুড়ে প্রশংসিত। এর স্বীকৃতি হিসেবে আপনি এমডিজি পুরস্কার অর্জন করেছেন। এ প্রেক্ষাপটে বাংলাদেশের পিছিয়ে পড়া দুই উপজেলা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ইউএনজেআই প্রকল্প গ্রহণের মাধ্যমে এমডিজির প্রতি আপনার অঙ্গীকারের ধারাবাহিকতা রাখবেন বলে আমাদের বিশ্বাস।’ নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের একটি দায়িত্বশীল সূত্র চিঠির বিষয়টি নিশ্চিত করেছে।এমডিজির মোড়কে প্রস্তাব: ইউএনজেআই নামের এ প্রকল্পের মূল লক্ষ্য এমডিজি পূরণে অগ্রগতি অর্জন। প্রকল্পে এমডিজির লক্ষ্য অর্জনে উখিয়া ও টেকনাফে প্রতিবছর দারিদ্র্যের হার ৫ শতাংশ কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রকল্পে এ দুই উপজেলাকে বেছে নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, ওই দুই উপজেলায় জন্মহার মাত্রাতিরিক্ত, বিশুদ্ধ পানি ও পয়োনিষ্কাশন সুবিধার অভাবে মহামারি ছড়িয়ে পড়ার আশঙ্কাসহ নানা কারণে এখানে দাতারা ইউএনজেআই বাস্তবায়নে জোর দিচ্ছে। এ দুই উপজেলার দুই লাখ ৮২ হাজার ৮২৮ জনকে প্রকল্পটির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ২২ মিলিয়ন মার্কিন ডলার। এতে অর্থায়ন করবে অস্ট্রেলিয়া ও ইইউর পাশাপাশি জাতিসংঘের সংস্থাগুলো।কূটনীতিকদের সফর: সূত্র জানায়, ইউএনএইচসিআরের উদ্যোগে ৬ ও ৭ এপ্রিল ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের ১৯ সদস্যের প্রতিনিধিদল কুতুপালং ও নোয়াপাড়ার শরণার্থী শিবির পরিদর্শনে করে। দলে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি, জার্মান রাষ্ট্রদূত হোলগার মাইকেল ও ফ্রান্সের রাষ্ট্রদূত চার্লস কাসুরেট। প্রতিনিধিদলটি সেখানকার লোকজনের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বাস্থ্য, শিক্ষাসহ মৌলিক চাহিদার বিষয়ে খোঁজখবর নেন। কূটনীতিকেরা শিবিরের বাইরে থাকা রোহিঙ্গাদের বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেন।কূটনীতিকেরা তাঁদের সফরসঙ্গী সরকারি কর্মকর্তাদের জানান, তাঁরা রোহিঙ্গাদের জীবনযাত্রার পরিবর্তনের বিষয়ে ঢাকায় ফিরে জ্যেষ্ঠ মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে চান। সরকারের ওপর চাপ অব্যাহত রাখার অংশ হিসেবে কূটনীতিকেরা সেখানে যান বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিমত।গোয়েন্দা প্রতিবেদনে নেতিবাচক মতামত: সূত্র জানায়, শিবিরের বাইরে থাকা রোহিঙ্গাদের ব্যাপারে সাম্প্রতিক সময়ে নেতিবাচক মতামত দিয়েছে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার থেকে আসা লোকজন অপরাধমূলক তৎপরতায় জড়িয়ে নিরাপত্তার জন্য হুমকির সৃষ্টি করছে। এ দেশে কিছুদিন থাকার পর এদের কেউ কেউ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে অবৈধভাবে বিদেশে যাচ্ছে। বিদেশে গ্রেপ্তার হলে আসল পরিচয় প্রকাশের পর বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, মূলত অর্থনৈতিক কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া এসব লোককে শরণার্থীর মর্যাদা দেওয়া হলে নতুন সংকট তৈরি হবে। তাই তাদের বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।