প্রায়োগিক গবেষণায় জোর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে গবেষণা করতে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি গবেষকদের মৌলিক গবেষণার পাশাপাশি প্রায়োগিক গবেষণার ওপর জোর দেওয়ার কথাও বলেন।বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (বিসিএসআইআর) প্রতিষ্ঠিত ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী আজ রোববার এ কথা বলেন। বিসিএসআইআর তাদের ধানমন্ডি ক্যাম্পাসে আন্তর্জাতিক মানের একমাত্র কেমিক্যাল মেজারমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে।প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু গবেষণার জন্য গবেষণা করলে চলবে না। গবেষণাকে অর্থবহ করতে হবে।’ প্রধানমন্ত্রী লাগসই গবেষণা এবং এর প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিজ্ঞান ও উন্নত প্রযুক্তির এ যুগে যেসব দেশ বৈজ্ঞানিক গবেষণায় এগিয়ে যাচ্ছে, তারাই অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি করছে। তিনি বলেন, ‘আমাদের প্রয়োজন লাগসই গবেষণা। যাতে উদ্ভাবন সহজলভ্য হয়, যাতে সাধারণ মানুষ তা গ্রহণ করতে পারে।’প্রধানমন্ত্রী বলেন, কৃষি ও শিল্প উত্পাদন বৃদ্ধির জন্য প্রয়োজন সঠিক ও লাগসই গবেষণা, যাতে সর্বোচ্চ উত্পাদনশীলতা নিশ্চিত হয়, সেবার মান ও ক্ষেত্র বৃদ্ধি পায় এবং দেশীয় সম্পদ ও সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা যায়। প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তির ব্যবহার করে শিল্প ও সেবা খাতের সর্বোচ্চ উত্পাদনশীলতা নিশ্চিত করার কথা উল্লেখ করে এ বিষয়ে আরও আগ্রহী হতে দেশের বিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের জনসংখ্যা বাড়ছে। অর্থনীতি বিকশিত হচ্ছে। ফলে কৃষিজমি কমছে। গোচারণ ভূমি ও জলাভূমি কমছে। অথচ কম জমিতে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি উত্পাদনের ব্যবস্থা করতে হবে। আবাসের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে।’ তাই তিনি এসব লক্ষ্যকে সামনে রেখে গবেষণার বিষয় বস্তু নির্ধারণ করতে গবেষকদের প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতি বিরূপ আচরণ করছে। ঝুঁকি বাড়ছে। নতুন নতুন জমি সমুদ্রের লোনা পানিতে তলিয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। তিনি বলেন, এসব প্রতিকূল পরিস্থিতির সঙ্গে কৃষকসহ সবাইকে অভ্যস্ত করে তোলা এবং ঝুঁকি মোকাবিলার জন্য গবেষণার কোনো বিকল্প নেই। দেশীয় সবুজ প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা বাড়াতে বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সবুজ প্রযুক্তি প্রয়োগের ওপর জোর দিতে হবে।