প্রিন্স হ্যারির সেই ছবি প্রকাশ করল দ্য সান!
যুক্তরাষ্ট্রের টিএমজেড নামের একটি ওয়েবসাইটে ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স হ্যারির দুইটি নগ্ন ছবি প্রকাশিত হওয়ায় বিশ্বজুড়ে গণমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। আর ইন্টারনেটের বদৌলতে সেই ছবিগুলো দেখেছে বিশ্বের কোটি কোটি মানুষ। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাজ্যের গণমাধ্যম প্রিন্স হ্যারি সম্পর্কিত কোনো খবর প্রকাশ করেনি। তবে দেশটির বেশ কয়েকটি পত্রিকা সেই ছবিগুলো প্রকাশের বিষয়ে চিন্তাভাবনা করছে—এমন খবর আঁচ করতে পেরে সেন্ট জেমসেস প্যালেস প্রেস কমিশন জোরালো পদক্ষেপ নেয়। সেই ছবিগুলো প্রকাশ করলে প্রিন্স হ্যারির ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ করা হবে বলে গতকাল যুক্তরাজ্যের সব সংবাদপত্রের সম্পাদকদের বরাবরে চিঠি দেয় প্রাসাদ কর্তৃপক্ষ। চিঠিতে এই বিষয়ে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে বলা হয়। একদিকে যুক্তরাজ্যের গণমাধ্যমে প্রিন্স হ্যারির খবরটি প্রকাশে বিরত থাকার অনুরোধ, অন্যদিকে বিশ্বজুড়ে গণমাধ্যমে ছবিগুলোর ব্যাপক প্রকাশ দেশটির গণমাধ্যমকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। প্রাসাদ কর্তৃপক্ষের বাধা সত্ত্বেও নিউজ অব দ্য ওয়ার্ল্ড নিয়ন্ত্রণাধীন পত্রিকা দ্য সান আজ শুক্রবার প্রিন্স হ্যারির দুটি নগ্ন ছবি প্রকাশ করে।দ্য সান কর্তৃপক্ষ ছবিগুলোর প্রকাশকে ‘সংবাদপত্রের স্বাধীনতার প্রকাশ’ হিসেবেই দেখছে। এ সম্পর্কে দেওয়া প্রতিক্রিয়ায় দ্য সানের ব্যবস্থাপনা সম্পাদক ডেভিড ডিন্সমোর বলেন, ‘ব্যাপক চিন্তাভাবনা করেই আমরা ছবিগুলো প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। দ্য সান রাজপরিবারের ঘনিষ্ঠ সহচর। আমরাও প্রিন্স হ্যারির ভক্ত, তিনি দেশের জন্য সেনাবাহিনীতে কাজ করে সুনাম বয়ে এনেছেন।’ ডিন্সমোর আরও বলেন, ‘আমরা প্রিন্স হ্যারির প্রতিপক্ষ নই, আর তাঁকে খাটো করার কোনো চেষ্টাও আমাদের নেই। বিষয়টিকে আমরা গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা হিসেবেই অ্যাখায়িত করতে চাই। আমাদের জন্য বিব্রতকর বিষয় হচ্ছে, বিশ্বের কোটি কোটি মানুষ খবরটি পড়তে পারছে, আর যুক্তরাজ্যের ৮০ লাখ পাঠকের পত্রিকা দৈনিক সানের পাঠক কোন অজুহাতে বঞ্চিত হবে।’উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের টিএমজেড ওয়েবসাইটে হ্যারির দুটি নগ্ন ছবি প্রকাশ করা হয়। ছবিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হোটেলকক্ষে প্রিন্স হ্যারিকে এক তরুণীর সঙ্গে নগ্ন অবস্থায় দেখা যায়। ধারণা করা হচ্ছে, বন্ধুদের সঙ্গে অবকাশযাপনকালে গত শুক্রবার মুঠোফোনের ক্যামেরা দিয়ে ওই ছবি তোলা হয়েছে।যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম প্রিন্স হ্যারির ওই নগ্ন ছবি প্রকাশ করেছে। তবে এখনো পর্যন্ত দ্য সান ছাড়া যুক্তরাজ্যের কোনো গণমাধ্যমে ছবিগুলো প্রকাশ করা হয়নি। বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.thesun.co.uk/sol/homepage/news/sun_says/4502239/Prince-Harry-Vegas-Pictures-The-Sun-publishes-photos-of-naked-Prince.html