ঈদ উপলক্ষে বেরিয়েছে নতুন অ্যালবাম আমার বাড়ি। অ্যালবামটির শিল্পী পলাশ। প্রকাশ করেছে অগ্নিবীণা। কথা হলো পলাশের সঙ্গে।অনেক দিন পর আপনার অ্যালবাম বেরিয়েছে।হ্যাঁ, দুই বছর পর। সর্বশেষ অ্যালবামটি ছিল বৃষ্টি তোমাকে চাই (২০০৯)। পুরোপুরি মৌলিক গানের। আমার বাড়ি লোকগান নিয়ে। এটি আমার ৩১তম একক অ্যালবাম। অ্যালবামটির জন্য বিভিন্ন অঞ্চল থেকে লোকগান সংগ্রহ করেছি। আমি চেষ্টা করেছি, নাগরিক সমাজে একেবারেই শোনা হয়নি—এমন কিছু গান শ্রোতাদের উপহার দিতে। শাহ আবদুল করিমের তিনটি গান তাঁর ছেলে নূর জামালের অনুমতি নিয়ে করেছি। ‘আমি পাপী’ আর ‘আমি কী অপরূপ’ গান দুটি সংগ্রহ করেছি কুয়াকাটার এক বাউলের কাছ থেকে। তিনি নিজেও গান দুটির গীতিকার ও সুরকারের নাম জানেন না। পাশাপাশি এ সময়ে কয়েকজন গীতিকার এবং সুরকারের তৈরি লোক ধাঁচের গানও করেছি। দুই বছর পর অ্যালবাম করার কারণ কী?২০০৯ সালে আমি অস্ট্রেলিয়া চলে যাই। বছর খানেক ওখানে ছিলাম। ভেবেছিলাম অস্ট্রেলিয়াতেই থেকে যাব, কিছুদিন পরই দেশে ফেরার জন্য অস্থির হয়ে পড়ি। ফিরে আসার পর গানগুলো সংগ্রহ, এগুলো ঠিকভাবে তৈরি করা, কোথা থেকে কীভাবে বের করব, তা চূড়ান্ত করা—এসব নিয়েই একটা বছর লেগে গেছে। লোকগান নিয়ে অ্যালবাম করার ব্যাপারে আগ্রহী হলেন কেন?আমার বেশির ভাগ অ্যালবামই লোকগানের। আমার শুরুটাও হয়েছিল লোকগান দিয়েই। শুরুর দিকে ‘আইজ পাশা খেলব রে শ্যাম’, ‘বন্ধে মায়া লাগাইছে’সহ আরও কিছু গান গেয়ে শ্রোতাদের মাঝে আমার একটা অবস্থান তৈরি হয়। তখন থেকেই লোকগান করার জন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর অনুরোধ পেতে থাকি। এভাবেই লোকগানের প্রতি একটা দুর্বলতা তৈরি হয়ে গেছে।আড্ডা শুরুর আগে আপনি নাম নিয়ে বিড়ম্বনার কথা বলছিলেন।এখন পলাশ নামটি নিয়ে প্রায়ই বিড়ম্বনার শিকার হচ্ছি। আমি সেই ২০ বছর যাব ৎ অডিও অ্যালবাম, রেডিও, টিভি, চলচ্চিত্র এবং মঞ্চে পলাশ নামেই গান করছি। এখন কিন্তু পলাশ নামের ছড়াছড়ি। তাদের মধ্যে ভালো-মন্দ দুটোই আছে। শ্রোতারাও বিভ্রান্ত হন। এর অনেক দায়ভার আমাকে নিতে হয়। আমি কিন্তু ওই পলাশদের চিনি না। তাহলে আমি কেন তাদের ভালো-মন্দের ফলাফল আর দায়ভার নিতে যাব?